অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো ওজন কমানোর বড়ি ব্যবহারের অনুমোদন

  • 4:49 pm - November 04, 2026
  • পঠিত হয়েছে:৪৩ বার
মুখে খাওয়ার বড়ি হিসেবে ওয়েগোভির বিক্রি জিএলপি-১ শ্রেণির ওষুধের বাজারে পরিবর্তন এনেছে। ছবি: গেটি ইমেজেস

স্থূলতায় ভোগা মানুষের জন্য সুখবর দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটিতে প্রথমবারের মতো ওজন কমানোর ওষুধ ওয়েগোভির (Wegovy) বড়ি সংস্করণ ব্যবহারের অনুমোদন দিয়েছে থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন (টিজিএ)। এর ফলে এখন থেকে সাপ্তাহিক ইনজেকশনের পরিবর্তে প্রতিদিন বড়ি খেয়েও ওজন কমানোর চিকিৎসা নিতে পারবেন রোগীরা।

এতদিন অস্ট্রেলিয়ায় চিকিৎসকের পরামর্শে ওয়েগোভি ব্যবহারকারীদের প্রতি সপ্তাহে ইনজেকশন নিতে হতো। তবে ডেনমার্কের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভো নরডিস্কের তৈরি এই ওষুধের ট্যাবলেট সংস্করণ মঙ্গলবার অনুমোদন দিয়েছে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা টিজিএ।

এই অনুমোদনের ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে একই কাতারে যুক্ত হলো অস্ট্রেলিয়া। এসব অঞ্চলে অনুমোদনের পর মুখে খাওয়ার ওজন কমানোর ওষুধের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

নোভো নরডিস্ক জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ অস্ট্রেলিয়ার বাজারে ওষুধটি ছাড়ার পরিকল্পনা রয়েছে তাদের।

প্রতিষ্ঠানটির এক মুখপাত্র অস্ট্রেলিয়ান ফিন্যান্সিয়াল রিভিউকে বলেন, ‘যোগ্য অস্ট্রেলীয়দের জন্য নতুন এই চিকিৎসাসুবিধা চালু করতে নোভো কাজ করছে। চলতি বছরের শেষ দিকে এটি বাজারে পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাজারে আসার নির্দিষ্ট সময় নিশ্চিত হলে তা জানানো হবে।’

তবে ফার্মেসিতে ওষুধটি বিক্রি শুরুর আগে উৎপাদন ও প্যাকেজিং প্রক্রিয়ার চূড়ান্ত পর্যালোচনা করবে টিজিএ। অস্ট্রেলিয়ার নির্ধারিত গুণগত মান পূরণ হচ্ছে কি না, তা নিশ্চিত হওয়ার পরই বাজারজাতের চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন হবে।

শিল্পসংশ্লিষ্টদের পূর্বাভাস অনুযায়ী, ইনজেকশনের পরিবর্তে বড়ি আকারে ওষুধটি বাজারে আসায় অস্ট্রেলিয়ায় এ ধরনের ওষুধ ব্যবহারকারীর সংখ্যা সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান নস্ট্রাডাটার সাম্প্রতিক তথ্যে দেখা গেছে, গত ১২ মাসে অস্ট্রেলিয়ায় প্রায় ১৬ লাখ মানুষ ব্যক্তিগতভাবে জিএলপি-১ শ্রেণির ওষুধ কিনেছেন। আগের ধারণার তুলনায় এ সংখ্যা প্রায় দ্বিগুণ। এর আগে প্রতি মাসে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৫ লাখ থেকে ৮ লাখের মধ্যে বলে ধারণা করা হয়েছিল।

টিজিএ চারটি মাত্রায় ওয়েগোভি ট্যাবলেট ব্যবহারের অনুমোদন দিয়েছে। এগুলো হলো ১ দশমিক ৫ মিলিগ্রাম, ৪ মিলিগ্রাম, ৯ মিলিগ্রাম ও ২৫ মিলিগ্রাম।

তবে এই ওষুধ ব্যবহারের অনুমোদন সবার জন্য নয়। চিকিৎসাগতভাবে স্থূলতায় আক্রান্ত প্রাপ্তবয়স্ক এবং হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে চিকিৎসার প্রয়োজন রয়েছে, এমন ব্যক্তিরাই এটি ব্যবহারের যোগ্য হবেন। বড়ি আকারের ওয়েগোভি কিনতেও চিকিৎসকের ব্যবস্থাপত্র প্রয়োজন হবে।

এখনো অস্ট্রেলিয়ার বাজারে ওষুধটির নির্ধারিত খুচরা মূল্য ঘোষণা করা হয়নি। বর্তমানে ব্যক্তিগত খরচে জিএলপি-১ শ্রেণির ইনজেকশন নেওয়া রোগীদের মাসে সর্বোচ্চ ৬০০ অস্ট্রেলীয় ডলার পর্যন্ত ব্যয় করতে হয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে নোভো নরডিস্কের এই বড়ি বাজারে আসার কয়েক মাসের মধ্যেই লাখ লাখ ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। সেখানে ইনজেকশনের তুলনায় ট্যাবলেট সংস্করণের দাম সাধারণত কম।

এদিকে ওজন কমানোর ওষুধের বাজারে প্রতিযোগিতাও বাড়ছে। নোভো নরডিস্কের প্রতিদ্বন্দ্বী মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এলি লিলি তাদের মুখে খাওয়ার ওজন কমানোর ওষুধ অরফোরগ্লিপ্রন (Orforglipron) বাজারজাতের অনুমোদন পেতে টিজিএর কাছে আবেদন করেছে। প্রতিষ্ঠানটি বহুল আলোচিত মাউঞ্জারো (Mounjaro) ওষুধও তৈরি করে।

সূত্র: নাইন.কম.এইউ

এই শাখার আরও খবর

নওগাঁয় গৃহবধূ ময়না রানীকে হত্যার পর লাশ ঝোপে লুকিয়ে রাখে দুর্বৃত্তরা

নওগাঁর মান্দা উপজেলায় নিখোঁজের একদিন পর ময়না রানী নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন মান্দা থানার ওসি আফজাল…

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ছয় দিন পর পদত্যাগ করলেন পরিবহনমন্ত্রী

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬৯ জন নিহত ও বহু মানুষ আহত হওয়ার ছয় দিন পর পদত্যাগ করেছেন দেশটির পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে। মঙ্গলবার (৩ নভেম্বর)…

‘সবাইকে রাজপথে নামার আহ্বান’— এনসিপি আসলে কী চাইছে?

ভাস্কর দত্ত :  শ্রমিকদের চলমান আন্দোলনকে যৌক্তিক আখ্যা দিয়ে জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।…

রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের বিরুদ্ধে ১৯ নভেম্বর রায় দেবে আইসিজে

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামী ১৯ নভেম্বর ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। মঙ্গলবার (৩ নভেম্বর) আদালত এক বিজ্ঞপ্তিতে এ…

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে প্রাণ গেল মায়ের

নীলফামারীর ডিমলায় জমি ও ফসল কাটা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। ছোট ছেলেকে মারধরের হাত থেকে রক্ষা…

ইরানে আপাতত হামলার পরিকল্পনা নেই, তবে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প

ইরানে আপাতত নতুন করে হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরিস্থিতির প্রয়োজনে সামরিক পদক্ষেপ নিতে মার্কিন বাহিনী পুরোপুরি প্রস্তুত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au