মান্দা থানা। ছবি : সংগৃহীত
নওগাঁর মান্দা উপজেলায় নিখোঁজের একদিন পর ময়না রানী নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন মান্দা থানার ওসি আফজাল হোসেন।
এর আগে মঙ্গলবার উপজেলা হাসপাতাল মোড়সংলগ্ন মুক্তিযোদ্ধা ক্লিনিক চত্বরের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহত ময়না রানী দাস (৪৫) নিয়ামতপুর উপজেলার তিলহারী গ্রামের অনিল চন্দ্র দাসের স্ত্রী।
পুলিশ ও স্বজনরা জানান, ময়না রানী দুই বছর ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সোমবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পরদিন সকালে মান্দা হাসপাতাল এলাকায় লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা ময়নাকে শনাক্ত করেন। পরিবারের সদস্যদের দাবি, তাকে হত্যা করে লাশ ঝোপের মধ্যে লুকিয়ে রেখেছে দুর্বৃত্তরা।
খবর পেয়ে রাজশাহী থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
ওসি আফজাল হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।