বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত
ওটিএন বাংলা রিপোর্ট :
বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে ধারাবাহিক রদবদল ঘিরে নতুন করে আলোচনায় এসেছে সামরিক নেতৃত্বের ক্ষমতার সমীকরণ। পদাতিক ডিভিশনের নেতৃত্ব থেকে শুরু করে সেনাসদর, প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সামরিক ফরমেশনে পরিবর্তন আনা হচ্ছে। এসব পরিবর্তনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নিয়ন্ত্রণ ও প্রভাবের ক্ষেত্র সংকুচিত হচ্ছে কি না, তা নিয়ে গুঞ্জন উঠেছে।
রোববার (১৫ নভেম্বর) সরকারের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, সেনাবাহিনীর সাত মেজর জেনারেলকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তিন ব্রিগেডিয়ার জেনারেলকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে। পদায়নের এই পরিবর্তনে কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ফরমেশনের নেতৃত্ব নতুন কর্মকর্তাদের হাতে যাচ্ছে।
এর আগে ৮ সেপ্টেম্বর জারি করা একাধিক সীমিত-প্রচলন বা রেস্ট্রিক্টেড বদলি ও পদায়নের আদেশও আলোচনায় আসে। ওই আদেশে ঢাকাভিত্তিক কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ফরমেশনের কমান্ড কাঠামোয় পরিবর্তন আনা হয়েছিল। দুই দফার পরিবর্তন পাশাপাশি বিবেচনায় নিয়ে সামরিক নেতৃত্বের অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
কমান্ড কাঠামোয় একের পর এক পরিবর্তন
১৫ নভেম্বরের প্রজ্ঞাপনে ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ডিজিএফআইয়ে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল বাতেন ইমানি। পদোন্নতির পর তাঁকে ১১ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়।
একইভাবে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি পদে দায়িত্ব পেয়েছেন ডিজিএফআইয়ের ব্রিগেডিয়ার জেনারেল মোজাম্মেল হোসেন। তাঁকেও মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। অন্যদিকে ৭ ও ৫৫ পদাতিক ডিভিশনের নেতৃত্বেও পরিবর্তন এসেছে। এসব পদাতিক ডিভিশন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অপারেশনাল কাঠামোর অংশ।
এ ছাড়া মেজর জেনারেল সাজেদুর রহমানকে ৭ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসানকে ৫৫ পদাতিক ডিভিশনে পাঠানো হয়েছে। দুই মেজর জেনারেলকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য তাঁদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
সেপ্টেম্বরের আদেশ ঘিরে প্রশ্ন
৮ সেপ্টেম্বরের আদেশে ৪৬তম স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার পরিবর্তন করা হয়। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবিরকে সেনাসদরের মিলিটারি ট্রেনিং ডিরেক্টরেট থেকে সরিয়ে ওই ব্রিগেডের দায়িত্ব দেওয়া হয়। রাজধানীকেন্দ্রিক এই ব্রিগেড সরাসরি সেনাসদরের অধীন।
একই আদেশে মিরপুরের ৬ষ্ঠ স্বতন্ত্র এয়ার ডিফেন্স ব্রিগেডের নেতৃত্বেও পরিবর্তন আসে। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রফিকুল হাসানকে প্রশিক্ষণ প্রতিষ্ঠানে এবং ব্রিগেডিয়ার জি এইচ এম সেলিম হাসানকে এয়ার ডিফেন্স ব্রিগেডের কমান্ডে পাঠানো হয়।
নর্থইস্ট নিউজের ৭ অক্টোবরের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়, এসব পদায়নের পরিকল্পনায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সমর্থনও ছিল বলে কয়েকটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সেনাপ্রধানের কর্তৃত্ব নিয়ে আলোচনা
প্রতিবেদনটিতে আরও বলা হয়, ৮ সেপ্টেম্বরের আদেশগুলো সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে জারি হয়েছিল। সেখানে সশস্ত্র বাহিনী বিভাগের চারটি চিঠিকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়। অর্থাৎ, আনুষ্ঠানিক আদেশে সেনাপ্রধানের নাম থাকলেও প্রশাসনিক প্রক্রিয়ায় অন্য প্রতিষ্ঠানের সম্পৃক্ততার বিষয়টি সামনে এসেছে।
আরেকটি প্রতিবেদনে দাবি করা হয়, ৪৬তম স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার নিয়োগ নিয়ে সেনাপ্রধানের আপত্তির পর ২০ সেপ্টেম্বর সংশ্লিষ্ট আদেশ সংশোধন করা হয়েছিল। বিষয়টি সত্য হলে তা সামরিক নেতৃত্বের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় মতপার্থক্যের ইঙ্গিত দিতে পারে।
সাম্প্রতিক পরিবর্তনগুলোতে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নতুন কর্মকর্তারা দায়িত্ব পেয়েছেন। ফলে সেনাবাহিনীর বিভিন্ন স্তরে নতুন কমান্ড সম্পর্ক তৈরি হচ্ছে। তবে এসব পরিবর্তনের মাধ্যমে সেনাপ্রধানের ক্ষমতা কমানো হচ্ছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো আনুষ্ঠানিক তথ্য এখনো সামনে আসেনি। এর উত্তর নির্ভর করছে আগামী দিনের পদায়ন, সিদ্ধান্ত গ্রহণ এবং সেনাপ্রধানের কার্যকর কর্তৃত্বের ওপর।