পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও সাবেক রাষ্ট্রদূত পিটার হাস। ছবিঃ সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এবং বর্তমানে মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁদের মধ্যে এ সাক্ষাৎ হয়।
পরে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তাঁদের আলোচনা ছিল অনানুষ্ঠানিক। বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে মূলত কথাবার্তা হয়েছে।
হুমায়ুন কবির বলেন, ‘উনি বেসরকারি কর্মকর্তা হিসেবে চাকরি করেন। তো এখানে আসছিলেন। মানে, ইনফরমাল মিটিং, আমাদের ইনফরমাল ডিসকাশন, কথাবার্তা। মানে, বাংলাদেশের প্রাইভেট সেক্টর নিয়ে আলাপ হয়েছে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, পিটার হাস বাংলাদেশের পুরোনো বন্ধু। তিনি এখন আর কূটনৈতিক দায়িত্বে নেই, একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন। সেই পরিচয়েই তিনি বাংলাদেশে এসেছেন এবং তাঁদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে।
বৈঠকে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং দণ্ডিত আসামিদের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না, সাংবাদিকেরা জানতে চাইলে হুমায়ুন কবির এসব প্রশ্নের সরাসরি উত্তর দেননি। তিনি বলেন, পিটার হাস বেশ কিছুদিন আগেই রাষ্ট্রদূতের দায়িত্ব ছেড়েছেন। এরপর তিনি বাংলাদেশে এসেছেন এবং তাঁদের মধ্যে অনানুষ্ঠানিক বৈঠক ও আলোচনা হয়েছে।
এদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রতিবেশী কোনো দেশের অনুরোধ বা শর্ত বাংলাদেশ কতটা বিবেচনায় নেবে, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের বিষয়ে বাংলাদেশের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে। এ অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
এ সময় শেখ হাসিনাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তিনি বলেন, গণমাধ্যমে এ বিষয়ে যেসব খবর প্রকাশিত হচ্ছে, সেগুলো যা-ই হোক না কেন, সন্ত্রাসীদের বিষয়ে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে।
এর আগে গত ১৩ নভেম্বর বাংলাদেশে আসেন পিটার হাস। ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তাঁর রাষ্ট্রদূত থাকাকালে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তাঁর বিভিন্ন কূটনৈতিক তৎপরতা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপিসহ বিরোধী দলগুলোর বর্জনের মধ্যে অনুষ্ঠিত হয়। নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে বিভিন্ন সময়ে বক্তব্য দেওয়া হয়েছিল। এ সময় পিটার হাসের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি এবং নির্বাচনকেন্দ্রিক তৎপরতা নিয়ে আলোচনা-সমালোচনা হয়।
কূটনৈতিক দায়িত্ব ছাড়ার পর পিটার হাস বেসরকারি খাতে যুক্ত হন। ২০২৫ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে কাজ করছেন। প্রতিষ্ঠানটির বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম রয়েছে।
বাংলাদেশের জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ ও অংশগ্রহণের ক্ষেত্রেও এক্সিলারেট এনার্জির স্বার্থ রয়েছে। বিশেষ করে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানিগুলোকে সম্পৃক্ত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে প্রতিষ্ঠানটিকেও সম্ভাব্য প্রতিযোগী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ফলে পিটার হাসের এবারের বাংলাদেশ সফর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ কূটনৈতিক ও ব্যবসায়িক উভয় দিক থেকেই আলোচনার বিষয় হয়ে উঠেছে। যদিও প্রতিমন্ত্রী বৈঠকটিকে অনানুষ্ঠানিক ও বেসরকারি খাতকেন্দ্রিক আলোচনা হিসেবে বর্ণনা করেছেন, তবে বৈঠকে আলোচিত বিষয়গুলোর বিস্তারিত প্রকাশ করেননি।