তিন দিনের সরকারি সফরে ভারতে পৌঁছেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। ছবি: সংগৃহীত
তিন দিনের সরকারি সফরে ভারতে পৌঁছেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। সফরের অংশ হিসেবে বুধবার (১৮ নভেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁদের বৈঠক হওয়ার কথা রয়েছে। শেষ মুহূর্তে রাজকীয় সফরের কর্মসূচিতে এই বৈঠক যুক্ত করা হয়েছে।
এর আগে ২০১৬ সালে ভারত সফরের সময় মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন উইলিয়াম ও কেট। প্রায় এক দশক পর আবারও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের বৈঠক হতে যাচ্ছে।
চার বছর পর এই প্রথম একসঙ্গে বিদেশ সফরে গেলেন এই রাজদম্পতি। ক্যানসারের চিকিৎসার কারণে দীর্ঘদিন কেটের বিদেশ সফর সীমিত ছিল। তবে এবারের সফরে স্বামীর সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি।
এই সফরের অন্যতম প্রধান আকর্ষণ প্রিন্স উইলিয়ামের প্রতিষ্ঠিত পরিবেশবিষয়ক উদ্যোগ ‘আর্থশট প্রাইজ’। জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পরিবেশগত সংকট সমাধানে উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করতে এই পুরস্কার দেওয়া হয়। এবারের আয়োজনে নির্বাচিত পাঁচটি প্রকল্পকে প্রতিটিতে ১০ লাখ পাউন্ড করে পুরস্কার দেওয়া হবে।
সফরের প্রথম দিনেই ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গে দেখা করেন উইলিয়াম ও কেট। পরে মুম্বাইয়ের ব্যালার্ড এস্টেট এলাকায় শচীন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে গলি ক্রিকেটেও অংশ নেন তাঁরা।
এ সময় প্রিন্স উইলিয়াম বলেন, গত ছয় বছরে আর্থশট প্রাইজে ভারতের অবদান উল্লেখযোগ্য। অন্য যেকোনো দেশের তুলনায় ভারত থেকে সবচেয়ে বেশি প্রকল্প চূড়ান্ত মনোনয়ন তালিকায় জায়গা করে নিয়েছে এবং পুরস্কার জিতেছে।
সফরকালে এই দম্পতি পরিবেশ সংরক্ষণ, তরুণ পরিবার এবং বলিউড চলচ্চিত্রশিল্প-সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। এবারের আর্থশট প্রাইজের সংক্ষিপ্ত তালিকায় থাকা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বৈদ্যুতিক রিকশার ব্যবহার সম্প্রসারণ এবং দ্রুত দাবানল শনাক্তের প্রযুক্তি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বলিউডের চলচ্চিত্র নির্মাতা করণ জোহর। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে ব্রিটিশ ব্যান্ড ‘টেক দ্যাট’। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অভিনেতা রামি মালেক ও অস্ট্রেলীয় পরিবেশবিদ রবার্ট আরউইনের।
রবার্ট আরউইন বলেন, মুম্বাইয়ে পরিবেশ সংরক্ষণের বিপুল সম্ভাবনা রয়েছে। শহরটির তরুণদের মধ্যে পরিবেশ রক্ষায় কাজ করার যে আগ্রহ রয়েছে, আর্থশট প্রাইজ সেই আগ্রহকে কাজে লাগানোর সুযোগ তৈরি করছে।
পরিবেশ সংরক্ষণে উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করার পাশাপাশি এই সফরের মধ্য দিয়ে ভারত ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদার করার সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
সূত্র: রয়টার্স