ফ্লেমিংটন রেসকোর্সের ভেতরে একটি প্রদর্শনী থেকে কাচের শোকেস ভেঙে ট্রফিগুলো চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার কিংবদন্তি ঘোড়া মাকাইবি ডিভার জেতা মেলবোর্ন কাপের তিনটি মূল্যবান ট্রফি চুরি হয়েছে। দেশটির মেলবোর্নের ফ্লেমিংটন রেসকোর্স থেকে চুরি হওয়া ট্রফিগুলোর সম্মিলিত মূল্য প্রায় ৩০ লাখ ৬ হাজার ডলার। চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে ভিক্টোরিয়া পুলিশ।
মেলবোর্ন কাপের ইতিহাসে একমাত্র ঘোড়া হিসেবে টানা তিনবার শিরোপা জয়ের রেকর্ড রয়েছে মাকাইবি ডিভার। ২০০৩, ২০০৪ ও ২০০৫ সালে টানা তিন বছর এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল ঘোড়াটি। প্রতিটি ট্রফি সম্পূর্ণ স্বর্ণ দিয়ে তৈরি এবং এর আনুমানিক মূল্য ১০ লাখ ২০ হাজার ডলার।
সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে চুরির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, উচ্চ দৃশ্যমানতাসম্পন্ন (হাই-ভিজিবিলিটি) পোশাক পরা কয়েকজন ব্যক্তি ফ্লেমিংটন রেসকোর্সের হিল স্ট্যান্ডে প্রবেশ করেন। সেখানে কাচের বাক্স ভেঙে প্রদর্শনীতে রাখা তিনটি ট্রফি নিয়ে পালিয়ে যান তাঁরা।
ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, চুরির ঘটনা তদন্ত করা হচ্ছে। পুলিশের এক মুখপাত্র বলেন, কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মাকাইবি ডিভার সাবেক মালিক টনি স্যান্টিকও চুরির খবর নিশ্চিত করেছেন। বসন্তকালীন ঘোড়দৌড় উৎসব উপলক্ষে আয়োজিত একটি প্রদর্শনীর অংশ হিসেবে ট্রফিগুলো ভিক্টোরিয়ান রেসিং ক্লাবের (ভিআরসি) কাছে প্রদর্শনের জন্য রাখা হয়েছিল।
ট্রফিগুলো অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার আশা প্রকাশ করে স্যান্টিক বলেন, ‘আশা করি, আমরা এগুলো অক্ষত অবস্থায় ফিরে পাব।’
ঘোড়াটির স্টাড ম্যানেজার জো মারে জানান, প্রথমে চুরির খবর শুনে তিনি ঘটনাটিকে কৌতুক মনে করেছিলেন। পরে বিষয়টি নিশ্চিত হওয়ার পর বুঝতে পারেন, স্যান্টিক ভীষণভাবে ভেঙে পড়েছেন।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘এ কারেন্ট অ্যাফেয়ার’-কে মারে বলেন, ‘টনি ট্রফিগুলো প্রদর্শনের জন্য রেখেছিলেন, যাতে সেগুলো তাঁর অর্জনের স্মারক হিসেবে মানুষের সামনে থাকে। আমরা মনে করি, অস্ট্রেলিয়ার মানুষ তাদের জাতীয় গৌরবের প্রতীকগুলোকে মূল্য দেয়। এই ট্রফিগুলোও সেই ঐতিহ্যের অংশ ছিল। সেগুলো হারিয়ে যাওয়া সত্যিই বেদনাদায়ক।’
তিনি আরও বলেন, ‘এগুলো অস্ট্রেলিয়ার জাতীয় সম্পদের মতো। সবাই শুধু চায় ট্রফিগুলো ফিরে আসুক। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক। বিষয়টি অর্থের নয়। টনি ঘোড়াটিকে খুব ভালোবাসতেন। তিনি শুধু ট্রফিগুলো ফিরে পেতে চান।’
এদিকে এক বিবৃতিতে ভিক্টোরিয়ান রেসিং ক্লাব জানিয়েছে, চুরির বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং তদন্তে সহযোগিতা করছে তারা। ক্লাবটির এক মুখপাত্র বলেন, এ ঘটনায় তারা মর্মাহত এবং টনি স্যান্টিকের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন।

২০০৫ সালে টানা তৃতীয়বার মেলবোর্ন কাপ জয়ের পর মাকাইবি ডিভা। ছবি: সেবাস্তিয়ান কস্তানজো।
প্রতিবেদন অনুযায়ী, মেলবোর্ন কাপের আয়োজন শেষে সরঞ্জাম গুটিয়ে নেওয়ার সময় চোরেরা নির্মাণশ্রমিকদের মতো পোশাক পরে নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে যায়। ফ্লুরোসেন্ট পোশাক পরায় তাদের স্বাভাবিক কর্মীদের সঙ্গে মিশে যেতে সুবিধা হয়েছিল। পরে হিল স্ট্যান্ডে প্রবেশ করে তারা ট্রফিগুলো চুরি করে।
ফ্লেমিংটন রেসকোর্সে উপস্থিত এক নির্মাণশ্রমিক নাম প্রকাশ না করার শর্তে নাইন নিউজকে বলেন, ‘হাই-ভিজিবিলিটি পোশাক পরে হাতে একটি মই থাকলেই তারা প্রায় যেকোনো জায়গায় ঢুকে যেতে পারত। তাদের আর তেমন কিছুই প্রয়োজন হয়নি।’
চুরি হওয়া ট্রফিগুলো গলিয়ে স্বর্ণ বিক্রি করে দেওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। তবে কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানায়নি।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে ২৬ বছর বয়সে মারা যায় মাকাইবি ডিভা। জীবিত থাকাকালে তার মালিকেরা নিয়মিত তাকে ফ্লেমিংটন রেসকোর্সে নিয়ে যেতেন, যাতে ভক্তরা সরাসরি কিংবদন্তি ঘোড়াটিকে দেখতে পারেন। এমনকি ঘোড়াটির সম্মানে ‘মাকাইবি ডিভা স্টেকস ডে’ নামেও বিশেষ আয়োজন করা হতো।
চুরির ঘটনা সম্পর্কে কোনো তথ্য, প্রত্যক্ষদর্শীর বিবরণ কিংবা ড্যাশক্যাম ও সিসিটিভি ফুটেজ থাকলে ভিক্টোরিয়া পুলিশের ক্রাইম স্টপার্সে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
সূত্র: নাইন.কম.এইউ