কোলস সাইবার নিরাপত্তা-সংক্রান্ত একটি ঘটনা তদন্ত করছে। ছবি: সংগৃহীত
সাইবার নিরাপত্তা-সংক্রান্ত একটি ঘটনার তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ার অন্যতম বৃহৎ সুপারমার্কেট চেইন কোলস। তবে এ ঘটনায় গ্রাহকদের ব্যক্তিগত তথ্য, কর্মীদের তথ্য কিংবা সরবরাহকারীদের কোনো তথ্য বেহাত হওয়ার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে গ্রাহকদের স্বাভাবিকভাবে অনলাইন ও সরাসরি দোকানে কেনাকাটা চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছে তারা।
সোমবার (১৬ নভেম্বর) অস্ট্রেলিয়ান স্টক এক্সচেঞ্জে (এএসএক্স) দেওয়া এক বিবৃতিতে কোলস জানায়, তাদের তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় সাইবার নিরাপত্তা-সংক্রান্ত একটি ঘটনা শনাক্ত হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত গ্রাহক, কর্মী ও সরবরাহকারীদের তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রাহকেরা আগের মতোই কোলসের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, ফ্লাইবাইস লয়্যালটি প্রোগ্রাম এবং গিফট কার্ড ব্যবহার করতে পারবেন। তবে অল্পসংখ্যক গ্রাহক লিকারল্যান্ডের ‘ক্লিক অ্যান্ড কালেক্ট’ সেবায় সমস্যার সম্মুখীন হচ্ছেন।
কোলসের বিবৃতিতে বলা হয়, ‘আমাদের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। গ্রাহকেরা কোলসের দোকানে সরাসরি এবং অনলাইনে আগের মতোই কেনাকাটা করতে পারছেন।’
বিবৃতিতে আরও বলা হয়, অস্ট্রেলিয়া ও বিশ্বের বিভিন্ন দেশে সাইবার হামলার ঘটনা বাড়তে থাকায় এ ধরনের পরিস্থিতিতে গ্রাহক ও সংশ্লিষ্ট অংশীজনদের উদ্বেগ তৈরি হতে পারে। এ জন্য তাদের কাছে দুঃখ প্রকাশ করছে প্রতিষ্ঠানটি।
সাইবার নিরাপত্তা-সংক্রান্ত পরিস্থিতি মোকাবিলায় কোলস অস্ট্রেলিয়ান সাইবার সিকিউরিটি সেন্টার (এসিসিএস) এবং আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছে। প্রতিষ্ঠানটির তথ্যপ্রযুক্তি ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই এ উদ্যোগের লক্ষ্য।
এদিকে গ্রাহকদের অনলাইনে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কোলস। বিশেষ করে অপরিচিত ই-মেইল, খুদে বার্তা (এসএমএস) এবং সন্দেহজনক লিংকের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
কোলস জানিয়েছে, প্রতিষ্ঠানটি কখনোই অনাকাঙ্ক্ষিত ই-মেইল বা এসএমএসের মাধ্যমে গ্রাহকদের পাসওয়ার্ড কিংবা অ্যাকাউন্টের গোপনীয় তথ্য জানতে চাইবে না।
বিবৃতিতে গ্রাহকদের উদ্দেশে বলা হয়, ‘অপ্রত্যাশিত কোনো লিংকে ক্লিক করা কিংবা কোনো বার্তার সত্যতা নিয়ে সন্দেহ থাকলে ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকুন।’
কোনো ই-মেইল বা বার্তা সত্যিই কোলসের পক্ষ থেকে পাঠানো হয়েছে কি না, তা নিয়ে সন্দেহ হলে গ্রাহকদের প্রতিষ্ঠানের কাস্টমার সার্ভিস টিমের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
সাইবার নিরাপত্তা-সংক্রান্ত তদন্ত চললেও আপাতত প্রতিষ্ঠানটির কেনাকাটা ও অন্যান্য প্রধান সেবা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কোলস।
সূত্র: নাইন.কম.এইউ