বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাঁচ কর্মকর্তাকে মারধর, শিক্ষককে হেনস্তা ছাত্রদল-ছাত্রশক্তির

  • 11:52 pm - November 16, 2026
  • পঠিত হয়েছে:৯৩ বার
মারধর করে কর্মকর্তাদের নিয়ে যাওয়া হচ্ছে। ১৬ নভেম্বর। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ততার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে অভিযান চালান দুই সংগঠনের নেতা-কর্মীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর করেছেন ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা। একই অভিযোগে বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিমকে হেনস্তা করা হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে গিয়ে এসব ঘটনা ঘটান তাঁরা।

মারধরের শিকার পাঁচ কর্মকর্তাকে পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তাঁদের পুলিশের কাছে সোপর্দ করার দাবি জানান ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা। আজ বিকেল সাড়ে পাঁচটায় এ প্রতিবেদন লেখার সময় ওই পাঁচ কর্মকর্তা প্রক্টরের কার্যালয়ে অবস্থান করছিলেন। তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নিতে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈঠক চলছিল।

মারধরের শিকার কর্মকর্তারা হলেন পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি। আর হেনস্তার শিকার শিক্ষক বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিম।

ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীদের দাবি, দেশব্যাপী অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জড়িত। তাঁদের অভিযোগ, এসব কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে। এ ধরনের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের একটি তালিকাও তৈরি করেছেন তাঁরা। সেই তালিকা ধরে সংশ্লিষ্ট ব্যক্তিদের খুঁজে বের করা হচ্ছে বলে জানান সংগঠন দুটির নেতা-কর্মীরা।

বিভিন্ন দপ্তর ও বিভাগে যাওয়ার সময় তাঁদের স্লোগান দিতে দেখা যায়। স্লোগানগুলোর মধ্যে ছিল, ‘মুজিববাদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘লীগ ধর, জেলে ভর’ এবং ‘ছাত্রলীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’।

যেভাবে পাঁচ কর্মকর্তাকে মারধর

সরেজমিনে দেখা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের সামনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেনকে মারধর করছিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে তাঁকে নিজের কার্যালয় থেকে ধরে প্রক্টরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁর মুঠোফোনও কেড়ে নেওয়া হয়।

পাঁচ কর্মকর্তাকে প্রক্টরের কার্যালয়ে বসিয়ে রাখা হয়েছে। ১৬ নভেম্বর। ছবি: সংগৃহীত

জুনায়েদ হোসেনকে প্রক্টরের কার্যালয়ে রেখে বিজ্ঞান অনুষদের দিকে যান ছাত্রদলের নেতা-কর্মীরা। সেখানে কয়েকজন কর্মকর্তাকে খুঁজলেও তাঁদের পাননি। পরে ফিরে আসার সময় তাঁদের সঙ্গে যোগ দেন এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির নেতা-কর্মীরা। এরপর দুই সংগঠনের নেতা-কর্মীরা ক্যাম্পাসে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘ক্যাম্পাসে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদধারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট তথ্য পেয়েছি। এসব কর্মকর্তার অর্থায়নে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালানো হয়েছে।’

ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহীন মিয়া বলেন, ‘এখানে যে কর্মকর্তা বা যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এখনো অ্যাকটিভিজম চালায়, তাদের সঙ্গে কোনো ধরনের আপস নেই।’

বিক্ষোভ সমাবেশ শেষে আবার বিভিন্ন দপ্তর ও বিভাগে যান ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা। দ্বিতীয় দফায় তাঁরা প্রথমে রেজিস্ট্রার দপ্তরে যান। সেখানে উপপরিচালক সঞ্জয় কুমার পালকে মারধর করা হয়। এ সময় তাঁর পরনের শার্ট ছিঁড়ে যায়। পরে তাঁকে টেনেহিঁচড়ে প্রক্টরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এরপর ভাষাশহীদ রফিক ভবনে বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিমকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হেনস্তা করা হয়। বিভাগের একটি কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পাওয়া যায়। পরে ছবিটি বাইরে এনে আগুন দিয়ে পুড়িয়ে দেন ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা।

সেখান থেকে নেতা-কর্মীরা পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে যান। সেখানে উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডলকে মারধর করা হয়। এ সময় তাঁকে টেনেহিঁচড়ে নেওয়ার পাশাপাশি তাঁর পরনের শার্টও ছিঁড়ে ফেলা হয়। পরে তাঁকেও প্রক্টরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

বেলা আড়াইটার দিকে দ্বিতীয় দফায় ভাষাশহীদ রফিক ভবনে যান দুই সংগঠনের নেতা-কর্মীরা। সেখানে সেকশন অফিসার নুরুল হুদাকে মারধর করে প্রক্টরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। একইভাবে মারধরের পর ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনিকে প্রক্টরের কার্যালয়ে নেওয়া হয়।

প্রক্টরের বক্তব্য

ঘটনার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নাসির আহমাদ প্রথম আলোকে বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপতৎপরতার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ভূমিকায় আছি। আমরা সকলকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানাচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি বৈঠক ডাকা হয়েছে।’

এই শাখার আরও খবর

‘জীবিত ফিরতে পারব কি না জানি না’, জরুরি চিকিৎসা চাইলেন ইমরান খান

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে নিজের শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে জরুরি চিকিৎসার আবেদন করেছেন। একই সঙ্গে স্ত্রী…

মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন সোচ্চার মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার…

দুর্ঘটনায় হারিয়ে গেল আমাজনের ৪০ স্যাটেলাইট

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের প্রায় ১০ মিনিটের মাথায় যান্ত্রিক ত্রুটিতে ব্যর্থ হয়েছে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের (ইউএলএ) ভলকান রকেট। গত রোববার (১৫ নভেম্বর) ঘটে যাওয়া এ…

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই হিন্দু কর্মকর্তাকে বেধড়ক মারধর, ঝুঁকিতে অন্য সংখ্যালঘুরা

ভাস্কর দত্ত : রাজনৈতিক পরিচয়ের অভিযোগ তুলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই হিন্দু কর্মকর্তাকে মারধর করা হয়েছে। একই ঘটনায় আরো তিন কর্মকর্তাকে হেনেস্তার পাশাপাশি একটি কক্ষে থাকা…

গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা কেন?

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে সরকার। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। এদিকে প্রায় দুই…

‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে করব’

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যক্তির বাড়িতে গুলি ছোড়া এবং মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একাধিক হত্যা,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au