বাংলাদেশ

শহীদ মুক্তিযোদ্ধাদের নামফলক ও গুলির চিহ্ন চুন দিয়ে মুছে দিল দুর্বৃত্তরা

  • 11:53 pm - November 16, 2026
  • পঠিত হয়েছে:৪৪ বার
শহীদ মুক্তিযোদ্ধাদের নামফলক ও গুলির চিহ্ন চুন দিয়ে মুছে দিল দুর্বৃত্তরা। ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারীতে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধাদের নামফলক এবং মুক্তিযুদ্ধের সময়কার গুলির চিহ্ন চুন দিয়ে ঢেকে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার চাঁনমারী সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থিত এসব স্মৃতিচিহ্ন মুছে ফেলার ঘটনায় স্থানীয় বাসিন্দা, সচেতন মহল ও বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন রোববার (১৫ নভেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামসংবলিত ফলক এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় প্রশিক্ষণ ও যুদ্ধের স্মৃতিবিজড়িত গুলির চিহ্নগুলোর ওপর সাদা চুন লাগিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ফলে নামফলকের লেখা ও ঐতিহাসিক নিদর্শনগুলো আর আগের মতো স্পষ্টভাবে দেখা যাচ্ছে না।

স্থানীয়দের কাছে স্থানটি কেবল একটি শহীদ মিনার নয়, বরং রৌমারীর মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীরত্বগাথার গুরুত্বপূর্ণ স্মারক। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এই এলাকায় মুক্তিযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণ পরিচালিত হয়েছিল। সেই সময়ের স্মৃতিবিজড়িত গুলির চিহ্নগুলো দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংরক্ষিত ছিল।

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে রৌমারীর যে ৯ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন, তাঁদের নাম ওই ফলকে সংরক্ষিত রয়েছে। তাঁরা হলেন শহীদ আবু আসাদ, শহীদ আবুল হোসেন, শহীদ আব্দুল হামিদ, শহীদ আব্দুল লতিফ, শহীদ আব্দুল মজিদ, শহীদ আব্দুল বারী, শহীদ বদীউজ্জামান, শহীদ খন্দকার আব্দুল আজিজ চাঁন মিয়া এবং শহীদ কছিবর রহমান।

স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে পরিকল্পিতভাবে এসব নামফলক ও ঐতিহাসিক গুলির চিহ্ন চুন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ কাজ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে উপজেলা প্রশাসন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রৌমারী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাদের সরকার বলেন, রাতের আঁধারে যারা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামফলক মুছে দিয়েছে, তাদের ধিক্কার জানাই। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

বীর মুক্তিযোদ্ধা খন্দকার শামসুল আলম বলেন, মহান স্বাধীনতার এত বছর পরও যারা এ ধরনের ন্যক্কারজনক কাজ করেছে, তাদের প্রতি ঘৃণা জানাই। প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, দ্রুত এসব দুর্বৃত্তকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

ঘটনার নিন্দা জানিয়েছেন রৌমারী উপজেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান পলাশ। তিনি বলেন, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাম যারা মুছে দিয়েছে, তারা এ দেশের দুষ্কৃতকারী। তারা দেশের ইতিহাস মুছে দিতে চায়। এ ধরনের অপচেষ্টা শক্ত হাতে প্রতিহত করতে হবে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

কুড়িগ্রাম গণকমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এসএমএ মোমেন বলেন, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের অবদান মুছে ফেলার চেষ্টা শুধু তাঁদের অসম্মান নয়, এটি দেশের স্বাধীনতার ইতিহাস ও জাতীয় চেতনার ওপর আঘাত।

এদিকে ঘটনার বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। তবে বিষয়টি তিনি শুনেছেন এবং পুলিশ তা খতিয়ে দেখছে।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হাসান বলেন, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহলের দাবি, শুধু চুন দিয়ে ঢেকে দেওয়া নামফলক পরিষ্কার করলেই এ ঘটনার দায় শেষ হবে না। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানটির নিরাপত্তা নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত নামফলক ও গুলির চিহ্ন যথাযথভাবে পুনরুদ্ধার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় ও উদ্দেশ্য প্রকাশ করে তাঁদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

রৌমারীর মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা এই স্মৃতিচিহ্নগুলোর ওপর এমন ঘটনা স্থানীয়ভাবে নতুন করে ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের প্রশ্ন সামনে এনেছে। এখন প্রশাসনের তদন্তে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিচিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, তা বেরিয়ে আসে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।

এই শাখার আরও খবর

‘জীবিত ফিরতে পারব কি না জানি না’, জরুরি চিকিৎসা চাইলেন ইমরান খান

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে নিজের শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে জরুরি চিকিৎসার আবেদন করেছেন। একই সঙ্গে স্ত্রী…

মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন সোচ্চার মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার…

দুর্ঘটনায় হারিয়ে গেল আমাজনের ৪০ স্যাটেলাইট

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের প্রায় ১০ মিনিটের মাথায় যান্ত্রিক ত্রুটিতে ব্যর্থ হয়েছে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের (ইউএলএ) ভলকান রকেট। গত রোববার (১৫ নভেম্বর) ঘটে যাওয়া এ…

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই হিন্দু কর্মকর্তাকে বেধড়ক মারধর, ঝুঁকিতে অন্য সংখ্যালঘুরা

ভাস্কর দত্ত : রাজনৈতিক পরিচয়ের অভিযোগ তুলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই হিন্দু কর্মকর্তাকে মারধর করা হয়েছে। একই ঘটনায় আরো তিন কর্মকর্তাকে হেনেস্তার পাশাপাশি একটি কক্ষে থাকা…

গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা কেন?

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে সরকার। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। এদিকে প্রায় দুই…

‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে করব’

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যক্তির বাড়িতে গুলি ছোড়া এবং মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একাধিক হত্যা,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au