ককটেল বিস্ফোরণ। প্রতীকী ছবি
নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। একটি সাদা মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে করে এসে তারা দত্তপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটায়।
এ সময় আনুমানিক ১৫ থেকে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রবিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নাটোর শহরতলির দত্তপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন জানান, রাত সাড়ে ১০টার পর একটি সাদা মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেল বাজারের দিকে আসে। মাইক্রোবাসটি বাজারের মধ্যে থামিয়ে কয়েকজনকে নামিয়ে দেওয়া হয়। পরে গাড়িটি ব্রিজের দিকে চলে যায়।
তিনি জানান, মাইক্রোবাস থেকে নেমেই দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এলোপাতাড়িভাবে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে ব্রিজের দিকে এগিয়ে যায়।
পরে ব্রিজের ওপর রাখা মাইক্রোবাসে উঠে তারা বনপাড়া-ঢাকা মহাসড়কের দিকে পালিয়ে যায়। এ সময় আনুমানিক ১৫ থেকে ২০ রাউন্ড গুলি ছোড়া হয় বলে জানান তিনি।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তরা ১৫ থেকে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বলে জানা গেছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম (প্রশাসন ও অর্থ) জানান, ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসটি শনাক্ত করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে দত্তপাড়া বাজারে বিক্ষোভ মিছিল করেন।