ঈশ্বরদী থানার ডিএসবি শাখার ওসি মোজহারুল ইসলাম এবং সহকারী উপপরিদর্শক ফয়েজ উদ্দিন। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ১৬ ডিসেম্বর- পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষে থানার ওসিসহ দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার পাকশী ভেড়ামারা লালনশাহ সেতু সংলগ্ন টোল প্লাজা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঈশ্বরদী থানার ডিএসবি শাখার ওসি মোজহারুল ইসলাম এবং সহকারী উপপরিদর্শক ফয়েজ উদ্দিন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কুষ্টিয়ার ভেড়ামারা এলাকা থেকে ঈশ্বরদী থানার দিকে যাওয়ার পথে লালনশাহ সেতুর টোল প্লাজার কাছে তাদের বহন করা মোটরসাইকেলের সঙ্গে একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহগুলো আইনগত প্রক্রিয়ার জন্য ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান কালবেলাকে বলেন, নিহত দুই পুলিশ সদস্যের মরদেহ কুষ্টিয়া হাইওয়ে থানার পুলিশ সদস্যরা উদ্ধার করে নিয়ে গেছে। তিনি জানান, ওসি মোজহারুল ইসলাম মাত্র গতকালই ঈশ্বরদী থানায় যোগদান করেছিলেন। আইনগত প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।
কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে পুলিশের সার্জেন্ট দিপু সরকারও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত পুলিশ সদস্যদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।