বাংলাদেশ

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি জেলে আহত

  • 2:44 am - January 10, 2026
  • পঠিত হয়েছে:৯২ বার
কক্সবাজারে টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় মোহাম্মদ আলমগীর (৩০) নামে এক জেলে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হয়েছেন।

মেলবোর্ন ১০ জানুয়ারি- কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমার দিক থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি জেলে আহত হয়েছেন। আহত জেলের নাম মোহাম্মদ আলমগীর। শুক্রবার দুপুর থেকে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবাগত রাতে নাফ নদীর বাংলাদেশ জলসীমার হোয়াইক্যং অংশে। আলমগীর টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালুখালী গ্রামের বাসিন্দা এবং মৃত ছৈয়দ বলির ছেলে।

স্থানীয় ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, সীমান্ত এলাকায় মাঝেমধ্যে গোলাগুলির শব্দ শোনা যায়। বৃহস্পতিবার রাতেও কয়েক রাউন্ড গুলির পাশাপাশি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এ সময় মিয়ানমার অংশ থেকে ছোড়া একটি গুলিতে স্থানীয় এক জেলে আহত হন।

আহত জেলের বড় ভাই সরওয়ার আলম জানান, বৃহস্পতিবার মাগরিবের পর আলমগীর ও আরেক জেলে আকবর নাফ নদীর হোয়াইক্যংয়ের বিলাইচ্ছর দ্বীপসংলগ্ন এলাকায় মাছ ধরতে যান। নৌকায় অবস্থান করে জাল ফেলছিলেন তারা। হঠাৎ বিকট শব্দে কয়েক রাউন্ড গুলির আওয়াজ শোনা যায়। কিছুক্ষণ পর আলমগীর নৌকার ভেতর লুটিয়ে পড়েন। পরে দেখা যায়, তার বাম হাত দিয়ে একটি গুলি ঢুকে বেরিয়ে গেছে এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।

সঙ্গে থাকা জেলেদের সহায়তায় আলমগীরকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এমএমএস হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শুক্রবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে বিজিবি উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, জেলে গুলিবিদ্ধ হওয়ার তথ্য তারা পেয়েছেন। ঘটনার পর নাফ নদীসংলগ্ন সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু জেলে সেখানে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে জেলেদের আরও সচেতন করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ সীমান্তের ওপারে রাখাইনের মংডু টাউনশিপের উত্তর মংডু এলাকায় ২০২৪ সালের ডিসেম্বর থেকে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করে আসছে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি। ২০২৩ সালের অক্টোবর থেকে জান্তা নিয়ন্ত্রিত মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে তাদের তীব্র সংঘাত চলছে।

জাতিসংঘের এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের নভেম্বর পর্যন্ত এই সংঘাত ও সহিংসতার কারণে নতুন করে অন্তত এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

এর আগেও গত ১৩, ১৭ এবং সর্বশেষ ২৭ ডিসেম্বর রাতে মিয়ানমার অংশ থেকে বাংলাদেশ সীমান্ত এলাকায় গোলাগুলির শব্দ শোনা গিয়েছিল। সীমান্ত পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।

এই শাখার আরও খবর

তুচ্ছ ঘটনায় ঢাবি অধ্যাপককে সব ক্লাস থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নেকাব পরা…

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশ সেনাপ্রধানের

অস্ট্রেলিয়ার পার্থে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার অনুষ্ঠিত এসব বৈঠক ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল…

হরমুজে নৌ চলাচলের নিরাপদ করিডর গঠনে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজের প্রবেশ ও বের হওয়ার জন্য নিরাপদ নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। তেহরান বলছে, প্রণালিতে বাণিজ্যিক জাহাজ…

তিন ঘণ্টা ব্যবধানে জাপানের পূর্বাঞ্চলে জোড়া ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চিবা ও ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে কোনো…

​হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি ও বাস্তবতা: খণ্ডিত নিন্দা নয়, প্রয়োজন গত দুই বছরের নির্যাতনের সামগ্রিক শ্বেতপত্র

​৫ অক্টোবর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে, তা যেন এক অন্তহীন নাটকের চিরচেনা দৃশ্যপট। ২৬…

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি ট্রাম্পের, সিদ্ধান্ত নিয়ে সংশয়ও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বে কয়েকটি সংঘাত নিরসনে ভূমিকা রাখার কারণে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য তিনি। তবে ২০২৬ সালের পুরস্কার শেষ পর্যন্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au