নির্বাচিত খবর

কেন বদলে যাচ্ছে প্রাণীদের শরীরের রঙ

  • 3:52 pm - January 31, 2026
  • পঠিত হয়েছে:২২২ বার

মেলবোর্ন, ৩১ জানুয়ারি- স্পেনের দক্ষিণাঞ্চল আন্দালুসিয়ার পাহাড়ে সম্প্রতি দেখা গেছে এক বিস্ময়কর দৃশ্য। আইবেরিয়ান লিংক্স- যার গায়ের স্বাভাবিক রং বাদামি ও কমলার মিশ্রণ- হঠাৎ করেই প্রায় পুরোপুরি সাদা হয়ে গেছে। শুধু শরীরজুড়ে ছড়িয়ে থাকা কালো ছোপগুলো অটুট, যা প্রতিটি লিংক্সের জন্মগত পরিচয়চিহ্ন। স্ত্রী লিংক্সটির নাম স্যাটুরেজা। তার এই রূপান্তর শুধু সাধারণ মানুষ নয়, বিজ্ঞানীদেরও গভীর ভাবনায় ফেলেছে।

রঙ বদল নতুন নয়, তবু বিস্ময়কর
প্রাণিজগতে রঙ বদল অজানা কোনো ঘটনা নয়। চ্যামেলিয়ন পরিবেশের সঙ্গে মিলিয়ে নেয় নিজের রং, অক্টোপাস মুহূর্তেই বদলে ফেলে শরীরের আভা, আবার তুষারাচ্ছন্ন অঞ্চলের স্নোশু খরগোশ ঋতুভেদে সাদা হয়ে যায়। কিন্তু আইবেরিয়ান লিংক্সের মতো একটি বিরল ও বিপন্ন প্রজাতিতে, তাও জন্মের অনেক পরে গিয়ে রঙ হারানো- এ ঘটনা ব্যতিক্রমী।

জিনগত নয়, পরিবেশগত প্রভাব?
আন্দালুসিয়ার আইবেরিয়ান লিংক্স পুনঃপ্রবর্তন কর্মসূচির সমন্বয়কারী হাভিয়ের সালসেদোর মতে, স্যাটুরেজার ক্ষেত্রে অ্যালবিনিজম বা লিউসিজমের কোনো প্রমাণ নেই। কারণ, অ্যালবিনিজমে কালো দাগ থাকার কথা নয়, আর লিউসিজমে রঙ হারানোর ধরন ভিন্ন হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- স্যাটুরেজা জন্মেছিল স্বাভাবিক রঙ নিয়েই; বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার গায়ের রং ফিকে হতে শুরু করে।

এর আগেও আরেকটি স্ত্রী লিংক্সের ক্ষেত্রে সাময়িকভাবে একই ধরনের রঙ পরিবর্তন দেখা গিয়েছিল, যা পরে আবার স্বাভাবিক হয়ে যায়। এতে গবেষকদের ধারণা জোরালো হচ্ছে যে এটি সাময়িক ডিপিগমেন্টেশন, যার পেছনে পরিবেশগত চাপ, মানসিক স্ট্রেস বা বাহ্যিক কোনো প্রভাব কাজ করতে পারে।

দূষণের প্রভাব কি শরীরের রঙে?
স্পেনের ন্যাশনাল রিসার্চ কাউন্সিল (সিএসআইসি)-এর জ্যেষ্ঠ বিজ্ঞানী ও রঞ্জক বিশেষজ্ঞ ইসমাইল গালভান মনে করেন, পরিবেশ দূষণের সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

তার ভাষায়, “আমরা এখনো পুরোপুরি জানি না কোন বাহ্যিক উপাদান এ ধরনের পরিবর্তন ঘটায়, তবে দূষণের প্রভাব থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।”

এই আশঙ্কাকে আরো জোরালো করে কোস্টা রিকার ম্যান্টলড হাওলার বানর। গত এক দশকে এসব বানরের কালো গায়ে কমলা ও হলুদ ছোপ দেখা যাচ্ছে। কেউ কেউ পুরোপুরি কমলা রঙের হয়ে উঠছে। গবেষকদের ধারণা, আশপাশের কৃষিজমিতে ব্যবহৃত আগ্রোকেমিক্যাল বা রাসায়নিক পদার্থ এর পেছনে দায়ী হতে পারে।

মেলানিনের ওঠানামা
প্রাণীর শরীরের রঙ নিয়ন্ত্রণ করে মূলত মেলানিন। কালো, বাদামি বা লালচে রঙ- সবই এই রঞ্জকের তারতম্যের ফল। হাওলার বানরের ক্ষেত্রে কালো মেলানিন কমে যাচ্ছে, আর স্যাটুরেজার ক্ষেত্রে কমলা রঙ ফিকে হলেও কালো ছোপ রয়ে গেছে।

গবেষক লুইস মন্তোলিউ জানান, প্রাণী ও মানুষের শরীরে রঞ্জক নিয়ন্ত্রণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় ৭০০টি জিন কাজ করে। অল্প কয়েকটি জিন বদলালে অ্যালবিনিজম দেখা দিলেও, অনেক জিন আছে যেগুলো বয়স বা পরিবেশগত প্রভাবে ধীরে ধীরে রঙ বদলে দিতে পারে।

‘সিলভার ঘোড়া’র উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘জন্মের সময় স্বাভাবিক রঙ থাকলেও বয়সের সঙ্গে সঙ্গে অনেক প্রাণী ধীরে ধীরে সাদা হয়ে যায়- যার সঙ্গে ভিটিলিগোর মতো রোগপ্রক্রিয়ার মিল থাকতে পারে।’

রহস্য এখনো অমীমাংসিত
স্যাটুরেজার রঙ পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ জানতে হলে প্রয়োজন জিনোম বিশ্লেষণ ও ত্বকের টিস্যু পরীক্ষা। যদিও বন্য পরিবেশে বসবাসের কারণে এসব পরীক্ষা করা সহজ নয়। তবু স্বস্তির বিষয়, স্যাটুরেজা সম্পূর্ণ সুস্থ আছে, শিকার করতে পারছে এবং সফলভাবে বাচ্চাও বড় করছে।

তবুও তার সাদা শরীর বিজ্ঞানীদের মনে এক গভীর প্রশ্ন রেখে যাচ্ছে- প্রাণীদের রঙ বদল কি নিছক ব্যতিক্রম, নাকি পরিবর্তনশীল পরিবেশের নীরব সতর্ক সংকেত?

সূত্র: এল পাইস

এই শাখার আরও খবর

১৪ মিনিটে ৪ গোল করে জিদানের ফ্রান্সের চমক

উয়েফা নেশনস লিগে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে বেলজিয়ামকে ৪-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের ফ্রান্স। ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা ফ্রান্স শেষ ১৪ মিনিটে চার গোল…

রাশিয়ায় গবেষণাগার কর্মীর মৃত্যু, প্লেগের খবর নাকচ

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইরকুতস্কে প্লেগবিরোধী গবেষণাগারের এক কর্মী প্লেগে আক্রান্ত হয়ে মারা গেছেন, এমন খবর নাকচ করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত গবেষণাগার সহকারী…

কাশ্মীরে নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ ‘লোরা’, উন্নত প্রযুক্তি ব্যবহার করছে সন্ত্রাসীরা

ভারতের জম্মু ও কাশ্মীরের ঘন জঙ্গলে সিম কার্ড, মোবাইল টাওয়ার কিংবা ওয়াই-ফাই ছাড়াই যোগাযোগের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে সন্ত্রাসীরা। ‘লোরা’ নামের এই প্রযুক্তিনির্ভর যোগাযোগব্যবস্থা…

ফ্রান্সে জেন-জি আন্দোলন, শিক্ষা সংকটে রাজপথে শিক্ষার্থীরা

বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে একের পর এক বিক্ষোভের পর এবার ফ্রান্সেও ছড়িয়ে পড়েছে তথাকথিত ‘জেন-জি আন্দোলন’। দেশটির উচ্চবিদ্যালয়গুলোর শিক্ষক ও সহায়ক কর্মীর সংকট, জরাজীর্ণ…

গোপালগঞ্জে পথসভা করতে জামায়াতের কেন এত ভয়?

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লংমার্চ গোপালগঞ্জের ওপর দিয়ে যাবে। তবে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকায় কোনো পথসভা করবে না জোটটি। গোপালগঞ্জ…

ইতিহাসের মহানায়ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

কেউ কেউ ইতিহাসে স্থান করে নেন; আবার কেউ এমনভাবে একটি জাতির জীবনে আবির্ভূত হন, যাঁকে বাদ দিয়ে সেই জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টিই লেখা যায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au