বিশ্ব

বিজেপির ঐতিহাসিক জয়ে বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

  • 10:58 pm - May 08, 2026
  • পঠিত হয়েছে:১৫৫ বার
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৮ মে-  দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছে বিজেপি। শুক্রবার কলকাতার নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিধায়কদলের বৈঠকে বিজেপির ২০৭ জন জয়ী প্রার্থীর উপস্থিতিতে শুভেন্দু অধিকারীকে সর্বসম্মতিক্রমে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়। অমিত শাহ জানান, পরিষদীয় দলনেতা পদে আটটি প্রস্তাব জমা পড়লেও প্রতিটি প্রস্তাবেই ছিল একটিই নাম—শুভেন্দু অধিকারী। দ্বিতীয় কোনো নাম না আসায় তাকেই মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়।

বৈঠকে শাহ বলেন, “গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত বিজেপির সরকার প্রতিষ্ঠিত হলো। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমিতে এবার তার আদর্শের সরকার গঠিত হচ্ছে।”

এবারের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী ছিলেন বিজেপির সবচেয়ে আলোচিত মুখ। তিনি একদিকে নিজের কেন্দ্র নন্দীগ্রামে জয় পেয়েছেন, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে পরাজিত করে রাজনৈতিক অঙ্গনে বড় চমক সৃষ্টি করেছেন। ভবানীপুরে প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে মমতাকে হারিয়ে মুখ্যমন্ত্রী পদে নিজের অবস্থান আরও শক্ত করেন তিনি।

২০২১ সালেও নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জাতীয় রাজনীতিতে আলোচনায় আসেন শুভেন্দু। এবার টানা দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রীকে নির্বাচনে পরাজিত করায় বিজেপির ভেতরে তাকে মুখ্যমন্ত্রী করার দাবি আরও জোরালো হয়ে ওঠে।

শুক্রবারের বৈঠকে অমিত শাহর সঙ্গে উপস্থিত ছিলেন ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, যিনি পশ্চিমবঙ্গের জন্য বিজেপির সহকারী পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। বৈঠকের পর শুভেন্দু অধিকারী রাজ্যপাল আর এন রবির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানানোর প্রস্তুতি নেন।

এদিকে পশ্চিমবঙ্গের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা এখনও থামেনি। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো আনুষ্ঠানিকভাবে পরাজয় মেনে নেননি। তিনি অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের সহযোগিতায় বিজেপি “ভোট লুট” করে জয় পেয়েছে। এমন পরিস্থিতিতে রাজ্যে এক ধরনের সাংবিধানিক জটিলতাও তৈরি হয়।

বিধানসভার মেয়াদ শেষ হওয়ার পর রাজ্যপাল নতুন সরকার গঠনের পথ তৈরি করলেও মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেননি। ফলে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত প্রশাসনিক দায়িত্ব কার্যত রাজ্যপালের তত্ত্বাবধানে রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টির ফল ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। এর মধ্যে বিজেপি ২০৭টি আসনে জয় পেয়েছে। তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন এবং বাম-কংগ্রেসসহ অন্যান্য দল পেয়েছে ছয়টি আসন। একটি আসনে পুনর্নির্বাচন বাকি রয়েছে।

শনিবারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার কথা রয়েছে। বিজেপির ঐতিহাসিক এই জয়ের পর কলকাতাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au