বাংলাদেশ

লীগ প্রশ্নে দুই বড় দলের ‘নিরাপত্তাহীনতা’ কাজ করছে: মাহফুজ আলম

  • 4:45 am - June 02, 2026
  • পঠিত হয়েছে:১৬৬ বার
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ জুন- আওয়ামী লীগকে ঘিরে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে দুই বৃহৎ রাজনৈতিক দলের ‘নিরাপত্তাহীনতার বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি মনে করেন, আওয়ামী লীগকে কেন্দ্র করে যে রাজনৈতিক অবস্থান ও প্রতিযোগিতা বর্তমানে দেখা যাচ্ছে, তার পেছনে রয়েছে অতীত রাজনৈতিক অভিজ্ঞতা, আদর্শিক দ্বন্দ্ব এবং পারস্পরিক অবিশ্বাস।

সোমবার (১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম এসব মন্তব্য করেন। তিনি লেখেন, আওয়ামী লীগ প্রশ্নে বর্তমানে যা ঘটছে, তা মূলত দুই বড় দলের নিরাপত্তাহীনতার প্রতিফলন। তার ভাষায়, ‘কৌন বনেগা লীগকা বাপ?’ অর্থাৎ আওয়ামী লীগের রাজনৈতিক উত্তরাধিকার বা অবস্থানকে ঘিরে এক ধরনের প্রতিযোগিতা তৈরি হয়েছে।

পোস্টে তিনি বলেন, ১৯৮৬ ও ১৯৯৬ সালের রাজনৈতিক বাস্তবতার স্মৃতি বিএনপি এখনও ভুলতে পারেনি। অন্যদিকে জামায়াতে ইসলামী আদর্শিক বিরোধিতা এবং সহিংসতার আশঙ্কা থেকে আওয়ামী লীগের বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে। মাহফুজ আলমের মতে, বিএনপি ও আওয়ামী লীগের যৌথ রাজনৈতিক আক্রমণের যে অভিজ্ঞতা জামায়াত নব্বইয়ের দশকে পেয়েছিল, সেই স্মৃতিও তাদের বর্তমান অবস্থানের পেছনে প্রভাব ফেলছে। তিনি বলেন, রাজনৈতিক স্মৃতি অনেক সময় ভয় এবং নিরাপত্তাহীনতার উৎস হয়ে দাঁড়ায়।

দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরে মাহফুজ আলম বলেন, সামনে এমন একটি পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে বিএনপি ক্ষমতায় থেকে বহুদলীয় গণতন্ত্রের চর্চা করবে, আর জামায়াত নীরব ও আড়ালে চলে যাবে। তবে তিনি মনে করেন, প্রকৃত চ্যালেঞ্জের মুখোমুখি হবেন সেই তরুণরা, যারা আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন ও সংগ্রামে অংশ নিয়েছিলেন।

তিনি আরও উল্লেখ করেন, জামায়াতের সঙ্গে রাজনৈতিক সমঝোতা বা জোটের ফলে এ পরিস্থিতি আরও দ্রুত জটিল হয়ে উঠেছে। তার মতে, তাৎক্ষণিকভাবে যে রাজনৈতিক সুবিধা অর্জিত হয়েছিল, সেটিকে আরও বিস্তৃত বা শক্তিশালী করার কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না।

তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করে মাহফুজ আলম বলেন, বর্তমান প্রজন্ম নিজেদের সামর্থ্য ও সম্ভাবনাকে বড় করার পরিবর্তে সীমিত সুযোগ-সুবিধা ভাগাভাগি নিয়েই বেশি ব্যস্ত। তিনি লিখেছেন, ‘দুঃখজনক হলো, এ প্রজন্ম ব্যস্ত নিজেদের হাতের তালুর চেয়ে ছোট রুটি ভাগাভাগিতে।’

এই অবস্থা থেকে বেরিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যক্তিগত বা ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের গণ্ডি পেরিয়ে বৃহত্তর জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে। তিনি পরামর্শ দেন, প্রত্যেকে নিজ নিজ রাজনৈতিক দল, মতাদর্শ বা সংগঠনের মাধ্যমে সাংগঠনিকভাবে শক্তিশালী হোক, নতুন প্রতিষ্ঠান গড়ে তুলুক, আর্থিকভাবে স্বাবলম্বী হোক এবং সমাজে ইতিবাচক প্রভাব বিস্তার করুক। একই সঙ্গে দীর্ঘমেয়াদি সংগ্রাম ও পারস্পরিক সংহতির ভিত্তি তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মাহফুজ আলমের মতে, রাজনৈতিকভাবে প্রভাবশালী প্রবীণদের উৎসাহ, প্ররোচনা এবং ব্যবহারের কারণে তরুণদের অনেক শক্তি ও সম্ভাবনা নষ্ট হয়েছে। তিনি অভিযোগ করেন, বড়রা নিজেদের স্বার্থে তরুণ প্রজন্মকে ব্যবহার করেছে। পাশাপাশি বিভিন্ন মতাদর্শভিত্তিক একপাক্ষিক বয়ানও তরুণদের বিভক্ত করেছে। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন ঘটনা নতুন নয়; সত্তর ও নব্বইয়ের দশকেও একই ধরনের অভিজ্ঞতা দেখা গেছে।

পোস্টে তিনি আরও বলেন, তরুণদের নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে হবে। আগের প্রজন্ম তাদের রক্ষা করবে, এমন ধারণা বাস্তবসম্মত নয়। এ বাস্তবতা মাথায় রেখে রাজনৈতিক কৌশল নির্ধারণের আহ্বান জানান তিনি। ব্যক্তিগত আক্রমণ, বিদ্বেষ এবং বিভাজনমূলক রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, মতাদর্শগত বিতর্ক অবশ্যই থাকবে, তবে মূল লক্ষ্য হওয়া উচিত জুলাই আন্দোলনের চেতনা এবং ফ্যাসিবাদবিরোধী অবস্থানকে কেন্দ্র করে ঐক্য বজায় রাখা।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা মাহফুজ আলম পোস্টের শেষাংশে তরুণদের উদ্দেশে বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনের সময় তারা নিশ্চিত মৃত্যুর ঝুঁকি জেনেও রাজপথে নেমেছিলেন। সেই সাহসের সঙ্গে এখন সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা যুক্ত করার আহ্বান জানান তিনি। তার মতে, তরুণদের ঐক্যবদ্ধ ও সংগঠিত প্রচেষ্টার মাধ্যমে এমন একটি রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা সম্ভব, যেখানে ভবিষ্যতে কোনো ধরনের ফ্যাসিবাদ আর ফিরে আসতে পারবে না।

এই শাখার আরও খবর

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au