কারওয়ান বাজারের বিএসইসি ভবনে বারবার আগুন, এখন কতটা নিরাপদ?
ওটিএন বাংলা রিপোর্ট : রাজধানীর কারওয়ান বাজারের বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) ভবনে একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০০৭ সালে ভয়াবহ আগুনে প্রাণহানি, ২০১০ সালে…
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসার আবেদনে জীবনযাত্রার ব্যয় মেটানোর সক্ষমতা প্রমাণে ব্যাংক হিসাবে আগের চেয়ে বেশি অর্থ দেখাতে হবে। আগামী ৩০ নভেম্বর ২০২৬ থেকে নতুন এ নিয়ম কার্যকর হবে। ফলে যুক্তরাজ্যে পড়াশোনা করতে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের ভিসার আবেদনের সময় নির্ধারিত পরিমাণ অর্থ জমা থাকার প্রমাণ দিতে হবে।
নতুন নিয়ম অনুযায়ী, লন্ডনে পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রতি মাসের জীবনযাত্রার ব্যয় হিসেবে ১ হাজার ৫৭০ পাউন্ড দেখাতে হবে। বর্তমানে এ পরিমাণ ১ হাজার ৫২৯ পাউন্ড। অন্যদিকে, লন্ডনের বাইরে পড়াশোনার ক্ষেত্রে মাসে দেখাতে হবে ১ হাজার ২০৩ পাউন্ড। বর্তমানে এ জন্য প্রয়োজন হয় ১ হাজার ১৭১ পাউন্ড।
কোনো শিক্ষার্থীর কোর্সের মেয়াদ নয় মাস বা তার বেশি হলে সর্বোচ্চ নয় মাসের জীবনযাত্রার ব্যয়ের সমপরিমাণ অর্থ ব্যাংক হিসাবে থাকতে হবে। সেই হিসাবে লন্ডনে পড়তে যাওয়া শিক্ষার্থীদের সর্বোচ্চ ১৪ হাজার ১৩০ পাউন্ড এবং লন্ডনের বাইরে পড়তে যাওয়া শিক্ষার্থীদের ১০ হাজার ৮২৭ পাউন্ড দেখাতে হবে।
ভিসা আবেদনের তারিখের ভিত্তিতে নতুন নিয়ম কার্যকর হবে। অর্থাৎ, ৩০ নভেম্বরের আগে আবেদন জমা দিলে আগের নিয়ম অনুসরণ করতে হবে। আর ৩০ নভেম্বর বা তার পরে আবেদন করলে নতুন নির্ধারিত অর্থের পরিমাণ দেখাতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীর কোর্স শুরুর তারিখ বিবেচনায় নেওয়া হবে না।
এ ছাড়া প্রথম শিক্ষাবর্ষের বকেয়া টিউশন ফি বা শিক্ষাব্যয় জীবনযাত্রার খরচের বাইরে আলাদাভাবে দেখাতে হবে। তবে বিশ্ববিদ্যালয় বা কলেজের ব্যবস্থাপনায় থাকা আবাসনের জন্য আগাম অর্থ পরিশোধ করা থাকলে সর্বোচ্চ ১ হাজার ৫৭০ পাউন্ড জীবনযাত্রার ব্যয়ের হিসাব থেকে বাদ দেওয়া যাবে।
ব্যাংক হিসাবে অর্থ জমা রাখার সময়সীমার ক্ষেত্রে অবশ্য কোনো পরিবর্তন আনা হয়নি। ভিসার আবেদন জমা দেওয়ার আগে টানা অন্তত ২৮ দিন নির্ধারিত পরিমাণ অর্থ ব্যাংক হিসাবে থাকতে হবে। এই ২৮ দিনের শেষ দিনটি ভিসার আবেদন জমা দেওয়ার তারিখের আগের ৩১ দিনের মধ্যে হতে হবে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (হোম অফিস) ৩ সেপ্টেম্বর প্রকাশিত অভিবাসনবিধি পরিবর্তনসংক্রান্ত নথি এইচসি ৫৮৪-তে নতুন নিয়মের বিষয়টি জানানো হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে যুক্তরাজ্যের স্থানীয় শিক্ষার্থীদের জন্য নির্ধারিত রক্ষণাবেক্ষণ ঋণের সঙ্গে সামঞ্জস্য রেখে বিদেশি শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয়ের অর্থের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নিয়ম কার্যকর হওয়ার পর যুক্তরাজ্যে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের ভিসার আবেদন জমা দেওয়ার আগে ব্যাংক হিসাবে প্রয়োজনীয় অর্থ রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে ৩০ নভেম্বর বা তার পরে আবেদনকারীদের নতুন নির্ধারিত অর্থের পরিমাণ ও ব্যাংকে অর্থ রাখার ২৮ দিনের শর্ত পূরণ করতে হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au