বাংলাদেশ

ডিসেম্বরে একসঙ্গে একাধিক সংকটের মুখে বাংলাদেশ, বাড়ছে রাজনৈতিক ও কূটনৈতিক উদ্বেগ

জান্নাতুল নাইম পিয়াল

  • 6:17 am - November 12, 2026
  • পঠিত হয়েছে:১৩৩ বার
একাধিক সংকটের মুখে বাংলাদেশ। ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে গত বছরের ডিসেম্বর ছিল অন্যতম অস্থির সময়। ওই মাসে একদিকে রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনা ও পরবর্তী সময়ে তাঁর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে, অন্যদিকে প্রথম আলো, দ্য ডেইলি স্টারসহ সংবাদমাধ্যম এবং ছায়ানট ও উদীচীর মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। একই মাসে দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফেরেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর পাঁচ দিন পর মারা যান তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

এক বছর পর আবারও ডিসেম্বরের দিকে এগোচ্ছে বাংলাদেশ। তবে এবার পরিস্থিতির ধরন ভিন্ন হলেও মাসটি ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক, নিরাপত্তা ও কূটনৈতিক অনিশ্চয়তা। শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা, সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, মহান বিজয় দিবস ঘিরে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার বার্ষিকী এবং ভারতের সঙ্গে টানাপোড়েন, সব মিলিয়ে ডিসেম্বর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এক পরীক্ষার মাস হয়ে উঠতে পারে।

ঢাকাভিত্তিক সাংবাদিক, লেখক ও গবেষক জান্নাতুল নাইম পিয়ালের এক বিশ্লেষণধর্মী নিবন্ধে এসব বিষয় তুলে ধরা হয়েছে। তাঁর মতে, সংকটগুলো আলাদাভাবে মোকাবিলা করা সম্ভব হলেও একই সময়ে একাধিক ঘটনা সামনে আসায় সেগুলোর পারস্পরিক প্রভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

ডিসেম্বর ঘিরে সবচেয়ে বড় অনিশ্চয়তার নাম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আগামী ডিসেম্বরে ভারতে স্বেচ্ছানির্বাসন থেকে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছেন। গত ৯ নভেম্বর তাঁর পক্ষে কাজ করছেন বলে দাবি করা এক ব্রিটিশ আইনজীবী দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে চিঠি পাঠিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানান।

ওই দিনই বিএনপির সংসদীয় দলের বৈঠকে বিষয়টি আলোচনায় আসে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারত-বাংলাদেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার। বৈঠকে সভাপতিত্ব করা প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্য এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।

এর আগে একই দিন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলে মন্তব্য করেন। তাঁর বক্তব্য ছিল, বাংলাদেশ তাঁকে সাধারণ ভ্রমণকারী হিসেবে দেশে ফিরতে দেওয়ার পরিবর্তে প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতের কাছ থেকে ফেরত চায়।

পরদিন ১০ নভেম্বর প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা নিজে পাসপোর্টের জন্য আবেদন করেননি। তাঁকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকার কোনো আইনি বাধা দেখছে না বলেও জানান তিনি।

অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়ার আইনি সুযোগ নেই। তাঁর বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় দেশে ফিরলে কার্যকর করা হবে। নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করায় তাঁর আইনি প্রতিকারের সুযোগ শেষ হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এ কারণে যে, ২০২৪ সালের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পরও তিনি বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত বিতর্কিত ও প্রভাবশালী একটি চরিত্র। মানবতাবিরোধী অপরাধের মামলায় অনুপস্থিতিতে তাঁর মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তবে তিনি অভিযোগ অস্বীকার করে আসছেন। দেশের একটি অংশের মানুষের মধ্যে এখনো তাঁর সমর্থন রয়েছে।

বিশ্লেষকের মতে, শেখ হাসিনা দেশে ফিরলে সরকারের সামনে একাধিক কঠিন প্রশ্ন দেখা দেবে। আদালতের রায় কীভাবে কার্যকর করা হবে, তাঁর নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে এবং তাঁর আগমনকে কেন্দ্র করে সম্ভাব্য জনসমাগম ও রাজনৈতিক প্রতিক্রিয়া কীভাবে সামাল দেওয়া হবে, সেসব বিষয়ে সরকারকে প্রস্তুতি নিতে হবে। এমনকি দেশে ফেরার তারিখ ঘোষণা করা হলেও রাজপথে লোকজনের উপস্থিতি ও রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে। সাম্প্রতিক ঘটনাবলির কারণে এমন পরিস্থিতির আশঙ্কা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

নাশকতা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

ডিসেম্বরের আগে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ বাড়ছে। গত ৭ থেকে ৯ নভেম্বরের মধ্যে অন্তত ১৯টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, ওই তিন দিনে রাজধানীতে ৪৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

১০ নভেম্বর দেশের বিভিন্ন স্থানে আরও ২২টি অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই দিন এসব ঘটনায় একজন নিহত হন এবং অন্তত ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়।

পুলিশ এসব ঘটনার পেছনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের দায়ী করেছে। পুলিশের অভিযোগ, ডিসেম্বরের আগে দেশে অস্থিরতা তৈরির উদ্দেশ্যে এসব হামলা চালানো হচ্ছে।

তবে সাম্প্রতিক ঘটনাগুলোর সংখ্যা ও বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার প্রবণতা উদ্বেগজনক বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাঁদের আশঙ্কা, এসব ঘটনার জবাবে সরকার যদি নির্বিচারে গ্রেপ্তার বা অতিরিক্ত বলপ্রয়োগের পথে যায়, তাহলে নিরাপত্তাজনিত সমস্যা দ্রুত রাজনৈতিক সংঘাতে রূপ নিতে পারে।

বিজয়ের মাসে ইতিহাস ও রাজনীতির নতুন টানাপোড়েন

ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। বর্তমান বিএনপি সরকারের অধীনে এবারই প্রথম বিজয় দিবস উদ্‌যাপিত হতে যাচ্ছে। ফলে মাসটি ঘিরে রাজনৈতিক ও ঐতিহাসিক স্মৃতির প্রশ্নও নতুন করে সামনে আসতে পারে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক বিতর্কের অন্যতম কেন্দ্রবিন্দু। আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক পরিচয়ের বড় অংশ মুক্তিযুদ্ধের ইতিহাসের ওপর প্রতিষ্ঠিত করেছে। অন্যদিকে দলটির বিরোধীরা অভিযোগ করে আসছে, আওয়ামী লীগ রাজনৈতিক সমালোচনা দমনে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ব্যবহার করেছে।

২০২৪ সালের অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক অতীত ও ভবিষ্যৎ নিয়ে বিতর্ক আরও জটিল হয়েছে। নতুন সরকার বিজয় দিবসের অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ কীভাবে পরিচালনা করে এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো কীভাবে প্রতিক্রিয়া জানায়, তা ডিসেম্বরের পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে।

বিভিন্ন রাজনৈতিক দলের পৃথক সমাবেশ, বক্তব্য ও কর্মসূচি ঘিরে উত্তেজনা তৈরির আশঙ্কাও রয়েছে। বিশেষ করে বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের ইতিহাসকে কেন্দ্র করে রাজনৈতিক বিভাজন আরও তীব্র হলে তা নতুন করে সংঘাতের কারণ হয়ে উঠতে পারে।

সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার বিচার কত দূর?

গত বছরের ১৮ ও ১৯ ডিসেম্বর প্রথম আলো, দ্য ডেইলি স্টারসহ সংবাদমাধ্যম এবং ছায়ানট ও উদীচীর মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনাও আসন্ন ডিসেম্বরের আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এসব হামলার বার্ষিকী শুধু অতীতের সহিংসতার স্মরণ নয়, বরং এক বছর পর পরিস্থিতির কতটা পরিবর্তন হয়েছে, সেই প্রশ্নও সামনে আনবে।

দ্য ডেইলি স্টার ও ডিজমিসল্যাবের যৌথ অনুসন্ধানে দেখা যায়, হামলার আগে অনলাইনে উসকানিমূলক প্রচারণার মাধ্যমে সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনগুলোর বিরুদ্ধে বিদ্বেষ তৈরি করা হয়েছিল। হামলার আগে দৃশ্যমান হুমকি থাকলেও তাৎক্ষণিকভাবে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অনুসন্ধানে উঠে আসে।

এক বছর পর প্রশ্ন উঠছে, ওই হামলার জন্য দায়ী ব্যক্তিদের কতজনকে বিচারের আওতায় আনা হয়েছে এবং সাংবাদিক, সম্পাদক ও সাংস্কৃতিক কর্মীরা এখন কতটা নিরাপদ বোধ করছেন। নতুন করে রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে এসব প্রতিষ্ঠান আবারও হামলার লক্ষ্যবস্তু হতে পারে। কারণ, সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংস্কৃতিক বহুত্ববাদের প্রতীক হিসেবে বিবেচিত।

এসব প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কী পদক্ষেপ নেয়, তা মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সরকারের অঙ্গীকারের গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠবে।

ভারতের সঙ্গে সম্পর্কেও বাড়ছে চাপ

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনও ডিসেম্বরের পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে।

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্কে অস্বস্তি তৈরি হয়েছে। ঢাকার পক্ষ থেকে একাধিকবার তাঁকে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ জানানো হলেও এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি নয়াদিল্লি।

শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাঁর দেশত্যাগের পরিস্থিতি এবং এ প্রক্রিয়ায় ভারতের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে পারে। অন্যদিকে তিনি ভারতে অবস্থান অব্যাহত রাখলেও প্রত্যর্পণ ইস্যু দুই দেশের সম্পর্কের ওপর চাপ তৈরি করবে।

এর মধ্যে ভারতীয় রাজনীতিকদের কিছু বক্তব্য পরিস্থিতি আরও জটিল করে তুলছে। সম্প্রতি ভারতের ক্ষমতাসীন বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবে নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর ভারতের অধীনে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর দাবি, দেশভাগের সময় এসব অঞ্চল ভুলভাবে ভারতের কাছ থেকে হস্তান্তর করা হয়েছিল।

নিশিকান্ত দুবে ভারতের সরকারের পক্ষ থেকে কথা বলছেন না। তবে ভারতের অন্য রাজনীতিকদের কাছ থেকেও অতীতে এ ধরনের বক্তব্য আসায় বিষয়টিকে বিচ্ছিন্ন উসকানি হিসেবে দেখার সুযোগ সীমিত বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বাংলাদেশে এ ধরনের মন্তব্য স্বাভাবিকভাবেই ক্ষোভ তৈরি করতে পারে। একই সঙ্গে জাতীয়তাবাদী বক্তব্য ও রাজনৈতিক প্রতিক্রিয়াকে আরও উসকে দিতে পারে। এমন এক সময়ে এসব বক্তব্য সামনে আসছে, যখন দুই দেশের সম্পর্ক আগে থেকেই টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে।

এর ফলে পানি বণ্টন, বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের সরকারের সহযোগিতার ক্ষেত্রেও জটিলতা তৈরি হতে পারে। এসব বিষয়ে পারস্পরিক সমঝোতা গড়ে তোলার জন্য দুই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সমর্থন প্রয়োজন। উসকানিমূলক বক্তব্য সেই সমর্থন তৈরির পথ আরও কঠিন করে তুলতে পারে।

একাধিক সংকটের প্রভাব পড়তে পারে একে অন্যের ওপর

বিশ্লেষণধর্মী নিবন্ধে বলা হয়েছে, শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন মূলত আইনি ও কূটনৈতিক বিষয়। সাম্প্রতিক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ তৈরি করেছে। বিজয়ের মাস এবং সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার বার্ষিকী রাজনৈতিক দায়িত্ববোধ, ইতিহাস ও মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্ন সামনে আনছে। কিন্তু বাস্তবে এসব ঘটনা আলাদা করে সংঘটিত হবে না।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বা প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হতে পারে। সেই বিক্ষোভ সহিংসতায় রূপ নিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নিতে পারে। এর ফলে নতুন করে রাজনৈতিক সংঘাত তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতি বাংলাদেশের রাজনৈতিক দমন-পীড়ন ও গণতান্ত্রিক অধিকার নিয়ে পুরোনো বিতর্ককেও সামনে নিয়ে আসতে পারে।

এর পাশাপাশি ভারতের পক্ষ থেকে আসা উসকানিমূলক বক্তব্য দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করতে পারে।

বর্তমান বিএনপি সরকারকে দায়িত্ব নেওয়ার পর প্রথম ডিসেম্বরেই এসব প্রশ্নের মুখোমুখি হতে হবে। সরকার কীভাবে পরিস্থিতি মোকাবিলা করে, তা শুধু ওই মাসের ঘটনাপ্রবাহ নয়, দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

রাজনৈতিক বিরোধিতা ও জনসমাবেশের ক্ষেত্রে সরকার কতটা সংযম দেখায়, সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনায় জবাবদিহি নিশ্চিত করতে পারে কি না, বিজয়ের মাসে রাজনৈতিক দলগুলো ন্যূনতম ঐকমত্যে পৌঁছাতে পারে কি না, এসব প্রশ্নের উত্তর ডিসেম্বরেই স্পষ্ট হতে শুরু করবে।

একই সঙ্গে ঢাকা ও নয়াদিল্লি তাদের মতপার্থক্যকে দুই দেশের জনগণের মধ্যে বিরূপ মনোভাব ছড়িয়ে পড়ার কারণ হতে দেবে কি না, সেটিও গুরুত্বপূর্ণ বিষয়।

বাংলাদেশ অতীতেও অনেক কঠিন সময় পার করেছে। তবে আসন্ন ডিসেম্বর একই সঙ্গে দেশের রাজনৈতিক, বিচারিক, নিরাপত্তা ও কূটনৈতিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার পরীক্ষা নিতে পারে। সবচেয়ে বড় ঝুঁকি কোনো একটি ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া নয়; বরং একাধিক ঘটনা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে পরিস্থিতিকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারে, যেখানে রাজনৈতিক ও কূটনৈতিক ভুল সিদ্ধান্তের সুযোগ বেড়ে যাবে।

ডিসেম্বরের শেষে বাংলাদেশ হয়তো বুঝতে পারবে, গত বছরের তুলনায় কতটা পরিবর্তন এসেছে এবং কোন কোন সংকট এখনো অমীমাংসিত রয়ে গেছে।

লেখক জান্নাতুল নাইম পিয়াল ঢাকাভিত্তিক সাংবাদিক, লেখক ও গবেষক। পেশাদার সাংবাদিকতায় তাঁর এক দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১০টি। বাংলাদেশের গণমাধ্যমশিল্প এবং বৃহত্তর সামাজিক ও একাডেমিক পরিসরের সঙ্গে এর সম্পর্ক নিয়ে তিনি গবেষণা করেন।

সূত্রঃ এশিয়া টাইমস

এই শাখার আরও খবর

রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে দেশে আগুন জ্বলবে: স্পিকার

দেশের রাজনীতি এখন সর্বগ্রাসী হয়ে উঠেছে মন্তব্য করে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, রাজনীতির ইতিবাচক পরিবর্তন হলে দেশেরও পরিবর্তন সম্ভব। সুবিধাবঞ্চিত মানুষের অধিকার…

অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন নেতানিয়াহু

ইসরায়েলে নতুন পার্লামেন্টের কার্যক্রম শুরু হলেও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। নির্বাচনের দুই সপ্তাহ পরও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী নেতা গাদি আইজেনকটের জোট,…

১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আবাসন সংকট, কম মজুরি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনজুড়ে সাধারণ ধর্মঘট পালন করেছেন শ্রমিক ও সাধারণ মানুষ। বুধবার (১১ নভেম্বর) মধ্যরাত থেকে…

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু কবে

এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য ২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর পরীক্ষা শুরু হবে।…

পারিপার্শ্বিক চাপে ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষক। তাঁদের মধ্যে তিনজন ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বাকি তিনজনও বৃহস্পতিবার (১২…

মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে রাতভর সংঘর্ষ, হামলা ও ককটেল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au