অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন নেতানিয়াহু
ইসরায়েলে নতুন পার্লামেন্টের কার্যক্রম শুরু হলেও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। নির্বাচনের দুই সপ্তাহ পরও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী নেতা গাদি আইজেনকটের জোট,…
দেশের রাজনীতি এখন সর্বগ্রাসী হয়ে উঠেছে মন্তব্য করে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, রাজনীতির ইতিবাচক পরিবর্তন হলে দেশেরও পরিবর্তন সম্ভব। সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা থেকে শুরু করে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নে রাজনীতিবিদদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থ হলে দেশে অস্থিতিশীলতা তৈরি হবে এবং আগুন জ্বলবে বলে সতর্ক করেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন স্পিকার। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, রাজনীতি এখন সর্বগ্রাসী। শুধু প্রধানমন্ত্রী, মন্ত্রী কিংবা রাষ্ট্রপতিই নন, গ্রামের একজন সাধারণ রাজনৈতিক কর্মীও চাইলে অনেক মানুষের উপকার করতে পারেন। আবার ক্ষমতার অপব্যবহার করে মানুষের ক্ষতিও করতে পারেন। ফলে রাজনীতির প্রভাব সমাজের সর্বস্তরে বিস্তৃত। রাজনীতি ঠিক হলে দেশও ঠিক হয়ে যাবে।
তিনি বলেন, দেশের রাজনীতিবিদদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা চাইলে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারেন এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারেন। কিন্তু বাস্তবে সুবিধাবঞ্চিত মানুষের প্রতি রাজনীতিবিদদের আগ্রহ ও দায়বদ্ধতা সব সময় দেখা যায় না।
নির্বাচনের সময় এসব মানুষের গুরুত্ব বাড়লেও নির্বাচনের পর অনেক রাজনীতিবিদ সাধারণ মানুষের খোঁজখবর নেওয়া থেকে দূরে সরে যান বলে মন্তব্য করেন স্পিকার। তাঁর ভাষায়, নির্বাচিত হওয়ার পর অনেকেই নিজেদের সুযোগ-সুবিধা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। অথচ দেশের বিপুলসংখ্যক মানুষ এখনো নানা ক্ষেত্রে বঞ্চনার শিকার। এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে রাজনীতিবিদদের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।
দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্পিকার বলেন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে কোনো উপায় নেই। নির্বাচন সুষ্ঠু না হলে দেশে আগুন জ্বলবে, অস্থিতিশীলতা তৈরি হবে। জনগণ আগের তুলনায় অনেক বেশি সচেতন হয়ে উঠেছে। ফলে নির্বাচনে কারচুপি করাও এখন কঠিন।
অতীতের নির্বাচনী অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনে ভোট গ্রহণের আগেই ১৫৩ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ ধরনের অভিজ্ঞতা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ভয়াবহ ছিল। তবে বর্তমান সংসদ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
নির্বাচনে অর্থের প্রভাব কমানোর ওপর গুরুত্ব দিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, নির্বাচনে টাকার প্রভাব নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। নির্বাচনী ব্যবস্থাকে গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি।
সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতপ্রকাশের ক্ষেত্রেও নানা ধরনের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন স্পিকার। তিনি বলেন, অনেক সংসদ সদস্য সংসদে বা রাজনৈতিক পরিসরে নিজেদের মনের কথা বলতে পারেন না। তাঁরা কথা বলার আগে চিন্তা করেন, দলের নেতা রাগ করবেন কি না, স্থানীয় প্রভাবশালীরা কী মনে করবেন কিংবা তাঁদের বক্তব্যের কারণে নির্বাচনে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি না। এ ধরনের চিন্তা সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতপ্রকাশের পথে বাধা তৈরি করে।
জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন স্পিকার। তিনি মনে করেন, নারীদের জন্য সংরক্ষিত আসনের পরিবর্তে সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ বাড়ানো উচিত।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, বর্তমানে দেশে অনেক যোগ্য নারী রাজনীতিবিদ রয়েছেন, যাঁরা সরাসরি নির্বাচনে অংশ নিয়ে পুরুষ প্রার্থীদেরও পরাজিত করতে সক্ষম। তাই নারীদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা ধীরে ধীরে তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত।
এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে বাধ্যতামূলকভাবে মোট আসনের এক-তৃতীয়াংশে নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে বলেও মত দেন তিনি।
সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় গঠিত সংসদীয় ককাসের ভূমিকা তুলে ধরে স্পিকার বলেন, দেশের অন্যতম বড় সমস্যা দুর্নীতি। এই সমস্যা মোকাবিলা করতে না পারলে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়বে।
তিনি ককাসের সদস্যদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দুর্নীতির অভিযোগ উঠলে সংশ্লিষ্ট ব্যক্তি কোন দলের কিংবা কোন পদে রয়েছেন, তা বিবেচনা করা যাবে না। অভিযোগের বিষয়ে নিরপেক্ষভাবে কথা বলতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ভূমিকা রাখতে হবে।
স্পিকার বলেন, সুবিধাবঞ্চিত মানুষের সমস্যাগুলো চিহ্নিত করার পাশাপাশি তাঁদের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতেও ককাসকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে বাংলাদেশে প্রায় সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। এই বিপুল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রাষ্ট্র, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
প্রথমবারের মতো বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যদের নিয়ে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার রক্ষায় সংসদীয় ককাস গঠনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন স্পিকার। তিনি বলেন, ককাসের সদস্যরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করলে সমাজে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব।
অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, দেশের সুবিধাবঞ্চিত মানুষের সমস্যাগুলো তিনি আলাদাভাবে জানলেও এতগুলো সমস্যা একসঙ্গে তুলে ধরার সুযোগ আগে হয়নি। এ আয়োজনের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা নতুনভাবে উপলব্ধি করার সুযোগ হয়েছে। এ জন্য এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্যকে ধন্যবাদ জানান তিনি।
চিফ হুইপ বলেন, দেশের পিছিয়ে পড়া মানুষকে সামনে এগিয়ে নিতে সরকার কাজ করতে চায়। কৃষক, শ্রমজীবী মানুষ ও নারীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষকদের সহায়তা, ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সুযোগ-সুবিধা বাড়ানোর চেষ্টা চলছে।
তিনি বলেন, দেশের সব মানুষকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষকে এক কাতারে আনতে না পারলে সামগ্রিকভাবে দেশের মানুষের ভালো থাকা সম্ভব নয়।
শুধু অর্থনৈতিক অসচ্ছলতাই নয়, চিন্তা-চেতনা ও সামাজিক আচরণের ক্ষেত্রেও পরিবর্তন আনা প্রয়োজন বলে মন্তব্য করেন নূরুল ইসলাম মনি। তিনি বলেন, অন্যকে ঠকিয়ে নিজের সুবিধা আদায়ের প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। পরিশ্রম ও দক্ষতার প্রতি সম্মান তৈরি করতে হবে। বিশেষ করে শিক্ষাব্যবস্থার মাধ্যমে দক্ষ ও যোগ্য মানুষ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
ককাসের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বাস্তবায়নযোগ্য প্রস্তাব নিয়ে এলে সরকার সেগুলো বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবে।
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের কাছে তাঁদের প্রত্যাশা অনেক।
তিনি বলেন, সংসদ সদস্যদের শুধু রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে। কোনো সমস্যা তৈরি হলে তা সংসদে তুলে ধরে আলোচনা করতে হবে। পাশাপাশি আগামী দিনের জাতীয় বাজেট প্রণয়নের সময়ও সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজন ও অধিকারকে বিশেষ গুরুত্ব দিতে হবে।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম সংসদের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা একসঙ্গে একটি প্ল্যাটফর্মে এসে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার উদ্যোগ নিয়েছেন। এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে গঠিত সংসদীয় ককাসের প্রধান ও বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন।
তিনি বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি দুর্নীতি। দুর্নীতি বন্ধ করা না গেলে সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে না।
মাহবুব উদ্দিন খোকন বলেন, সংসদ সদস্যরা যদি শপথ নেন যে তাঁরা নিজেরা দুর্নীতি করবেন না এবং অন্য কাউকেও দুর্নীতি করতে দেবেন না, তাহলে দেশের উন্নয়ন অনেক সহজ হবে। শুধু রাজনীতিবিদ নন, নাগরিক সমাজসহ সবাই দুর্নীতি থেকে বেরিয়ে আসতে পারলে দেশের অন্তত ৪০ শতাংশ অর্থের অপচয় রোধ করা সম্ভব বলে তিনি মনে করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে মুক্ত আলোচনায় অংশ নেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ককাসের সহসভাপতি পদে প্রস্তাবিত মো. সাইফুল আলম।
তিনি বলেন, শহর ও গ্রামের মানুষের জীবনযাত্রায় পার্থক্য থাকলেও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সমস্যাগুলো প্রায় একই রকম। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও বাসস্থান তাঁদের প্রধান সমস্যা। দুর্নীতির কারণেও অনেক মানুষ তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন।
এসব সমস্যা সমাধানে সমাজের সব মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা অংশ নেন। বিভিন্ন দলের মোট ২৫ জন সংসদ সদস্য এই ককাসের সদস্য। সংসদীয় ককাস মূলত সংসদ সদস্যদের নিয়ে গঠিত একটি অনানুষ্ঠানিক ও স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম, যেখানে নির্দিষ্ট কোনো সামাজিক বা জাতীয় ইস্যুতে দলীয় পরিচয়ের বাইরে একসঙ্গে কাজ করার সুযোগ থাকে।
অনুষ্ঠানে পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধি, উন্নয়নকর্মী এবং বিভিন্ন পেশার মানুষও উপস্থিত ছিলেন।
সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার এই উদ্যোগের মধ্য দিয়ে আইন প্রণয়ন, বাজেট বরাদ্দ, দুর্নীতি প্রতিরোধ এবং রাজনৈতিক অংশগ্রহণের মতো বিষয়গুলো নতুন করে আলোচনায় এসেছে। তবে এসব উদ্যোগ বাস্তবে কতটা কার্যকর হয়, তা নির্ভর করবে ককাসের সদস্যদের ধারাবাহিক ভূমিকা এবং সরকারের বাস্তবায়ন উদ্যোগের ওপর।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au