বিশ্ব

শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক, পদত্যাগপত্র জমা ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের

  • 6:41 pm - November 12, 2026
  • পঠিত হয়েছে:৮৬ বার
ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিন রাকা।ছবি: সংগৃহীত

শিক্ষাগত যোগ্যতা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক এবং আদালতের রায়ের পর ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিন রাকা পদত্যাগপত্র জমা দিয়েছেন। বুধবার তিনি সরাসরি প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর কাছে পদত্যাগপত্র জমা দেন বলে বিবিসিকে জানিয়েছেন তাঁর এক সহযোগী। তবে প্রেসিডেন্ট পদত্যাগপত্র গ্রহণ করেছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জিবরানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আদালতের সাম্প্রতিক রায়ের পর দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। ইন্দোনেশিয়ার সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, ২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার সময় জিবরান যে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাগত নথি ব্যবহার করেছিলেন, তা বৈধ নয়। এই রায়ের পর তাঁর বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর উদ্যোগে শতাধিক আইনপ্রণেতা সমর্থন জানিয়েছেন।

জিবরানের সহযোগী বুদি আরি জানিয়েছেন, বুধবার প্রেসিডেন্ট প্রাবোওর কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে প্রেসিডেন্টের সিদ্ধান্ত এখনো জানা যায়নি।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা জিবরানের রয়েছে কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। তিনি সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছেন। নিজের শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে ইন্দোনেশিয়ার একটি সমতুল্যতা সনদ ব্যবহার করেছিলেন। দেশটির আইন অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে হলে উচ্চ মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হয়।

তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে, জিবরানের পড়াশোনা শেষ করার যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। আদালতের ভাষ্য অনুযায়ী, তাঁর কাছে এমন কোনো বিদেশি ডিপ্লোমা বা সনদ থাকার প্রমাণ মেলেনি, যা ইন্দোনেশিয়ার উচ্চ মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতার স্বীকৃতি পাওয়ার জন্য প্রয়োজনীয়। অক্টোবরের শুরুতে সাংবিধানিক আদালতের দেওয়া একটি রায়েও একই সিদ্ধান্ত এসেছিল। সুপ্রিম কোর্টের রায়ে সেই সিদ্ধান্তও বিবেচনায় নেওয়া হয়েছে।

জিবরান এর আগে দাবি করেছিলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাই তাঁর উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার প্রমাণ। তবে রাষ্ট্রসচিব প্রাসোতিও হাদি জানিয়েছেন, মঙ্গলবার জিবরান আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ চেয়েছেন। এর মাধ্যমে তিনি নিজের শিক্ষাগত যোগ্যতার বৈধতা প্রমাণ করতে চান।

২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর জোটে জিবরানের অন্তর্ভুক্তি ছিল তাঁর বাবা ও তৎকালীন প্রেসিডেন্ট জোকো উইদোদো, যিনি জোকোউই নামে পরিচিত, এবং প্রাবোওর মধ্যে রাজনৈতিক সমঝোতার অংশ। একসময় তাঁরা ছিলেন পরস্পরের ঘোর প্রতিদ্বন্দ্বী। নির্বাচনের সময় জিবরানের বয়স ছিল ৩৬ বছর। সাংবিধানিক আদালতের একটি বিতর্কিত রায়ের মাধ্যমে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থিতার জন্য নির্ধারিত ৪০ বছর বয়সের ন্যূনতম শর্ত শিথিল করা হলে তিনি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান।

জিবরানের পদত্যাগপত্র জমা দেওয়ার ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন সাবেক প্রেসিডেন্ট জোকোউই ও বর্তমান প্রেসিডেন্ট প্রাবোওর মধ্যে রাজনৈতিক দূরত্ব বাড়ছে। দায়িত্ব নেওয়ার পর জোকোউইর অন্যতম প্রধান প্রকল্প নতুন রাজধানী নুসানতারা নির্মাণে তেমন আগ্রহ দেখাননি প্রাবোও। বরং তিনি নিজের অগ্রাধিকারমূলক কর্মসূচিতে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করছেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে দেশের সব বিদ্যালয়ে বিনা মূল্যে খাবার সরবরাহের উদ্যোগ।

এ ছাড়া গত এক বছরে বিভিন্ন পদে রদবদলের মাধ্যমে জোকোউইর ঘনিষ্ঠ অনেক কর্মকর্তাকে সরিয়ে দিয়েছেন প্রাবোও। তাঁদের মধ্যে রয়েছেন দীর্ঘদিনের অর্থমন্ত্রী শ্রী মুলিয়ানি ইন্দ্রাবতী। গত সপ্তাহে প্রেসিডেন্ট প্রাবোওর কথোপকথনে আড়ি পাতার সন্দেহে তাঁর চিফ অব স্টাফ লিস্টয়ো সিগিত প্রাবোওকে গ্রেপ্তার করা হয়। পরদিনই তাঁকে বরখাস্ত করা হয়। লিস্টয়ো সাবেক প্রেসিডেন্ট জোকোউইর ঘনিষ্ঠ মিত্র হওয়ায় ঘটনাটিকে দুই নেতার রাজনৈতিক জোটে ফাটলের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

এদিকে সোমবার প্রাবোওর মন্ত্রিসভার তিন সদস্য জোকোউইর ছেলে কায়সাং পাঙ্গারেপের নেতৃত্বাধীন দল থেকে পদত্যাগ করেন। বিনা মূল্যে খাবার কর্মসূচিতে অর্থসংকট, দাবানল এবং শেয়ারবাজারের অস্থিরতা নিয়ে সরকার চাপের মুখে রয়েছে। এসব সংকট ও দুর্নীতির প্রতিবাদে মঙ্গলবার দেশজুড়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

এই শাখার আরও খবর

রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে দেশে আগুন জ্বলবে: স্পিকার

দেশের রাজনীতি এখন সর্বগ্রাসী হয়ে উঠেছে মন্তব্য করে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, রাজনীতির ইতিবাচক পরিবর্তন হলে দেশেরও পরিবর্তন সম্ভব। সুবিধাবঞ্চিত মানুষের অধিকার…

অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন নেতানিয়াহু

ইসরায়েলে নতুন পার্লামেন্টের কার্যক্রম শুরু হলেও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। নির্বাচনের দুই সপ্তাহ পরও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী নেতা গাদি আইজেনকটের জোট,…

১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আবাসন সংকট, কম মজুরি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনজুড়ে সাধারণ ধর্মঘট পালন করেছেন শ্রমিক ও সাধারণ মানুষ। বুধবার (১১ নভেম্বর) মধ্যরাত থেকে…

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু কবে

এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য ২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর পরীক্ষা শুরু হবে।…

পারিপার্শ্বিক চাপে ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষক। তাঁদের মধ্যে তিনজন ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বাকি তিনজনও বৃহস্পতিবার (১২…

মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে রাতভর সংঘর্ষ, হামলা ও ককটেল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au