পারিপার্শ্বিক চাপে ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষক। তাঁদের মধ্যে তিনজন ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বাকি তিনজনও বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনের মধ্যে পদত্যাগপত্র জমা দিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পদত্যাগের অনুরোধ এবং ‘পারিপার্শ্বিক চাপের’ কারণে তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দেওয়া তিন শিক্ষক হলেন আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার।
বুধবার (১১ নভেম্বর) তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং, যিনি ইসরাফিল রতন নামেও পরিচিত, তাঁর মাধ্যমে উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া অন্য তিন শিক্ষক হলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর, অপরাধবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম সোহাগ এবং ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তাঁরাও শিগগিরই পদত্যাগপত্র জমা দিতে পারেন।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বুধবার প্রক্টরের সঙ্গে দেখা হলে তিনি ‘পারিপার্শ্বিক চাপের’ কথা জানান। এ সময় পদত্যাগ করলে ভালো হবে কি না, তা জানতে চান প্রক্টর। পরে তাঁকে পদত্যাগের অনুরোধ করা হয়। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
ড. রফিকুল ইসলাম আরও বলেন, তাঁর জানা মতে, মোট ছয়জন সহকারী প্রক্টর পদত্যাগ করতে পারেন। এর মধ্যে তিনজন ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বাকি তিনজনও জমা দেবেন বলে তিনি শুনেছেন। তবে প্রক্টর সরাসরি কোনো নির্দেশ দেননি। বরং পারিপার্শ্বিক চাপের কথা জানিয়ে পদত্যাগের অনুরোধ করেছেন।
অন্যদিকে, পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত, পারিবারিক ও একাডেমিক ব্যস্ততার কথা জানিয়েছেন সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার। তিনি বলেন, এসব কারণেই পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্রেও তা উল্লেখ করেছেন।
ছয়জনের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে পদত্যাগ করেছি। তবে শুনেছি ছয়জন পদত্যাগ করেছেন। যদিও বিষয়টি সম্পর্কে আমি নিশ্চিত নই।’
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে এসব শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাংয়ের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।