বিএনপির দুই পক্ষের মধ্যে রাতভর সংঘর্ষ, হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।ছবি: সংগৃহীত
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে রাতভর সংঘর্ষ, হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে যাওয়া পুলিশের পিকআপ লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করা হয়।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা, রাজারচর, কংসপুরা ও নতুন আমঘাটা গ্রামে দফায় দফায় এ সংঘর্ষ চলে। ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ মোল্লা এবং ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুলিবিদ্ধ পাঁচজন হলেন দিদার ঢালী (৪৭), বোরহান সিকদার (৪৯), দিদার সরদার (৪৫), রাকিব সরদার (২৫) ও ইমরান হোসেন (৪৮)। তাঁদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে। সংঘর্ষে আহত অন্য পাঁচজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় বক্তব্য জানতে ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ মোল্লার মুঠোফোন এবং ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের সাড়া পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত ব্যক্তিরা পুলিশের পিকআপ লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করেন।
তিনি আরও জানান, পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।