বিতর্কের মুখে মিস ইউনিভার্স, প্রতিযোগিতা ছাড়লেন ১৫ দেশের সুন্দরী।ছবি: সংগৃহীত
বিশ্বের অন্যতম বড় সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসর শুরুতেই নানা বিতর্কের মুখে পড়েছে। পুয়ের্তো রিকোর রাজধানী সান জুয়ানে এবারের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তবে ফ্র্যাঞ্চাইজি-সংক্রান্ত বিরোধ, ভিসা জটিলতা, ব্যক্তিগত কারণ ও দুর্ঘটনার কারণে মোট ১৫ দেশের প্রতিনিধিরা এবারের আসরে অংশ নিতে পারছেন না।
প্রতিযোগিতা থেকে বাদ পড়া দেশগুলোর মধ্যে এশিয়ার ছয়টি দেশ রয়েছে। ফ্র্যাঞ্চাইজি-সংক্রান্ত জটিলতার কারণে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার প্রতিনিধিরা এবারের প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না। তবে এ বছর অংশ নিতে না পারলেও আগামী বছর ৭৬তম মিস ইউনিভার্স আয়োজনের দায়িত্ব পেয়েছে ভিয়েতনাম।
ফ্র্যাঞ্চাইজি-সংক্রান্ত বিরোধের পাশাপাশি ভিসা জটিলতার কারণেও পাঁচটি দেশের প্রতিনিধিরা প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন। দেশগুলো হলো নেপাল, অ্যাঙ্গোলা, জাম্বিয়া, জিম্বাবুয়ে ও কঙ্গো প্রজাতন্ত্র। ভিসা জটিলতার কারণে এসব দেশের সুন্দরীরা পুয়ের্তো রিকোতে যেতে পারেননি।
এদিকে ব্যক্তিগত কারণ ও দুর্ঘটনার কারণে কয়েকজন প্রতিযোগীও নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। অস্ট্রিয়ার প্রতিনিধি ভিক্টোরিয়া অ্যামারসন নিজের মানসিক ও শারীরিক সুস্থতাকে অগ্রাধিকার দিয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন।
অন্যদিকে, বুলগেরিয়ার প্রতিনিধি আনা-মারিয়া গুরুতর সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। তাঁর স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আয়োজকেরা তাঁকে প্রতিযোগিতায় অংশ নিতে দেননি।
এ ছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন ফ্রান্সের সামুদ্রিক অঞ্চল সেন্ট মার্টিনের প্রতিনিধি ম্যাডলি মারিয়ান। কোনো বিশেষ কারণ না জানিয়েই প্রতিযোগিতা ছেড়েছেন মালদ্বীপের আমিনাত ইউইন মোহাম্মদ এবং মরক্কোর সারা আল্লালি।
সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজি-সংক্রান্ত বিরোধ, ভিসা জটিলতা, দুর্ঘটনা ও ব্যক্তিগত কারণে ১৫ দেশের প্রতিনিধির অনুপস্থিতি এবারের মিস ইউনিভার্স আয়োজনকে শুরু থেকেই আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। প্রতিযোগিতার জমকালো আয়োজনের পাশাপাশি এসব ঘটনা ঘিরেও চলছে আলোচনা-সমালোচনা।