বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ১৪৬ জনের মৃত্যুর বিবরণ নিয়ে ডিআরপিডব্লিউর প্রতিবেদন ‘বাংলাদেশ ইন ক্রাইসিস: মাইনরিটি লাইভস লস্ট’
একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, একজন সংগীতশিল্পী, একজন শ্রমিক কিংবা স্কুলপড়ুয়া শিশু—পরিচয় আলাদা হলেও তাঁদের নাম উঠে এসেছে একই প্রতিবেদনে। বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ১৪৬ জনের মৃত্যুর বিবরণ নিয়ে প্রকাশিত এই সংকলন সামনে এনেছে নিরাপত্তা, সুরক্ষা ও ন্যায়বিচার পাওয়ার প্রশ্ন।
অস্ট্রেলিয়াভিত্তিক সংগঠন ডেমোক্রেসি, রাইটস অ্যান্ড পারসিকিউশন ওয়াচের (ডিআরপিডব্লিউ) ‘বাংলাদেশ ইন ক্রাইসিস: মাইনরিটি লাইভস লস্ট’ শীর্ষক প্রতিবেদনটি প্রস্তুত করেছেন ড. মোল্লা হক ও আদিত্য প্রতাপ ঘোষ। ৮ নভেম্বর ২০২৬ প্রকাশিত এর ১.৩ সংস্করণে ২০২৪ সালের ৪ আগস্ট থেকে ২০২৬ সালের ২৭ অক্টোবর পর্যন্ত সংবাদমাধ্যম ও বিভিন্ন সংগঠনের প্রকাশিত সূত্রে পাওয়া মৃত্যুর ঘটনা সংকলিত হয়েছে।
প্রতিবেদনের হিসাবে, তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে ১১৯ জন হিন্দু, পাঁচজন বৌদ্ধ বড়ুয়া এবং ২২ জন চাকমা, মারমা, ত্রিপুরা, বম, সাঁওতাল ও মুন্ডাসহ বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর সদস্য। এই বিভাজনে আদিবাসী জনগোষ্ঠীর সদস্যদের আলাদা শ্রেণিতে রাখা হয়েছে; তাঁদের মধ্যেও বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বী রয়েছেন।

সংখ্যালঘু সম্প্রদায়ের ১৪৬ জনের মৃত্যুর বিবরণ নিয়ে ডিআরপিডব্লিউর প্রতিবেদন ‘বাংলাদেশ ইন ক্রাইসিস: মাইনরিটি লাইভস লস্ট’
তবে প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে, কারও নাম তালিকায় থাকার অর্থ এই নয় যে তাঁর মৃত্যুর পেছনে ধর্মীয় বা জাতিগত বিদ্বেষের উদ্দেশ্য প্রতিষ্ঠিত হয়েছে। ঘটনাগুলোর প্রেক্ষাপট ভিন্ন; কয়েকটির উদ্দেশ্য নিয়ে বিরোধ রয়েছে কিংবা তদন্ত চলমান।
এক পরিবারের চারজনের নাম
প্রতিবেদনে স্থান পাওয়া ঘটনাগুলোর একটি রংপুরের মাছুয়াপাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর পরিবারের চার সদস্যের মৃত্যু। সংকলিত বিবরণ অনুযায়ী, ২০২৬ সালের আগস্টে নিজ বাড়িতে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী এবং ১৩ বছরের ছেলে আয়ুষ ওরফে প্রিয়ম নিহত হন। ২২ আগস্ট তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
একই পরিবারের চারজনের নাম এই তালিকায় থাকা একটি পরিবারের করুন বিপর্যয়ের কথা তুলে ধরা হয়। ঘটনার উদ্দেশ্য ও দায় নির্ধারণের ক্ষেত্রে তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার গুরুত্বও প্রতিবেদনের সামগ্রিক সতর্কীকরণে উল্লেখ করা হয়েছে।
চুরির অভিযোগ থেকে প্রাণহানি
সংকলনে এমন কয়েকটি ঘটনার বিবরণ রয়েছে, যেখানে চুরির অভিযোগ বা স্থানীয় সালিশের পর মৃত্যু হয়েছে বলে প্রকাশিত সূত্রে দাবি করা হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাটের সাঁওতাল শ্রমিক রিপন মুরমু তাঁদের একজন। প্রতিবেদনে উদ্ধৃত সংবাদ অনুযায়ী, বগুড়ায় একটি ওয়েল্ডিং মেশিন চুরির ঘটনাকে কেন্দ্র করে সালিশে তাঁকে মারধর ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওই রাতেই তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।
সাতক্ষীরার তালার ঘেরচাষি ক্ষিতীশ মণ্ডলের ক্ষেত্রেও মাছ চুরির অভিযোগ তুলে নির্যাতনের বিবরণ রয়েছে। সংকলিত তথ্য অনুযায়ী, তাঁকে গাছে বেঁধে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়; হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এসব ঘটনা অভিযোগের নিষ্পত্তিতে আইনি প্রক্রিয়ার পরিবর্তে সংঘবদ্ধ সহিংসতার ব্যবহার নিয়ে উদ্বেগ তুলে ধরে।
হেফাজতে মৃত্যু ও চিকিৎসার প্রশ্ন
প্রতিবেদনে কারাগার ও অন্যান্য হেফাজতে মৃত্যুর ঘটনাও অন্তর্ভুক্ত হয়েছে। সংগীতশিল্পী প্রলয় চাকীর মৃত্যুর বিবরণে বলা হয়েছে, তিনি কারা হেফাজতে থাকা অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তাঁর পরিবার চিকিৎসায় অবহেলার অভিযোগ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের ক্ষেত্রেও কারাগারে অসুস্থ হওয়ার পর হাসপাতালে মৃত্যুর তথ্য সংকলিত হয়েছে। পাশাপাশি বম জনগোষ্ঠীর বন্দিদের মৃত্যুর বিবরণে অসুস্থতা ও যথাযথ চিকিৎসা না পাওয়ার অভিযোগ উঠে এসেছে।
প্রতিটি ঘটনার পরিস্থিতি আলাদা হলেও এসব বিবরণ হেফাজতে থাকা মানুষের চিকিৎসা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়বদ্ধতার প্রশ্ন সামনে এনেছে অস্ট্রেলিয়া ভিত্তিক মানবাধিকার সংস্থা ডিআরপিডব্লিউ।
প্রতিটি এন্ট্রিতে মৃত ব্যক্তির নাম, পরিচয়, ঠিকানা, ঘটনার সংক্ষিপ্ত বিবরণ এবং প্রকাশিত সূত্রের লিংক ও কিউআর কোড যুক্ত করা হয়েছে। সংগঠনটির ভাষ্য, এর উদ্দেশ্য হলো অনুমাননির্ভর আলোচনার পরিবর্তে নাম ও সূত্রসহ ঘটনাগুলো জনসমক্ষে তুলে ধরা।
ডিআরপিডব্লিউ জানিয়েছে, তারা প্রতিটি ঘটনা স্বাধীনভাবে তদন্ত করেনি। কিছু ঘটনা একটি সূত্রের ওপর নির্ভরশীল; নাম, বয়স, তারিখ ও পরিস্থিতির বিবরণেও সূত্রভেদে পার্থক্য থাকতে পারে। পরবর্তী তদন্ত, গ্রেপ্তার কিংবা আদালতের সিদ্ধান্তে কোনো ঘটনার তথ্য পরিবর্তিত হয়ে থাকতে পারে।
প্রতিবেদনে প্রতিটি মৃত্যুর নিরপেক্ষ তদন্ত, দায়ীদের আইনের আওতায় আনা এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের কার্যকর সুরক্ষার আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে ভুল তথ্য সংশোধনের জন্য প্রমাণসহ সংগঠনটির সঙ্গে যোগাযোগের সুযোগ রাখা হয়েছে।
প্রতিবেদনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নকে সামনে আনা হয়েছে, মৃত ব্যক্তির ধর্মীয়, জাতিগত কিংবা রাজনৈতিক পরিচয় যা-ই হোক, তাঁর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং স্বজনদের ন্যায়বিচার পাওয়ার অধিকার কতটা নিশ্চিত করা হচ্ছে?
সূত্র: ‘বাংলাদেশ ইন ক্রাইসিস: মাইনরিটি লাইভস লস্ট’ শীর্ষক প্রতিবেদন