সৌদি আরবের হাইলে মাদক চোরাচালানের দায়ে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: সংগৃহীত
সৌদি আরবের হাইল অঞ্চলে মাদক চোরাচালানের অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মহাপরিদপ্তর। তাদের কাছ থেকে মেথামফেটামিন উদ্ধার করা হয়েছে। মাদকটি সৌদিতে স্থানীয়ভাবে ‘সাবু’ এবং বিশ্বব্যাপী ‘আইস’ নামে পরিচিত।
বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মহাপরিদপ্তর। সংস্থাটি জানায়, গ্রেপ্তারের পর পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
একই পোস্টে দেশটির বাসিন্দাদের মাদক চোরাচালান বা সংশ্লিষ্ট কোনো অপরাধের তথ্য পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি। তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বস্ত করা হয়েছে।
মেথামফেটামিন অত্যন্ত শক্তিশালী ও আসক্তি সৃষ্টিকারী একটি মাদক। এটি সরাসরি মানুষের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে। অল্প সময়ের ব্যবহারেও এর প্রতি নির্ভরশীলতা তৈরি হতে পারে।
সৌদি আরবে মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান রয়েছে। দেশটির আইনে মাদক চোরাচালানের মতো গুরুতর অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। এ ছাড়া অপরাধের ধরন ও মাত্রা অনুযায়ী দীর্ঘমেয়াদি কারাদণ্ডসহ বিভিন্ন শাস্তিও দেওয়া হতে পারে।