খাগড়াছড়ি সদর উপজেলার ভূমি অফিস ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত
খাগড়াছড়ি সদর উপজেলার ভূমি অফিস ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কার্যালয় দুটির ল্যাপটপ, কম্পিউটারসহ বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি অবস্থিত দুটি সরকারি কার্যালয়ে একই সময়ে আগুন লাগার ঘটনায় পরিকল্পিতভাবে নথিপত্র সরিয়ে ফেলার উদ্দেশ্য ছিল কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ২টা ৪৩ মিনিটে সরকারি কার্যালয় দুটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় রাত ৩টা ২২ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান জানান, আগুন নেভানোর সময় তাঁরা কার্যালয় দুটির জানালা খোলা অবস্থায় দেখতে পান। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা বিস্তারিত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, ভূমি অফিসে আগুন লাগার ঘটনাটি পরিকল্পিত হতে পারে এবং নথিপত্র গায়েব করার উদ্দেশ্যও থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। অন্যদিকে, সমাজসেবা কার্যালয়ে আগুন লাগার ঘটনাটিও রহস্যজনক। পাশাপাশি অবস্থিত দুটি সরকারি কার্যালয়ে একই সময়ে আগুন লাগার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা হলে তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ বেরিয়ে আসবে।