ফিফা অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপের ট্রফি। ছবি : সংগৃহীত
নিরাপত্তাশঙ্কার কারণে কাতারে অনুষ্ঠিতব্য ছেলেদের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নিজেদের দল প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (১১ নভেম্বর) খেলোয়াড়দের কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
বার্তা সংস্থার হাতে আসা চিঠিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ সতর্কবার্তা বিবেচনায় নিয়ে প্রাক্-টুর্নামেন্ট অনুশীলন শিবির ও মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ বাতিল করা হয়েছে। কাতারে আগামী ১৯ নভেম্বর শুরু হওয়ার কথা ৪৮ দলের এই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ।
চিঠিতে কাতারের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জারি করা তৃতীয় স্তরের ভ্রমণ সতর্কতা এবং দেশটিতে অবস্থানরত মার্কিন দূতাবাসের কর্মী ও তাঁদের পরিবারের জন্য দেওয়া বিশেষ নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা এবং সুরক্ষাই যুক্তরাষ্ট্রের কাছে সব সময় সর্বোচ্চ অগ্রাধিকার।
যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন জানিয়েছে, সিদ্ধান্তের বিষয়টি খেলোয়াড়দের ক্লাবগুলোকে আগেই জানানো হয়েছে। তবে ফিফা আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা না দেওয়া পর্যন্ত খেলোয়াড়দের প্রকাশ্যে কোনো মন্তব্য না করার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে গত মাসে কাতার নিয়ে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সেখানে সশস্ত্র সংঘাতের ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যের দেশটিতে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়। সতর্কবার্তায় সৌদি আরবের বিভিন্ন বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার বিষয়টিও উল্লেখ করা হয়েছিল।
বিশ্বকাপের সূচি অনুযায়ী, ২১ নভেম্বর মন্টেনেগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করার কথা ছিল যুক্তরাষ্ট্রের। ‘জে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ছিল আলজেরিয়া ও চিলি। আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে এবারের প্রতিযোগিতা।
গত বছরও কাতারে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্র। সেবার গ্রুপ পর্ব পেরিয়ে শেষ ৩২ দলের পর্বে জায়গা করে নেয় দলটি। ফিফার পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সাল পর্যন্ত প্রতিবছর কাতারেই এই টুর্নামেন্ট আয়োজনের কথা রয়েছে।
সুত্রঃ রয়টার্স