মেলবোর্ন, ২৬ সেপ্টেম্বর- ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় পর্যটন নগরী ইলাতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের চালানো ড্রোন হামলায় অন্তত ২২ জন আহত হয়েছেন। ইহুদি নববর্ষ রোশ হাশানাহর দ্বিতীয় দিনে এ হামলা চালানো হয় বলে জরুরি সেবা সংস্থার বরাত দিয়ে ।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ড্রোনটি প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সরাসরি লোহিত সাগরের উপকূলীয় শহর ইলাতে আঘাত হানে। শহরের কেন্দ্রস্থলে বিস্ফোরণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়।
জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানায়, তাদের দল ২২ জনকে চিকিৎসা দিয়েছে। এর মধ্যে ২৬ ও ৬০ বছর বয়সী দুই ব্যক্তি গুরুতর আহত, একজন মাঝারি এবং বাকিরা সামান্য আঘাত পেয়েছেন।
হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের বাহিনী দক্ষিণ ইসরাইলের দুটি স্থানে দুটি ড্রোন হামলা চালিয়েছে। গাজা যুদ্ধে ফিলিস্তিনি মিত্র হামাসকে সমর্থন জানাতেই এই হামলা করা হয়েছে বলে দাবি করে তারা।
ইলাতের মেয়র ইলি ল্যাঙ্ক্রি সরকারের প্রতি হুতিদের বিরুদ্ধে কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। হামলার আগে শহরজুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছিল বলে জানিয়েছে সেনারা।
ইলাত ইসরাইলের একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র, যা মিসর ও জর্দানের সীমান্তের কাছে অবস্থিত।
এর আগে ইসরাইল ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত এলাকায় একাধিক বিমান হামলা চালায়। গত মাসেই হুতি সরকারের প্রধানসহ ১১ জন সিনিয়র কর্মকর্তাকে হত্যা করে ইসরাইলি হামলা।
২০২৩ সালের অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে হুতিরা একাধিকবার ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।
সূত্র : এএফপি