বাংলাদেশ

৩ টাকা কেজিতেও বিক্রি হচ্ছে না আলু, দিশেহারা কৃষক

  • 11:48 pm - February 24, 2026
  • পঠিত হয়েছে:১৯৩ বার
৩ টাকা কেজিতেও বিক্রি হচ্ছে না আলু, দিশেহারা কৃষক। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ ফেব্রুয়ারি- ঠাকুরগাঁওয়ে চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হলেও বাজারে দামের ধস নেমেছে। উৎপাদন খরচ তো দূরের কথা, অনেক কৃষক মাঠ থেকে আলু তোলার খরচও তুলতে পারছেন না। জেলার বিভিন্ন এলাকায় বর্তমানে ৬০ কেজির এক বস্তা আলু ২০০ টাকায়ও বিক্রি হচ্ছে না। অর্থাৎ কেজিপ্রতি দাম দাঁড়াচ্ছে তিন টাকার সামান্য বেশি। এতে করে চরম বিপাকে পড়েছেন চাষিরা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের নতুনপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, জমি থেকে আলু তোলা হচ্ছে, কিন্তু মাঠের পাশে সারি করে রাখা বস্তাভর্তি আলু কেনার মতো পাইকার নেই। কয়েকজন কৃষক অপেক্ষা করছেন, যদি কেউ এসে কিছু আলু কিনে নেয়।

কৃষক মনসুর আলী জানান, তিনি ১০ বিঘা জমিতে গ্রানুলা জাতের আলু চাষ করেছেন। প্রতি বিঘায় বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিক মজুরি মিলিয়ে খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। সে হিসাবে ১০ বিঘায় তার মোট খরচ প্রায় চার লাখ টাকা। কিন্তু বর্তমান বাজারদরে সেই খরচের সামান্য অংশও উঠছে না।

আক্ষেপ করে তিনি বলেন, “যে দামে আলু বিক্রি হচ্ছে, তাতে ১০ হাজার টাকার আলুও বিক্রি করতে পারছি না। তার ওপর পাইকাররা প্রতি বস্তায় আরও দুই-তিন কেজি বেশি আলু দিতে বলছে। এভাবে তো আমাদের পথে বসতে হবে।”

একই এলাকার আরেক কৃষক নুরুল আলম জানান, এ বছর পচন রোগের কারণে অনেক জমিতে গাছ আগেই মরে গেছে। ফলে আলুর আকার ছোট হয়েছে। ছোট আকারের আলু বাজারে কম দামে বিক্রি হয়। তিনি বলেন, “৩-৪ টাকা কেজি বললেও কেউ নিতে চায় না। উৎপাদন খরচের অর্ধেকও উঠছে না।”

পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বাজারে চাহিদার তুলনায় সরবরাহ অনেক বেশি। ফলে দাম কমে গেছে। ঠাকুরগাঁও পৌর শহরের ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, বর্তমানে তাদের গুদামে পর্যাপ্ত আলু মজুত রয়েছে। রমজান মাস এবং সামগ্রিক বাজার পরিস্থিতির কারণে বিক্রি কমে গেছে। তিনি বলেন, “বাজার স্থবির। আগের মালই বিক্রি করতে পারছি না। তাই নতুন করে আলু কিনতে ভয় লাগছে।”

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল ২৮ হাজার হেক্টর। কিন্তু আবাদ হয়েছে ২৮ হাজার ২৮৫ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭ লাখ টন। অথচ জেলায় ১৭টি হিমাগারে সংরক্ষণ সক্ষমতা রয়েছে মাত্র ১ লাখ ৪৫ হাজার ৫৩২ টন। ফলে উৎপাদিত আলুর বড় একটি অংশ সংরক্ষণের সুযোগ পাচ্ছেন না কৃষকরা। বাধ্য হয়ে মাঠ থেকেই কম দামে বিক্রি করতে হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক মাজেদুল ইসলাম বলেন, গত মৌসুমে লোকসানের পর কৃষকদের কম জমিতে আলু চাষের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে ভালো দামের আশায় অনেকেই বেশি জমিতে আবাদ করেছেন। পাশাপাশি সারা দেশেই আলুর আবাদ বেড়েছে। ফলে বাইরের জেলাগুলোতেও চাহিদা কমে গেছে।

তিনি জানান, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে পরিকল্পিত আবাদ এবং বিকল্প ফসল চাষে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সংরক্ষণ ব্যবস্থা বাড়ানো এবং বাজার ব্যবস্থাপনায় সমন্বয় জোরদারের প্রয়োজন রয়েছে।

এদিকে আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে দ্রুত সরকারি হস্তক্ষেপ চান কৃষকরা। তাদের দাবি, বাজার স্থিতিশীল না হলে এবং সংরক্ষণের সুযোগ না বাড়ালে এভাবে প্রতি মৌসুমেই লোকসান গুনতে হবে।

সূত্রঃ যুগান্তর

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au