মেলবোর্ন, ১৯ জুলাই- ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার পুনর্গঠন, জরুরি ত্রাণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে ৩৪৬ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ এবং আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা এই জরুরি তহবিল অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত মাসে ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশটির মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, এ দুর্যোগে নিহতের সংখ্যা বেড়ে ৫ হাজার ১১৯ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন, আর ধ্বংসস্তূপ থেকে ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভেনেজুয়েলার জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ জানান, মূল ভূমিকম্পের পর এ পর্যন্ত প্রায় ১ হাজার ৩৫০টি আফটারশক রেকর্ড করা হয়েছে। এতে দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি হিসাবে ৮৫৬টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। দুর্যোগের কারণে ১৭ হাজার ৯০৭ জন মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।
ক্ষতিগ্রস্তদের জন্য সরকার ১০৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু করেছে, যেখানে ২১ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। পাশাপাশি এক লাখেরও বেশি পরিবারকে খাদ্য, বিশুদ্ধ পানি এবং অন্যান্য জরুরি সহায়তা দেওয়া হচ্ছে।
উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ২ হাজার ২৭৮ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী, প্রায় ৩১ হাজার জরুরি সাড়াদানকারী কর্মী এবং ৩১ হাজারের বেশি স্থানীয় স্বেচ্ছাসেবক দিনরাত কাজ করছেন। দুর্গত মানুষের জন্য ইতোমধ্যে এক কোটির বেশি খাদ্যসামগ্রী এবং ৩ কোটি ২০ লাখ লিটারের বেশি বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে জানান, আইএমএফের দেওয়া ৩৪৬ মিলিয়ন ডলার সরাসরি ক্ষতিগ্রস্ত জনগণের পুনর্বাসন, ধসে পড়া অবকাঠামো পুনর্নির্মাণ এবং জরুরি জনসেবা পুনরায় চালু করতে ব্যয় করা হবে। সংকটের সময়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় তিনি আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভাকে ধন্যবাদ জানান।
অন্যদিকে ক্রিস্টালিনা জর্জিভা ভেনেজুয়েলার জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে আইএমএফ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত জনগণের পাশে থাকবে।