বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ

  • 3:02 pm - July 24, 2026
  • পঠিত হয়েছে:১৬৮ বার
বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৪ জুলাই:প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বৈশ্বিক বাণিজ্যনীতিতে নতুন পরিবর্তনের অংশ হিসেবে বাংলাদেশসহ প্রায় ৬০টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের আমদানিকৃত পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিভিন্ন দেশের পণ্যের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত শুল্ক কার্যকর হবে। অস্থায়ী ১০ শতাংশ বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে এ ঘোষণা দেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্যে নতুন প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন শুল্ক যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া প্রায় ৯৯ দশমিক ৪ শতাংশ পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে তেল ও গ্যাস, সার, নির্দিষ্ট খাদ্যপণ্য এবং জাতীয় নিরাপত্তার আওতায় আগে থেকেই বিশেষ শুল্কে থাকা কিছু খাত এ সিদ্ধান্তের বাইরে থাকবে।

ট্রাম্প প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারা অনুযায়ী নেওয়া এই পদক্ষেপ আগের শুল্কব্যবস্থার তুলনায় আরও শক্তিশালী আইনি ভিত্তির ওপর দাঁড়িয়ে রয়েছে। প্রশাসনের মতে, জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং আন্তর্জাতিক বাণিজ্যে ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আসছে। এখন সময় এসেছে বাণিজ্য অংশীদার দেশগুলোকেও একই ধরনের মানদণ্ড অনুসরণ করার। তার ভাষায়, এই উদ্যোগ মানবাধিকার সুরক্ষার পাশাপাশি বৈশ্বিক বাণিজ্যে ন্যায্য পরিবেশ প্রতিষ্ঠায় সহায়ক হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, কানাডা, কম্বোডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মেক্সিকো, আর্জেন্টিনা, শ্রীলঙ্কাসহ একাধিক দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের ক্ষেত্রে বিদ্যমান শুল্কের সঙ্গে সমন্বয় করে মোট শুল্কহার ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। চীনসহ আরও ৩৮টি দেশের জন্য ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক কার্যকর হবে।

ওয়াশিংটনের বাণিজ্য আইন প্রতিষ্ঠান ওয়াইলি রেইন-এর আইনজীবী টিম ব্রাইটবিল বলেন, নতুন শুল্ক বিদ্যমান বাণিজ্য চুক্তির কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এটি মেয়াদ শেষ হওয়া অস্থায়ী শুল্কের পরিবর্তে কার্যকর হবে। তবে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এটি কেবল আগের শুল্কের বিকল্প নয়; বরং জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিশ্চিত করার অংশ।

প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, কংগ্রেসের ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের দীর্ঘদিনের দাবির প্রতিফলন হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনে শুল্কসহ অন্যান্য বাণিজ্যিক ব্যবস্থা ব্যবহার করে যুক্তরাষ্ট্র ভবিষ্যতেও নীতিগত লক্ষ্য বাস্তবায়ন করবে বলেও তারা জানিয়েছেন।

তবে নতুন শুল্কের আওতার বাইরে রাখা হয়েছে তেল ও গ্যাস, সার, নির্দিষ্ট খাদ্যপণ্য এবং আগে থেকেই ২৩২ ধারার আওতায় জাতীয় নিরাপত্তাজনিত শুল্কে থাকা গাড়ি, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও তামাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্য। একই সঙ্গে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা (ইউএসএমসিএ) বাণিজ্য চুক্তির শর্ত পূরণকারী পণ্যও নতুন শুল্ক থেকে অব্যাহতি পাবে।

এদিকে ভারতসহ কয়েকটি দেশ সম্প্রতি শ্রমনীতি ও সংশ্লিষ্ট আইন সংস্কার করায় তাদের পণ্যের ক্ষেত্রে তুলনামূলক কম, অর্থাৎ ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। গণশুনানির পর যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর পিগ আয়রন, কিছু চিনিজাত পণ্য, পশু ও বীজজাত পণ্য এবং কয়েক ধরনের রাসায়নিক পদার্থকেও নতুন শুল্ক থেকে অব্যাহতির তালিকায় যুক্ত করেছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের এই নতুন শুল্কনীতি বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল, আন্তর্জাতিক বাণিজ্য এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশের অর্থনৈতিক সম্পর্কের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। বিশেষ করে রপ্তানিনির্ভর দেশগুলোর জন্য এই সিদ্ধান্ত নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

সূত্র: রয়টার্স

এই শাখার আরও খবর

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের নতুন চুক্তি

শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তির ব্যবহার এবং বেসামরিক পারমাণবিক প্রযুক্তিতে সহযোগিতা আরও গভীর করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই…

বাংলাদেশে ইসলামপন্থীদের অবস্থান শক্ত হচ্ছে, তারেক রহমান আগুন নিয়ে খেলছেন: সাবেক ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক শক্তিগুলোর অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের  সাবেক হাইকমিশনার ভীণা সিক্রি। তাঁর দাবি, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও দেশ…

টানা তিন শিরোপার পর কোচিং ছাড়ার ভাবনা ফাগানের

অস্ট্রেলিয়ান ফুটবল লিগ (এএফএল) ক্লাব ব্রিসবেন লায়ন্সকে টানা তৃতীয়বার প্রিমিয়ারশিপ জেতানোর পর ২০২৭ সালে কোচ হিসেবে থাকবেন কি না, তা নিয়ে দ্বিধায় পড়েছেন ক্রিস ফাগান।…

পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, নিহত ১১

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি তল্লাশি চৌকিতে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। শনিবার (২৬ সেপ্টেম্বর)…

একদিনে মা-মেয়েসহ সড়কে ঝরল চার প্রাণ, আহত ৩০

দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার (২৬ সেপ্টেম্বর) মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এসব…

জাসদ কার্যালয়ে গোপন বৈঠকের অভিযোগ, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে কথিত গোপন বৈঠক এবং সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের অভিযোগে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে ঢাকা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au