বাংলাদেশ

৩৪ লাখ শিশুকে দ্রুত টিকা দেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

  • 6:36 am - September 27, 2026
  • পঠিত হয়েছে:১৩ বার
৩৪ লাখ শিশুকে দ্রুত টিকা দেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার। ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে হাম সংক্রমণ অব্যাহত থাকায় আগের টিকাদান কর্মসূচির সময় টিকা না পাওয়া প্রায় ৩৪ লাখ শিশুকে দ্রুত টিকার আওতায় আনার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। সংস্থাটির বাংলাদেশে উপপ্রতিনিধি রাজেশ নারওয়াল বলেছেন, এসব শিশু এখনো হামের ঝুঁকিতে রয়েছে। তাই তাদের কাছে পৌঁছাতে আর অপেক্ষা না করে জরুরি ভিত্তিতে কাজ শুরু করতে হবে।

শনিবার ঢাকায় ইনটেনসিফায়েড মিজলস-রুবেলা ক্যাচ-আপ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।

রাজেশ নারওয়াল বলেন, বাংলাদেশ এপ্রিলে দেশব্যাপী টিকাদান কর্মসূচি দ্রুত শুরু করে উল্লেখযোগ্য নেতৃত্বের পরিচয় দিয়েছে। সে সময় দেশে হাম আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছিল।

তিনি বলেন, ‘মহামারিবিদ্যাগত তথ্য, হাসপাতালের তথ্য এবং আমাদের আশপাশের বিভিন্ন সম্প্রদায়ের পরিস্থিতি থেকে আমরা জানি, বাংলাদেশে এখনো হামের সংক্রমণ চলছে। শিশুরা এখনো হাম আক্রান্ত হচ্ছে।’

WHO-এর এই কর্মকর্তা জানান, এ পর্যন্ত প্রায় ২ কোটি শিশুকে হাম ও রুবেলার টিকা দেওয়া হয়েছে। তবে এত বড় কর্মসূচির পরও কাজ এখনো শেষ হয়নি।

তিনি বলেন, টিকা না পাওয়া ৩৪ লাখ শিশুর কাছে আগামী ৩৬ দিনের মধ্যে পৌঁছানো একটি বড় কাজ। প্রতিদিন এক লাখেরও বেশি শিশুকে টিকার আওতায় আনতে হবে। তবে কর্মসূচির শেষ দিনের জন্য অপেক্ষা না করে এখনই টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করার কাজ শুরু করতে হবে।

রাজেশ নারওয়াল বলেন, ‘৩৪ লাখ শিশু, ৩৬ দিন, এটি বিশাল একটি কাজ। প্রতিদিন এক লাখেরও বেশি শিশুর কাছে পৌঁছাতে হবে। কিন্তু আমাদের শেষ দিনের জন্য অপেক্ষা করা উচিত নয়। এখনই কাজ শুরু করতে হবে। যেসব শিশু টিকা পায়নি এবং এখনো ঝুঁকিতে রয়েছে, তাদের খুঁজে বের করে সবার কাছে পৌঁছাতে হবে।’

তিনি বলেন, বাংলাদেশ সরকারের পাশে WHO পূর্ণাঙ্গভাবে কাজ করে যাচ্ছে। শুধু ক্যাচ-আপ টিকাদান কর্মসূচিতেই নয়, নিয়মিত টিকাদান কর্মসূচি আরও শক্তিশালী করা, রোগের নজরদারি বাড়ানো, প্রাদুর্ভাব মোকাবিলার সক্ষমতা উন্নত করা এবং কোনো শিশুকে টিকার আওতার বাইরে না রাখার ক্ষেত্রেও WHO সহায়তা করবে।

অভিভাবক ও শিশুদের দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিদের উদ্দেশে রাজেশ নারওয়াল বলেন, আগের টিকাদান কর্মসূচিতে কোনো কারণে কোনো শিশু টিকা থেকে বাদ পড়ে থাকলে এখনই তাকে টিকা দিতে হবে।

তিনি বলেন, ‘আপনার সন্তান যদি কোনো কারণে আগের কর্মসূচিতে টিকা নিতে না পারে, তাহলে দয়া করে এখনই তাকে টিকা দিন।’

টিকাটি অত্যন্ত কার্যকর এবং শিশুদের জন্য নিরাপদ উল্লেখ করে তিনি বলেন, সন্তানের ভবিষ্যৎ ও সুস্বাস্থ্যের জন্য এটি অন্যতম গুরুত্বপূর্ণ বিনিয়োগ।

স্থানীয় সম্প্রদায় ও ধর্মীয় নেতাদেরও টিকাদান কর্মসূচিতে সক্রিয়ভাবে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন WHO-এর এই কর্মকর্তা।

তিনি বলেন, ‘আপনাদের সম্প্রদায়ের মধ্যে যেসব শিশু বাদ পড়েছে, তাদের খুঁজে বের করুন এবং নিকটস্থ টিকাদান কেন্দ্রে যেতে উৎসাহিত করুন। পাশাপাশি টিকাদানকারী দলগুলোর কাজ সহজ করতে সহযোগিতা করুন।’

স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে রাজেশ নারওয়াল টিকা দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ মান বজায় রাখার আহ্বান জানান। বিশেষ করে টিকার সঠিক সংরক্ষণ ও পরিবহন নিশ্চিত করতে কোল্ড চেইন ব্যবস্থাপনা ঠিক রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, প্রতিটি শিশুর কাছে পৌঁছাতে হবে এবং টিকা দেওয়ার পর শিশুর ক্ষেত্রে কী ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে পারে, সে বিষয়ে অভিভাবক ও শিশুদের দেখভালকারীদের যথাযথ তথ্য দিতে হবে।

তিনি আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সমাজের মধ্যে খুঁজে খুঁজে সেই শেষ শিশুটির কাছেও পৌঁছানো, যে এখনো টিকার আওতার বাইরে রয়েছে।

গণমাধ্যমের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন রাজেশ নারওয়াল। টিকাদান নিয়ে ভুল তথ্য ও অপতথ্যের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘টিকা নিয়ে ভুল তথ্য ও অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দয়া করে সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করুন।’

রাজেশ নারওয়াল বলেন, সবাই একসঙ্গে কাজ করলে এবং টিকা পাওয়ার যোগ্য প্রতিটি শিশুর কাছে পৌঁছানো নিশ্চিত করা গেলে বাংলাদেশ খুব শিগগিরই হামের সংক্রমণ বন্ধ করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদী।

এদিকে, ঢাকার বনানী এলাকার কড়াইলের টিঅ্যান্ডটি মাঠে দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান কর্মসূচি-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সারদার মো. সাখাওয়াত হুসাইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এএনএম বজলুর রশিদ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মো. জাহিদ রায়হান এবং বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি গিলিয়ান মেলসপ।

দেশে হাম সংক্রমণ অব্যাহত থাকার প্রেক্ষাপটে নতুন এই ক্যাচ-আপ কর্মসূচির মাধ্যমে আগের টিকাদান কার্যক্রমে বাদ পড়া শিশুদের শনাক্ত করে টিকার আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। WHO বলছে, ইতোমধ্যে বিপুলসংখ্যক শিশুকে টিকা দেওয়া হলেও ঝুঁকিতে থাকা বাকি শিশুদের দ্রুত টিকার আওতায় আনা না গেলে সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা কঠিন হবে।

সূত্রঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এই শাখার আরও খবর

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের নতুন চুক্তি

শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তির ব্যবহার এবং বেসামরিক পারমাণবিক প্রযুক্তিতে সহযোগিতা আরও গভীর করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই…

বাংলাদেশে ইসলামপন্থীদের অবস্থান শক্ত হচ্ছে, তারেক রহমান আগুন নিয়ে খেলছেন: সাবেক ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক শক্তিগুলোর অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের  সাবেক হাইকমিশনার ভীণা সিক্রি। তাঁর দাবি, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও দেশ…

টানা তিন শিরোপার পর কোচিং ছাড়ার ভাবনা ফাগানের

অস্ট্রেলিয়ান ফুটবল লিগ (এএফএল) ক্লাব ব্রিসবেন লায়ন্সকে টানা তৃতীয়বার প্রিমিয়ারশিপ জেতানোর পর ২০২৭ সালে কোচ হিসেবে থাকবেন কি না, তা নিয়ে দ্বিধায় পড়েছেন ক্রিস ফাগান।…

পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, নিহত ১১

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি তল্লাশি চৌকিতে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। শনিবার (২৬ সেপ্টেম্বর)…

একদিনে মা-মেয়েসহ সড়কে ঝরল চার প্রাণ, আহত ৩০

দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার (২৬ সেপ্টেম্বর) মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এসব…

জাসদ কার্যালয়ে গোপন বৈঠকের অভিযোগ, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে কথিত গোপন বৈঠক এবং সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের অভিযোগে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে ঢাকা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au