অভিযুক্ত খায়রুল শেখ। ছবি : সংগৃহীত
নড়াইলের লোহাগড়ায় নেশার টাকা না পেয়ে আফসার শেখ (৬০) নামে এক বাবাকে কুপিয়ে হত্যা করেছেন তাঁর ছেলে খায়রুল শেখ (২৪)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন। নিহত আফসার শেখ পেশায় কৃষক ও ভ্যানচালক ছিলেন।
নিহতের পরিবার ও প্রতিবেশীরা জানান, খায়রুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। কিছুদিন আগে তাঁর বিয়ে হয়েছে। তবে বেকার থাকায় স্ত্রীর ভরণপোষণ ও মাদকের টাকার জন্য প্রায়ই বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করতেন। টাকা না পেলে বাড়ির বিভিন্ন জিনিসপত্রও বিক্রি করে দিতেন।
বৃহস্পতিবার দুপুরেও এসব বিষয় নিয়ে বাবা আফসার শেখের সঙ্গে খায়রুলের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে খায়রুল দা দিয়ে বাবার হাত, বুক, পেট ও মাথায় এলোপাতাড়ি কোপ দেন। এতে ঘটনাস্থলেই আফসারের মৃত্যু হয়। ঘটনার পর খায়রুল পালিয়ে যান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। অভিযুক্ত খায়রুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।