লক্ষ্মীপুরে হিন্দু শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ও টাকা ছিনতাই।ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে লক্ষ্মী রাণী নাথ নামে এক শিক্ষিকাকে মারধর করে তাঁর মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে আহত অবস্থায় তাঁকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
বুধবার (১১ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে চন্দ্রগঞ্জের আফজাল রোড থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন লক্ষ্মী রাণী নাথ। তিনি উপজেলার আলহাজ ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। বিদ্যালয়ের পাঠদান শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগীর সহকর্মীদের বরাতে জানা গেছে, বিদ্যালয় থেকে বের হয়ে লক্ষ্মী রাণী আফজাল রোড থেকে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। চন্দ্রগঞ্জ থানার পশ্চিম পাশে একটি নার্সারি এলাকায় যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু অটোরিকশাচালক তাঁকে কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনের সড়কের দিকে নিয়ে যান।
একপর্যায়ে সেখানে তাঁকে মারধর করে হাত, কান ও গলায় থাকা স্বর্ণালংকার, মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে তাঁকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে দেখতে পেয়ে উদ্ধার করেন এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
ভুক্তভোগী শিক্ষিকার সহকর্মী শিক্ষক আবুল হাসনাত জানান, ছিনতাইকারীরা লক্ষ্মী রাণীকে বেধড়ক মারধর করেছে। এতে তাঁর দুই চোখ ফুলে গেছে এবং চোখের পাতা কালচে হয়ে পড়েছে। মুখেও রক্তাক্ত জখম রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, ঘটনাটি মর্মান্তিক। অটোরিকশাচালক ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।