OTN BANGLA মতামত ও বিশ্লেষণ: শেখ হাসিনা দেশে ফিরবেন কি ফিরবেন না, তা নিয়ে এখন আর মাথা ঘামানোর বিশেষ প্রয়োজন আছে বলে মনে করি না। আমাকে বরং ভাবাচ্ছে সম্পূর্ণ অন্য একটি বিষয়। শেখ হাসিনার পরবর্তী রাজনৈতিক চালটি আসলে কী, সেটি কি কেউ বুঝতে পারছেন? সরকার তাঁর প্রত্যাবর্তন নিয়ে একের পর এক ব্যাখ্যা দিচ্ছে। কেউ পাসপোর্টের হিসাব কষছেন, কেউ প্রত্যর্পণের আইন বোঝাচ্ছেন, কেউ বলছেন তিনি ফিরবেনই না, আবার কেউ তাঁর প্রত্যাবর্তনের পর মৃত্যুদণ্ড কার্যকরের কথা বলছেন। অন্যদিকে শেখ হাসিনার সমর্থকেরা তাঁর রাজনৈতিক অভিজ্ঞতার ওপর আস্থা রেখে অপেক্ষা করছেন। তাঁদের বিশ্বাস, শেখ হাসিনা অতীতেও দেখিয়েছেন, তিনি যা বলেন, তা বাস্তবায়নের চেষ্টা করেন। কিন্তু মজার ব্যাপার হলো, তাঁর সমর্থকেরাও জানেন না তিনি ঠিক কীভাবে, কোন পরিস্থিতিতে কিংবা কোন রাজনৈতিক সমীকরণে ফিরতে চান। আমি ব্যক্তিগতভাবে শেখ হাসিনার বেশ কয়েকজন প্রথিতযশা সমর্থকের সাথে কথা বলেছি যাঁরা দাবী করেন শেখ হাসিনার সাথে তাঁদের যোগাযোগ আছ, তাঁরাও বলতে পারছেননা আসলে তাঁর গেমপ্ল্যানটি কী বা কেমন? পুরোই একটি ধোঁয়াশার মধ্যে আছেন তাঁরাও।
একদিকে সরকারের অনুমান, অন্যদিকে সমর্থকদের বিশ্বাস। মাঝখানে শেখ হাসিনার অপ্রকাশিত রাজনৈতিক পরিকল্পনা।
আমার কাছে সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয় হলো, শেখ হাসিনা তাঁর প্রত্যাবর্তনের পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রকাশ না করেও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে ফিরে এসেছেন। তাঁর প্রতিপক্ষকে বারবার তাঁর ভবিষ্যৎ সিদ্ধান্ত নিয়ে কথা বলতে হচ্ছে। এমনকি যাঁরা নিশ্চিতভাবে বলছেন তিনি ফিরবেননা, তাঁরাও তাঁর প্রত্যাবর্তনের সম্ভাব্য আইনি ও রাজনৈতিক পরিণতি নিয়ে ব্যস্ত। এটি কি শেখ হাসিনার সচেতন রাজনৈতিক কৌশল, নাকি তাঁর প্রত্যাবর্তন ঘিরে তৈরি হওয়া বাস্তব অনিশ্চয়তার ফল? উত্তর এখনও অজানা। কিন্তু তাঁর প্রতিপক্ষের প্রকাশ্য বক্তব্যগুলো দেখে মনে হচ্ছে, তাঁরা তাঁর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে নিশ্চিত না হয়েও নিশ্চিত সিদ্ধান্ত ঘোষণা করছেন।
ফিরবেন না, কিন্তু ফিরলে ফাঁসি! ভয় দেখানোর রাজনীতি
৯ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বাস্তবতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। পরদিন তিনি বলেন, প্রচলিত আইনে তাঁকে নতুন পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার সুযোগ নেই এবং তাঁকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফিরতে হবে। সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলও শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক ভুল হিসেবে ব্যাখ্যা করেছেন। তাঁর বক্তব্যে শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছার বাস্তবতা নিয়েও সন্দেহ প্রকাশ পেয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনা নিজে পাসপোর্টের আবেদন করেননি; একটি আইনজীবী প্রতিষ্ঠান তাঁর পক্ষে চিঠি পাঠিয়েছে। তাঁর যুক্তি, শেখ হাসিনা সত্যিই ফিরতে চাইলে প্রত্যর্পণের প্রক্রিয়ায় বড় জটিলতা থাকার কথা নয়। অন্যদিকে সরকারপন্থী সাংবাদিক তৃটিয় মাত্রাখ্যাত জিল্লুর রহমানের মতে, শেখ হাসিনা এসব করছেন তাঁর দলকে চাঙ্গা রাখার জন্য।
অতঃপর প্রশ্নটি থেকেই যায়। যাঁরা বলছেন শেখ হাসিনা ফিরবেন না, তাঁরা কীভাবে এত নিশ্চিত হচ্ছেন? তাঁদের কাছে কি তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য আছে? নাকি এসব বক্তব্য রাজনৈতিক প্রত্যাশা ও অনুমানের ওপর দাঁড়িয়ে? শেখ হাসিনা ফিরবেন না বলে নিশ্চিত হওয়া এবং তিনি ফিরলে কী ব্যবস্থা নেওয়া হবে, তা ব্যাখ্যা করা অবশ্য পরস্পরবিরোধী নয়। কিন্তু অনুমানকে নিশ্চিত তথ্যের ভাষায় প্রকাশ করলে সেই বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে।
আমার ধারণা সরকারপন্থী মানুষজন শেখ হাসিনা আসবেননা বলে প্রচার করলেও বাস্তবে তাঁরা শেখ হাসিনার ফিরে আসার ব্যপারটি উড়িয়েও দিতে পারছেননা; এর একটি বড় কারন শেখ হাসিনার অতীত রেকর্ড; প্রতিবারই শেখ হাসিনা দেশে ফিরেছেন যখন তাঁর প্রতিপক্ষ ক্ষমতায়; এখানেই তারেক রহমানের সাথে শেখ হাসিনার পার্থক্য। যাই হোক, শেখ হাসিনার পরবর্তী চালটি এখনও অজানা। অথচ তাঁর প্রতিপক্ষের কেউ কেউ এমনভাবে ভবিষ্যৎ বলে দিচ্ছেন, যেন রাজনৈতিক দাবার ঘুঁটিগুলো তাঁরাই সাজিয়ে রেখেছেন।
“নির্বাসিত নেতা আর দেশে ফেরেননি?”: ইতিহাস কিন্তু অন্য কথা বলে
রাজনৈতিক বিতর্কে সরকারী পক্ষ বারবারই বলছেন বা এমন ধারণা দিচ্ছেন যে, ক্ষমতা হারিয়ে দেশ ছাড়লে বা “পালিয়ে গেলে”, কোনো নেতার রাজনৈতিক প্রত্যাবর্তন আর সম্ভব নয়। কিন্তু বিশ্ব ইতিহাসে এমন সাধারণীকরণের ভিত্তি নেই।
ইরানের আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি প্রায় ১৫ বছর নির্বাসনে থাকার পর ১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি দেশে ফিরে আসেন। তাঁর প্রত্যাবর্তন ইরানের বিপ্লবী ক্ষমতা পরিবর্তনের গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে ওঠে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো আট বছরের বেশি সময় বিদেশে থাকার পর ২০০৭ সালের ১৮ অক্টোবর দেশে ফেরেন। তাঁর প্রত্যাবর্তন ঘিরে বিপুল রাজনৈতিক সমাবেশ হয়। একই দিনে তাঁর গাড়িবহরের কাছে ভয়াবহ বোমা হামলাও ঘটে। পরে সেই বছরের ডিসেম্বরে তিনি আততায়ীর হামলায় নিহত হন। হাইতির প্রেসিডেন্ট জঁ-বের্ত্রঁ আরিস্তিদ ১৯৯১ সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে নির্বাসনে যান। আন্তর্জাতিক কূটনৈতিক ও সামরিক হস্তক্ষেপের পর ১৯৯৪ সালের ১৫ অক্টোবর তিনি দেশে ফিরে ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত হন। ২০০৪ সালে আবার ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ২০১১ সালেও হাইতিতে ফিরে আসেন।
এই তিনটি উদাহরণের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। খোমেনির প্রত্যাবর্তন ঘটেছিল বিপ্লবের মধ্যে, বেনজির ফিরেছিলেন নির্বাচনী রাজনীতিতে অংশ নিতে, আর আরিস্তিদের প্রত্যাবর্তনে আন্তর্জাতিক হস্তক্ষেপ ছিল নির্ধারক। সুতরাং এসব উদাহরণ শেখ হাসিনার ভবিষ্যৎ প্রত্যাবর্তনের নিশ্চয়তা দেয় না। কিন্তু একটি দাবি নিঃসন্দেহে খণ্ডন করে: নির্বাসন বা ক্ষমতাচ্যুতির পর রাজনৈতিক নেতার দেশে ফেরার ঘটনা ইতিহাসে বিরল নয়। আমার ধারনা, এই চিন্তাটি সরকারী দলের মধ্যেও আছে। সেকারনেই স র কারের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে যা তাঁরা সাধারন মানুষের কাছে প্রকাশ করতে চাননা।
আরেকটি বিষয়ও মনে রাখা দরকার। শেখ হাসিনার ২০২৪ সালের দেশত্যাগকে সমর্থকেরা নিরাপত্তাজনিত বাধ্যতামূলক প্রস্থান হিসেবে ব্যাখ্যা করেন। অন্যদিকে তাঁর বিপক্ষশক্তি ছাত্র-জনতার আন্দোলনের মুখে তাঁর ক্ষমতাচ্যুতি ও ভারতে চলে যাওয়ার ঘটনাকে দেশত্যাগ বা পালিয়ে যাওয়া হিসেবে বর্ণনা করেছে। এই দুই রাজনৈতিক ব্যাখ্যার বিতর্ক দিয়ে তাঁর ভবিষ্যৎ প্রত্যাবর্তনের সম্ভাবনা নির্ধারণ করা যায় না।
আরেকটি ব্যপার হলো বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা বারবারই তাঁর জীবনকে হুমকির মধ্যে রেখে দেশে ফিরেছেন যখন তাঁর প্রতিপক্ষরাই ছিলো ক্ষমতায়।
১৯৮১ সালের ১৭ মে: শেখ হাসিনার নিজের ইতিহাসেই একটি উত্তর
শেখ হাসিনার ক্ষেত্রে বিদেশ থেকে দেশে ফেরার উদাহরণ খুঁজতে খুব দূরে যাওয়ার প্রয়োজন নেই।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য নিহত হওয়ার সময় শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে ছিলেন। পরবর্তী প্রায় ছয় বছর তাঁরা ভারতে নির্বাসিত জীবন কাটান। ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসেন। তখন রাষ্ট্রপতি ছিলেন জিয়াউর রহমান। শেখ হাসিনা ইতিমধ্যে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। জানা যায়, জিয়াউর রহমান চাননি যে, শেখ হাসিনা দেশে ফিরুন; এর প্রমান হচ্ছে, জিয়া সরকার তাঁকে বত্রিশ নম্বরের চাবি তাঁকে দিতে অস্বীকার করে, এবং তিনি রাস্তায় অবস্থান করে এটি আদায় করেন। তাঁর দীর্ঘদিনের ব্যক্তিগত কর্মকর্তা নাজিব আহমেদের বক্তব্য অনুযায়ী, দেশে ফেরার সময় শেখ হাসিনার পাসপোর্ট ছিল না এবং তাঁর প্রত্যাবর্তনে বাধা দেওয়ার চেষ্টা হয়েছিল। তবে তিনি নির্দিষ্টভাবে ট্রাভেল পাস ব্যবহার করেছিলেন কি না, সে বিষয়ে নির্ভরযোগ্য নথি স্পষ্ট নয়, কিন্তু তিনি নিশ্চয়ই কোন একটি আইনী সুরক্ষা নিয়েই দেশে ফিরেছিলেন।
ওপরের ঘটনাটি ছাড়াও তিনি ২০০৮ সালে দেশে ফেরেন যখন তৎকালীন সরকার তাঁকে বাধা দেয়ার সর্বতো চেষ্টা করেছিলো সেসময়; কিন্তু তিনি ফিরেছিলেন আইনী ঝামেলা মাথায় নিয়েই।
এই ইতিহাসের তাৎপর্য অন্য জায়গায়।
শেখ হাসিনা আগেও নির্বাসিত জীবন থেকে দেশে ফিরেছেন। তবে ১৯৮১ সালের রাজনৈতিক ও আইনি পরিস্থিতির সঙ্গে ২০২৬ সালের পরিস্থিতি এক নয়। বর্তমানে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় রয়েছে, যার বৈধতা ও বিচারপ্রক্রিয়া নিয়ে শুধু তাঁর পক্ষ নয়, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও আপত্তি জানিয়েছে।
তবু ইতিহাসের প্রশ্নটি প্রাসঙ্গিক: যিনি একবার নির্বাসিত জীবন থেকে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে দেশে ফিরেছেন, তাঁর দ্বিতীয় প্রত্যাবর্তনের সম্ভাবনাকে শুধু রাজনৈতিক অনুমানের ভিত্তিতে অসম্ভব বলা কতটা যুক্তিসংগত? সেকারনেই, আমার ধারনা, সরকার শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনাকে নাকচ করতে পারছেনা।
পাসপোর্ট নেই, তাই দেশে ফেরা যাবে না? সংবিধান কী বলে?
শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে পাসপোর্ট ও ট্রাভেল পাসের আলোচনা একটি গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন সামনে এনেছে। বাংলাদেশের সংবিধানের ৩৬ অনুচ্ছেদে বলা হয়েছে, আইন দ্বারা জনস্বার্থে আরোপিত যুক্তিসংগত বিধিনিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের বাংলাদেশে চলাফেরা, বসবাস, দেশত্যাগ এবং পুনঃপ্রবেশের অধিকার রয়েছে। আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক চুক্তির ১২(৪) অনুচ্ছেদেও নিজের দেশে প্রবেশের অধিকার থেকে কাউকে খেয়ালখুশিমতো বঞ্চিত না করার নীতি রয়েছে।
অন্যদিকে Bangladesh Passport Order, 1973-এর ৬ অনুচ্ছেদে নির্দিষ্ট পরিস্থিতিতে পাসপোর্ট বা ভ্রমণদলিল দিতে অস্বীকৃতি জানানোর ক্ষমতা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর শেখ হাসিনার ক্ষেত্রে সেই আইনি বিধানের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ বিষয়টি এত সরল নয় যে পাসপোর্ট নেই বলেই নাগরিকের দেশে ফেরার অধিকার শেষ। আবার নাগরিকত্ব থাকলেই সব অবস্থায় পাসপোর্ট দেওয়া বাধ্যতামূলক, সেটিও সঠিক নয়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য হলো, নিজের দেশে প্রবেশের অধিকার এবং দেশে প্রবেশের পর আইনগত জবাবদিহি দুটি পৃথক বিষয়। শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর বিরুদ্ধে বিদ্যমান রায়, গ্রেপ্তার এবং বিচারিক প্রক্রিয়ার প্রশ্ন থাকবে। কিন্তু সেই আইনি পরিণতি এবং তাঁকে কোন ভ্রমণদলিলের মাধ্যমে দেশে প্রবেশ করতে দেওয়া সম্ভব, তা আলাদাভাবে বিচার করা প্রয়োজন।
প্রত্যর্পণের গোলকধাঁধা: সরকার কি শুধু একটি পথই দেখছে?
সরকার বলছে, শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে। কিন্তু আন্তর্জাতিক প্রত্যর্পণ সব সময় দ্রুত সম্পন্ন হয় না। সংশ্লিষ্ট রাষ্ট্রের আইন, আদালতের সিদ্ধান্ত, আপিল, মানবাধিকারসংক্রান্ত আপত্তি এবং কূটনৈতিক বিবেচনার কারণে কোনো মামলা কয়েক মাসে নিষ্পত্তি হতে পারে, আবার কোনো মামলা বহু বছর ধরে চলতে পারে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একটি পুরোনো নিরীক্ষায় সাধারণ প্রত্যর্পণ মামলার সময় দুই থেকে চার বছর বলে উল্লেখ করা হয়েছিল। তবে এটি বৈশ্বিক গড় নয় এবং ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ প্রক্রিয়ার সম্ভাব্য সময়সীমাও নয়। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকলেও ভারতীয় কর্তৃপক্ষের নিজস্ব আইনি সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আবেদন জানাতে পারে, কিন্তু ভারত কীভাবে এবং কত দ্রুত নিষ্পত্তি করবে, তা বাংলাদেশের একক সিদ্ধান্তের বিষয় নয়।
এখানেই আমার প্রশ্ন।
সরকার যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমে ফিরিয়ে আনতে চায়, অথচ শেখ হাসিনা নিজেই ফিরে আসতে চান, তাহলে দুটি অবস্থানের মধ্যে সমন্বয়ের পথ কী? জাহেদ উর রহমানের বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনা স্বেচ্ছায় প্রত্যর্পণে সম্মত হলে আইনি জটিলতা কমতে পারে। এটি একটি সম্ভাব্য ব্যাখ্যা। তবে ভারতীয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের নিশ্চয়তা নয়। তাছাড়া শেখ হাসিনা অবশ্যই তাঁর “প্রত্যর্পণে”রাজী হবেননা; কিন্তু নিজেই দেশে আসতে চাইবেন।
সরকারের কাছে নিশ্চয়ই আইনগত প্রস্তুতি থাকতে পারে। কিন্তু সেই প্রস্তুতির পূর্ণাঙ্গ বিবরণ জনসমক্ষে নেই। তাই প্রশ্নটি এখনও গুরুত্বপূর্ণ: শেখ হাসিনার স্বেচ্ছায় প্রত্যাবর্তন এবং সরকারের প্রত্যর্পণের দাবি যদি একই উদ্দেশ্যে পৌঁছানোর দুটি পথ হয়, তাহলে রাজনৈতিক বিতর্ক এত তীব্র কেন?
শেখ হাসিনার প্রত্যাবর্তন: সরকারের সামনে দুই রাজনৈতিক ও বিচারিক চ্যালেঞ্জ
আমার ধারণা, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে এত আলোচনা ও পরস্পরবিরোধী অনুমানের পেছনে অন্তত দুটি গুরুত্বপূর্ণ অনিশ্চয়তা রয়েছে। প্রথমটি রাজনৈতিক, দ্বিতীয়টি বিচারিক। সরকার এই দুটি সম্ভাবনা নিয়ে কতটা উদ্বিগ্ন, তা আমরা জানি না। কিন্তু শেখ হাসিনা সত্যিই দেশে ফিরলে উভয় প্রশ্নই সামনে আসতে পারে।
প্রথম চ্যালেঞ্জ: শেখ হাসিনা ফিরে এলে দেশের রাজনৈতিক পরিস্থিতি কী হবে?
বাংলাদেশে আইনশৃঙ্খলা, অর্থনীতি, কর্মসংস্থান, গ্যাস-বিদ্যুৎ সরবরাহ এবং প্রশাসনিক জবাবদিহি নিয়ে মানুষের অসন্তোষ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব বিষয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশিত হচ্ছে। এর একটি অংশে শেখ হাসিনার শাসনামলের অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন এবং অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা দেখা যায়। অন্যদিকে শেখ হাসিনার শাসনামলের অর্থনৈতিক অর্জনের পাশাপাশি কর্তৃত্ববাদ, মানবাধিকার লঙ্ঘন এবং আর্থিক খাতের দুর্বলতার ইতিহাসও রয়েছে। তবু বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তোষ যদি অতীতের অর্জন সম্পর্কে মানুষের মূল্যায়নকে প্রভাবিত করে, তাহলে সেটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হতে পারে।
এমন পরিস্থিতিতে শেখ হাসিনা ফিরে এলে তাঁর সমর্থকদের প্রতিক্রিয়া কী হবে? নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা কীভাবে নিজেদের রাজনৈতিক অবস্থান প্রকাশ করবেন? আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হবে? তাঁর প্রত্যাবর্তন কি নতুন রাজনৈতিক সমাবেশ, প্রতিবাদ কিংবা সংঘাতের কারণ হবে?
এসব প্রশ্নের উত্তর আগে থেকে জানা সম্ভব নয়। কিন্তু সরকারের প্রস্তুতি মূল্যায়নের ক্ষেত্রে প্রশ্নগুলো এড়িয়ে যাওয়ারও সুযোগ নেই।
দ্বিতীয় চ্যালেঞ্জ: শেখ হাসিনা ফিরে আইনি প্রতিকার চাইলে কী হবে?
এই প্রশ্নটি আরও জটিল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১(৩) ধারায় রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে এবং সময়সীমা অতিক্রান্ত হলে আপিল গ্রহণ করা যাবে না বলে উল্লেখ রয়েছে। সরকারের প্রধান কৌঁসুলির অবস্থানও সেটিই। কিন্তু বাংলাদেশের বিচারিক ইতিহাসে এমন ঘটনাও রয়েছে, যেখানে নির্ধারিত সময়সীমা অতিক্রমের পর প্রতিকারের প্রশ্ন আদালতে উত্থাপিত হয়েছে।
উদাহরণ হিসেবে মাওলানা আবুল কালাম আজাদ, যিনি ‘বাচ্চু রাজাকার’ নামে পরিচিত, তাঁর মামলাটি উল্লেখ করা যায়। ২০১৩ সালে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড হয়। দীর্ঘদিন পর ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার আত্মসমর্পণ ও আপিলের শর্তে তাঁর দণ্ড স্থগিত করে। ২০২৬ সালে তিনি আত্মসমর্পণ করে আপিল করেন। তবে আদালত বিলম্বিত আপিলের যুক্তি গ্রহণ করেননি বলে সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে।
এই উদাহরণটি শেখ হাসিনার আপিল গ্রহণযোগ্য হওয়ার নজির নয়। বরং এটি দেখায়, নির্বাহী বিভাগের সিদ্ধান্ত, বিশেষ আইনের বিধান এবং সর্বোচ্চ আদালতের এখতিয়ারের মধ্যে কী ধরনের জটিল প্রশ্ন তৈরি হতে পারে। সংবিধানের ১০৪ অনুচ্ছেদে আপিল বিভাগকে বিচারাধীন বিষয়ে সম্পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করার বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। অন্য মামলায় এই ক্ষমতা ব্যবহার করে বিলম্ব মার্জনার নজিরও রয়েছে। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের স্পষ্ট ৩০ দিনের বিধান অতিক্রম করে একই প্রতিকার পাওয়া যাবে কি না, সেটি পৃথক আইনি প্রশ্ন।
শেখ হাসিনার আইনজীবীরা দেশে ফিরে এমন কোনো সাংবিধানিক বা বিচারিক প্রতিকারের আবেদন করলে আদালত প্রথমে তার গ্রহণযোগ্যতা নির্ধারণ করবেন। আবেদন করা, আদালতের তা গ্রহণ করা এবং রায় কার্যকর স্থগিত হওয়া তিনটি সম্পূর্ণ পৃথক পর্যায়।
এর সঙ্গে আরও একটি বিষয় যুক্ত রয়েছে। Amnesty International এবং Human Rights Watch শেখ হাসিনার বিচারপ্রক্রিয়ার ন্যায্যতা ও মৃত্যুদণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই সংস্থাগুলো ২০২৪ সালের আন্দোলনে সংঘটিত অপরাধের জবাবদিহির প্রয়োজনীয়তা অস্বীকার করেনি; তাদের আপত্তি মূলত বিচারপ্রক্রিয়া ও শাস্তির প্রকৃতি নিয়ে। সুতরাং শেখ হাসিনা দেশে ফিরে আইনগত প্রতিকার চাইলে তাঁর বিরুদ্ধে দেওয়া রায়ের পাশাপাশি বিচারপ্রক্রিয়ার ন্যায্যতা নিয়েও আলোচনা হতে পারে। তবে সেই আলোচনা আদালতের সিদ্ধান্তকে কোন দিকে নিয়ে যাবে, তা এখনই বলা যায় না।
এখানেই আমার মূল প্রশ্ন: সরকার কি শেখ হাসিনার প্রত্যাবর্তনের শুধু তাৎক্ষণিক আইনি পরিণতি বিবেচনা করছে, নাকি সম্ভাব্য রাজনৈতিক প্রতিক্রিয়া ও পরবর্তী বিচারিক জটিলতার জন্যও প্রস্তুত রয়েছে?
শেখ হাসিনার সমর্থকেরা তাঁর প্রত্যাবর্তনের ঘোষণায় আস্থা রাখছেন। রাজনৈতিক প্রতিপক্ষের কেউ কেউ বলছেন, তিনি ফিরবেন না। আবার সরকারের বিভিন্ন পর্যায় থেকে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাব্য পরিণতি নিয়ে বক্তব্য আসছে। কিন্তু শেখ হাসিনার পূর্ণাঙ্গ পরিকল্পনা সম্পর্কে প্রকাশ্যে নিশ্চিত তথ্য নেই।
আমার কাছে এই অনিশ্চয়তাই সবচেয়ে আকর্ষণীয়। শেখ হাসিনা কি রাজনৈতিক প্রত্যাবর্তনের পাশাপাশি কোনো বিচারিক কৌশলও বিবেচনা করছেন? নাকি তাঁর ঘোষণার পেছনে অন্য কোনো রাজনৈতিক হিসাব রয়েছে? সরকার অনুমান করছে, সমর্থকেরা বিশ্বাস করছেন। অথচ শেখ হাসিনার পরবর্তী চালটি কী, সেটি এখনও কেউ নিশ্চিতভাবে জানেন না। রাজনৈতিক দাবার বোর্ডে এই অজানা চালই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
রাজনৈতিক দমন, জনঅসন্তোষ এবং প্রত্যাবর্তনের সম্ভাব্য প্রেক্ষাপট
শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি থেকে বিচ্ছিন্ন করা যায় না। ২০২৪ সালের আগস্টের পর আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যাপক গ্রেপ্তার, দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক হয়রানির অভিযোগ উঠেছে। মানবাধিকার সংস্থাগুলোও নির্বিচার গ্রেপ্তার, রাজনৈতিক সহিংসতা ও বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে শেখ হাসিনার শাসনামলে বিরোধী মত দমন, গুম এবং ২০২৪ সালের আন্দোলনে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও রয়েছে। জাতিসংঘের অনুসন্ধানে আন্দোলনের সময় বিপুল প্রাণহানির কথা বলা হয়েছে, কিন্তু এই রিপোর্টটিও বিতর্কের উর্ধ্বে নয়, কারন এখানে সাংঘর্ষিক স্বার্থ থাকার কারনে রিপোর্টটি প্রশ্নবিদ্ধ। তবে প্রানহানির বিষয়টি উপেক্ষা করা যায়না।
কিন্তু একটি বিষয় গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দমন এবং রাজনৈতিক সমর্থন বিলুপ্ত করা এক বিষয় নয়।
কোনো দলের সাংগঠনিক কার্যক্রম সীমিত করা সম্ভব। কিন্তু তার সমর্থকদের রাজনৈতিক পরিচয়, ঐতিহাসিক স্মৃতি ও আবেগ প্রশাসনিক আদেশে মুছে ফেলা যায় না। একইভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক অনিশ্চয়তা, কর্মসংস্থানের সংকট এবং প্রশাসনিক জবাবদিহি নিয়ে মানুষের অসন্তোষ থাকলে অতীতের সরকার সম্পর্কে তাঁদের মূল্যায়ন বদলাতে পারে। তবে সেই পরিবর্তন কতটা ঘটছে, তা নির্ভরযোগ্য জনমত জরিপ ছাড়া বলা সম্ভব নয়।
মুক্তিযুদ্ধের স্মৃতি, নাম পরিবর্তন এবং রাজনৈতিক প্রতিক্রিয়া
২০২৪ সালের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং তাঁদের পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে বহাল রাখার সিদ্ধান্তও আদালতের আদেশে পরিবর্তিত হয়েছে। এসব পদক্ষেপের পক্ষে যুক্তি রয়েছে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ও পারিবারিক প্রতীক থেকে আলাদা করা প্রয়োজন। অন্যদিকে সমালোচকেরা কিছু পরিবর্তনকে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্মৃতির ওপর আঘাত হিসেবে দেখছেন।
এখানে দলীয় রাজনীতি ও জাতীয় ইতিহাসের মধ্যে পার্থক্য রাখা জরুরি। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। কিন্তু বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাতীয় ইতিহাসের অংশ। দলীয় বিরোধিতা এবং ঐতিহাসিক সত্যের মূল্যায়ন এক বিষয় নয়। শেখ হাসিনা তাঁর প্রত্যাবর্তনের রাজনীতিতে এই ঐতিহাসিক স্মৃতি ও পরিচয়ের প্রশ্নকে কীভাবে ব্যবহার করবেন, সেটিও ভবিষ্যৎ রাজনৈতিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে।
সমর্থকেরা বিশ্বাস করছেন, কিন্তু তাঁরাও কি পরিকল্পনা জানেন?
এবার শেখ হাসিনার সমর্থকদের দিকে তাকানো যাক।
তাঁদের একটি অংশ বিশ্বাস করেন, শেখ হাসিনা অতীতেও রাজনৈতিক প্রতিকূলতা মোকাবিলা করেছেন এবং ঘোষিত সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করেছেন। ১৯৮১ সালের প্রত্যাবর্তন তাঁদের কাছে সেই বিশ্বাসের একটি ঐতিহাসিক ভিত্তি। কিন্তু অতীতের অভিজ্ঞতা ভবিষ্যতের নিশ্চয়তা নয়। শেখ হাসিনা কখন ফিরবেন, কীভাবে ফিরবেন, ভারত কী ভূমিকা নেবে, প্রত্যাবর্তনের পর তাঁর রাজনৈতিক অবস্থান কী হবে, এসব বিষয়ে তাঁর সমর্থকদের কাছেও পূর্ণাঙ্গ তথ্য নেই। তাই সমর্থকদের অবস্থান মূলত আস্থার ওপর দাঁড়িয়ে, নিশ্চিত তথ্যের ওপর নয়।
অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষের একাংশ তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনাকে নাকচ করছেন, যদিও তাঁদের কাছেও তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার পূর্ণাঙ্গ বিবরণ নেই। এক পক্ষ বলছে, তিনি ফিরবেনই। অন্য পক্ষ বলছে, তিনি ফিরবেন না। অথচ দুই পক্ষের কেউই তাঁর পরবর্তী পদক্ষেপ নিশ্চিতভাবে জানে না। এটাই বর্তমান বিতর্কের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য।
শেখ হাসিনার আন্তর্জাতিক দাবার চাল: গেম থিওরি, কূটনৈতিক সংকেত ও অদৃশ্য সমীকরণ
শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণাকে শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির আলোকে বিশ্লেষণ করলে সম্ভবত পুরো চিত্রটি বোঝা যাবে না। আমার ধারণা, তাঁর এই সিদ্ধান্তের পেছনে আন্তর্জাতিক রাজনৈতিক সমীকরণেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে। বিশেষ করে ভারত ও যুক্তরাষ্ট্রের অবস্থান বিবেচনা না করে শেখ হাসিনার পরবর্তী রাজনৈতিক চালের অর্থ বোঝা কঠিন।
রাজনৈতিক বিজ্ঞানের Game Theory বা খেলা তত্ত্বের আলোকে বিষয়টি বিশ্লেষণ করলে একটি আকর্ষণীয় পরিস্থিতি সামনে আসে। এখানে শেখ হাসিনা একমাত্র খেলোয়াড় নন। বাংলাদেশের সরকার, ভারত, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আন্তর্জাতিক পক্ষও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই রাজনৈতিক খেলায় যুক্ত। প্রত্যেকের নিজস্ব স্বার্থ, সীমাবদ্ধতা ও সম্ভাব্য লাভ-ক্ষতির হিসাব রয়েছে। একজনের সিদ্ধান্ত অন্যদের প্রতিক্রিয়াকে প্রভাবিত করতে পারে। আবার অন্যদের সম্ভাব্য প্রতিক্রিয়া বিবেচনা করেই একজন খেলোয়াড় নিজের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে পারেন।
আমার ব্যক্তিগত ধারণা, শেখ হাসিনার মতো দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন একজন নেতা দেশে ফেরার ঘোষণা দেওয়ার আগে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করেছেন। আইনশৃঙ্খলা, অর্থনৈতিক চাপ, কর্মসংস্থান, গ্যাস-বিদ্যুৎ সরবরাহ এবং প্রশাসনিক জবাবদিহি নিয়ে মানুষের অসন্তোষ তাঁর রাজনৈতিক হিসাবের অংশ হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর শাসনামলের উন্নয়নের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনাও দেখা যাচ্ছে। তবে এসব প্রতিক্রিয়া থেকে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাঁর প্রত্যাবর্তন চাইছেন, এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না।
কিন্তু শুধু দেশের পরিস্থিতি নয়। আন্তর্জাতিক অবস্থানও সমান গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। ভারত তাঁকে বাংলাদেশে প্রত্যর্পণ করেনি। আবার ১০ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তাঁর প্রত্যাবর্তনের প্রশ্নে বলেছেন, প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং ভ্রমণের জন্য উপযুক্ত দলিল প্রয়োজন। ভারত তাঁর প্রত্যাবর্তনে সহযোগিতা করবে কি না, কিংবা কোন শর্তে করবে, সে বিষয়ে কোনো চূড়ান্ত অবস্থান প্রকাশ করেনি। এখানেই Signaling Theory বা সংকেত তত্ত্বের প্রশ্নটি আসে।
আন্তর্জাতিক রাজনীতিতে সব সংকেত প্রকাশ্য বিবৃতির মাধ্যমে দেওয়া হয় না। কখনো কূটনৈতিক যোগাযোগ, কখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ বা বিলম্বিত করা, আবার কখনো কোনো বিষয়ে নীরব থাকাও সংশ্লিষ্ট পক্ষের কাছে গুরুত্বপূর্ণ তথ্য বহন করতে পারে। তবে নীরবতা নিজেই ইতিবাচক সমর্থনের প্রমাণ নয়। আমার অনুমান, শেখ হাসিনা ভারতের সম্ভাব্য অবস্থান সম্পর্কে কিছু ধারণা তৈরি করে থাকতে পারেন। একইভাবে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পক্ষ তাঁর প্রত্যাবর্তনকে কীভাবে দেখবে, সেটিও তাঁর রাজনৈতিক বিবেচনায় থাকতে পারে। তিনি যদি মনে করেন, আন্তর্জাতিক প্রতিক্রিয়া তাঁর প্রত্যাবর্তনের জন্য সম্পূর্ণ প্রতিকূল হবে না, তাহলে সেই মূল্যায়ন তাঁর সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে।
কিন্তু এখানে একটি বিষয় পরিষ্কার রাখা প্রয়োজন। ভারত বা যুক্তরাষ্ট্র থেকে তিনি ইতিবাচক সংকেত পেয়েছেন, এমন কোনো নির্ভরযোগ্য প্রকাশ্য প্রমাণ নেই। ফলে এটি একটি সম্ভাব্য রাজনৈতিক ব্যাখ্যা, প্রতিষ্ঠিত ঘটনা নয়। তবে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় এটি বলাই যায় যে, আন্তর্জাতিক পক্ষগুলোর এক ধরনের অনুকুল সিগন্যাল না পেলে বর্তমান অবস্থায় শেখ হাসিনার দেশে ফেরার সিদ্ধান্ত নেয়াতে ঝুঁকি অনেক বেশী, এবং এই অর্থে তাঁর মত ম্যাচুওর রাজনীতিকের শুধুই “রোমান্টিসিজমের” ভিত্তিতে সিদ্ধান্ত নেয়ার কথা নয়।
গেম থিওরির ভাষায় এই পরিস্থিতিকে Game of Incomplete Information বা অসম্পূর্ণ তথ্যের খেলা বলা যায়। বাংলাদেশের সরকার শেখ হাসিনার সম্পূর্ণ পরিকল্পনা জানে না। শেখ হাসিনাও ভারত, যুক্তরাষ্ট্র কিংবা বাংলাদেশের সরকারের ভবিষ্যৎ প্রতিটি সিদ্ধান্ত নিশ্চিতভাবে জানেন, এমন ধরে নেওয়ার কারণ নেই। প্রত্যেক পক্ষ অন্যদের সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে অনুমান করছে এবং সেই অনুমানের ভিত্তিতে নিজের অবস্থান নির্ধারণ করছে।
এখানে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণাটি একটি Strategic Signal হিসেবেও কাজ করতে পারে। তিনি শুধু দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করছেন না; তাঁর ঘোষণার ফলে বাংলাদেশ সরকারকে পাসপোর্ট, প্রত্যর্পণ, গ্রেপ্তার এবং বিচারিক পরিণতি সম্পর্কে প্রকাশ্যে অবস্থান জানাতে হচ্ছে। ভারতকেও প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। ফলে তাঁর ঘোষণা অন্য পক্ষগুলোর অবস্থান সম্পর্কে নতুন তথ্য সামনে আনছে।
এটিকে Signaling Game হিসেবে দেখা যায়। তবে তাঁর ঘোষণাটি সত্যিকার অর্থে কতটা বিশ্বাসযোগ্য সংকেত, তা নির্ভর করবে পরবর্তী বাস্তব পদক্ষেপের ওপর। পাসপোর্টের জন্য আইনজীবীদের যোগাযোগ সেই দিক থেকে একটি পর্যবেক্ষণযোগ্য পদক্ষেপ, যদিও সেটি প্রত্যাবর্তনের নিশ্চয়তা নয়।
আরেকটি বিষয় আমার কাছে গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা যদি দেশে ফেরার ঘোষণা দিয়ে বিভিন্ন পক্ষের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেন, তাহলে তিনি নিজের পরবর্তী সিদ্ধান্তের জন্য নতুন তথ্য সংগ্রহের সুযোগ পাচ্ছেন। কিন্তু তাঁর প্রতিপক্ষও একইভাবে তাঁর বক্তব্য ও পদক্ষেপ থেকে তথ্য সংগ্রহ করতে পারে। অর্থাৎ এই খেলায় তথ্যের সুবিধা কোনো এক পক্ষের একচেটিয়া নয়। এখানেই Strategic Ambiguity বা কৌশলগত অস্পষ্টতার ভূমিকা। শেখ হাসিনা প্রত্যাবর্তনের উদ্দেশ্য জানিয়েছেন, কিন্তু পূর্ণাঙ্গ পথ প্রকাশ করেননি। ফলে তাঁর ঘোষণার পরও অনেক প্রশ্নের উত্তর অজানা রয়ে গেছে।
আমার কাছে তাই আন্তর্জাতিক দাবার বোর্ডে শেখ হাসিনার অবস্থানটি বিশেষভাবে কৌতূহলোদ্দীপক। তিনি কি দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া মূল্যায়ন করে একটি হিসাবকৃত ঝুঁকি নিচ্ছেন? নাকি প্রত্যাবর্তনের ঘোষণা দিয়েই সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিক্রিয়া পরীক্ষা করছেন? অথবা সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে তিনি সিগন্যাল পেয়েছেন? দেশে ফেরার আকুতি এক বিষয়, আর পরিপক্ক রাজনৈতিক সিদ্ধান্ত ভিন্ন জিনিস।
দুটি সম্ভাবনাই বিশ্লেষণের দাবি রাখে। গেম থিওরির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, একজন খেলোয়াড়ের চাল শুধু তাঁর নিজের ইচ্ছার ওপর নির্ভর করে না; অন্য খেলোয়াড়েরা কী করতে পারেন, সেই প্রত্যাশার ওপরও নির্ভর করে। শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নেও সেটিই প্রযোজ্য। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, ভারতের সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রতিক্রিয়া এবং দেশের বিচারিক প্রক্রিয়া—সব মিলিয়েই তাঁর সামনে বিভিন্ন পথ ও ঝুঁকি রয়েছে।
শেখ হাসিনা পরবর্তী চালটি কী দেবেন, তা এখনও অজানা। কিন্তু তাঁর ঘোষণা ইতিমধ্যে অন্য পক্ষগুলোকে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে বাধ্য করেছে। রাজনৈতিক দাবার এই পর্যায়ে সেটিই সবচেয়ে লক্ষণীয় ঘটনা। আমার ধারনা সরকারী পক্ষও জানে যে, আন্তর্জাতিক পক্ষগুলোর কাছ থেকে একেবারেই কোন সিগ ন্যাল না পেয়ে শেখ হাসিনার এমন সিদ্ধান্ত নেয়ার কথা নয়। এ কারনেই স র কার এত চিন্তিত, এবং তাঁদের আচার আচরণে এক ধরনের অস্থিরতা লক্ষ্যনীয়।
রাজনৈতিক দাবায় অপ্রকাশিত চালের গুরুত্ব
রাজনৈতিক বিজ্ঞানের Strategic Ambiguity বা কৌশলগত অস্পষ্টতার ধারণা এখানে প্রাসঙ্গিক। কখনো কোনো রাজনৈতিক ব্যক্তি নিজের উদ্দেশ্য ঘোষণা করলেও সেই উদ্দেশ্য বাস্তবায়নের পদ্ধতি সম্পূর্ণ প্রকাশ করেন না। এতে প্রতিপক্ষকে বিভিন্ন সম্ভাবনা বিবেচনা করতে হয়। শেখ হাসিনার বর্তমান অবস্থানকে এই ধারণার আলোকে বিশ্লেষণ করা যায়।
তিনি প্রত্যাবর্তনের ইচ্ছা জানিয়েছেন। ডিসেম্বরের কথা বলেছেন। আদালতে আত্মসমর্পণের পরিকল্পনাও প্রকাশ করেছেন। কিন্তু নির্দিষ্ট দিন, যাত্রাপথ এবং ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সম্ভাব্য ব্যবস্থার বিস্তারিত প্রকাশ করেননি। এর ফলে তাঁর প্রতিপক্ষকে বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করতে হচ্ছে। সমর্থকেরাও অপেক্ষা করছেন।
এটি সচেতনভাবে পরিকল্পিত রাজনৈতিক কৌশল কি না, তা নিশ্চিত নয়। বাস্তব আইনি ও কূটনৈতিক অনিশ্চয়তাও এর কারণ হতে পারে। তবে শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে তাঁর প্রত্যাবর্তনের ঘোষণা যে রাজনৈতিক গুরুত্ব পাচ্ছে, তা স্পষ্ট।
রাজনৈতিক পরিপক্বতা শুধু নিজের পরিকল্পনা প্রকাশ না করার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রতিপক্ষের সম্ভাব্য প্রতিক্রিয়া বোঝা, পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে কৌশল সমন্বয় করা এবং নিজের সিদ্ধান্তের পরিণতি বিবেচনা করাও এর অংশ। শেখ হাসিনার পরবর্তী পদক্ষেপ সেই পরীক্ষার মুখোমুখি হবে। সরকারের প্রস্তুতিও একইভাবে পরীক্ষিত হবে।
শেষ প্রশ্ন: সবাই কি শেখ হাসিনার চালের অপেক্ষায়?
শেখ হাসিনা দেশে ফিরবেন কি ফিরবেন না, সেটি এখন আমার কাছে প্রধান প্রশ্ন নয়। আমার প্রশ্ন, তাঁর পরবর্তী রাজনৈতিক চালটি কী? সরকার তাঁর প্রত্যাবর্তনের আইনি পরিণতি ব্যাখ্যা করছে। তাঁর রাজনৈতিক প্রতিপক্ষের কেউ কেউ তাঁর ঘোষণার বাস্তবতা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। সমর্থকেরা তাঁর অতীত অভিজ্ঞতার ওপর আস্থা রাখছেন। ভারত এখনও প্রত্যর্পণের প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করেনি। এই পরিস্থিতিতে একটি বিষয় লক্ষণীয়। শেখ হাসিনার ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে অনিশ্চয়তা থাকলেও তাঁকে ঘিরে রাজনৈতিক আলোচনা থেমে নেই।
বরং তাঁর প্রত্যাবর্তনের ঘোষণা বিভিন্ন পক্ষকে নিজেদের অবস্থান বারবার ব্যাখ্যা করতে বাধ্য করছে। এটিকে শেখ হাসিনার রাজনৈতিক সাফল্য বলে ঘোষণা করা এখনই যথাযথ হবে না। কারণ রাজনৈতিক সাফল্যের বিচার শেষ পর্যন্ত বাস্তব ফলাফলের ভিত্তিতেই করতে হয়। কিন্তু এটুকু বলা যায়, তাঁর প্রত্যাবর্তনের প্রশ্ন বাংলাদেশের রাজনৈতিক আলোচনার গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে উঠেছে।
সরকার জানে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায়। সমর্থকেরা বিশ্বাস করেন, শেখ হাসিনা ফিরতে চান। কিন্তু শেখ হাসিনার পরবর্তী চালটি ঠিক কী, সেটি এখনও প্রকাশ্যে নিশ্চিত নয়। রাজনৈতিক দাবার বোর্ডে সব ঘুঁটি দেখা যায়। কিন্তু প্রতিপক্ষের মাথায় কী চাল চলছে, তা সব সময় দেখা যায় না। শেখ হাসিনার গেম প্ল্যানের রহস্যও আপাতত সেখানেই। তিনি কী করবেন, তার চেয়ে বেশি আলোচনা চলছে অন্যরা মনে করছেন তিনি কী করবেন। আর এই অনুমান ও বিশ্বাসের মাঝখানে দাঁড়িয়েই বাংলাদেশের রাজনীতিতে একটি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে:
দাবার বোর্ডে পরবর্তী চালটি কার?