দক্ষিণ গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি হামলায় ছয়জন নিহত এবং ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ছবি: রয়টার্স
ফিলিস্তিনের দক্ষিণ গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালের একটি ভবন থেকে নিহতদের মরদেহ ও আহত ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে। নাসের হাসপাতাল কর্তৃপক্ষও এক বিবৃতিতে ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
হামলার বিষয়ে জানতে চাইলে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, তাঁরা ঘটনাটি খতিয়ে দেখছেন। তবে হামলার লক্ষ্যবস্তু বা এর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। প্রায় দুই বছর ধরে চলা সংঘাতের পর ২০২৫ সালের অক্টোবরে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ নিয়ে এখনো পরস্পরকে দায়ী করে আসছে ইসরায়েল ও হামাস।

দক্ষিণ গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি হামলায় ছয়জন নিহত এবং ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।ছবি: রয়টার্স
এর মধ্যেই গত ৩ নভেম্বর গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ১৩ বছর বয়সী এক বালকসহ সাতজন নিহত হন বলে স্থানীয় জরুরি পরিষেবা সূত্র জানিয়েছে। অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ওই হামলায় তাদের লক্ষ্য ছিল সামরিক সদস্যরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৫৯০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে ইসরায়েলি সামরিক বাহিনীর সাত সেনা এবং একজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় প্রাণহানি ও হামলার ঘটনা অব্যাহত থাকায় অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়ে গেছে।
সুত্রঃ এএফপি