অস্ট্রেলিয়া

চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্কট বোম্যানের পদত্যাগ

ভুল স্বীকৃতির কারণে প্রায় ৩০০ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত; অন্তর্বর্তী উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন ফিওনা কুলসন

  • 7:09 am - February 24, 2026
  • পঠিত হয়েছে:১০২ বার
টেইফ কোর্সে স্বীকৃতি সংক্রান্ত অনিয়মের ঘটনায় চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্কট বোম্যান পদত্যাগ করেছেন। Image: CDU

মেলবোর্ন ২৪ ফেব্রুয়ারি: টেইফ (TAFE) কোর্সের স্বীকৃতি সংক্রান্ত কেলেঙ্কারির জেরে চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের (CDU) উপাচার্য ও প্রেসিডেন্ট অধ্যাপক স্কট বোম্যান পদত্যাগ করেছেন। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

চলতি মাসের শুরুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বীকার করে, কিছু টেইফ শিক্ষার্থী প্রয়োজনীয় সব “সম্পর্কিত দক্ষতা ইউনিট” (associated units of competency) সম্পন্ন না করেই ভুলবশত যোগ্য ঘোষণা করা হয়েছিল। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (ABC) প্রথমে জানায়, অন্তত ৪০ জন কার্পেন্ট্রি অ্যাপ্রেন্টিসকে পুনরায় পড়াশোনায় ফিরতে হবে। পরে সংখ্যাটি বেড়ে ২৯৬-এ দাঁড়ায়। এদের মধ্যে সার্টিফিকেট টু ইন কনস্ট্রাকশন পাথওয়েজেস কোর্সের শিক্ষার্থীরাও রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, অধ্যাপক বোম্যান ও এক্সিকিউটিভ কাউন্সিল সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে, বর্তমান পরিস্থিতিতে তাঁর সরে দাঁড়ানোই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সবচেয়ে ভালো হবে। এতে করে শিক্ষার্থী, কর্মী এবং নর্দান টেরিটরির কমিউনিটির প্রতি বিশ্ববিদ্যালয়ের দায়বদ্ধতা যথাযথভাবে পালন করা সহজ হবে। বিবৃতিতে আরও বলা হয়, মানসম্মত প্রশিক্ষণ, শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতেই এখন সর্বোচ্চ মনোযোগ দেওয়া হচ্ছে।

সিডিইউর চ্যান্সেলর ট্রেভর রাইলি এও কেসি অধ্যাপক বোম্যানের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বলেন, তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় অনেক ক্ষেত্রেই শক্ত ভিত্তি পেয়েছে। একই সঙ্গে তিনি এই পদত্যাগের পেছনের পরিস্থিতিকে ‘কঠিন ও বেদনাদায়ক’ বলে উল্লেখ করেন। টেইফ কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করে জানায়, এই অনিশ্চয়তার সময় তাদের যে উদ্বেগ ও বিঘ্নের মুখে পড়তে হয়েছে, তার জন্য তারা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

এই কেলেঙ্কারির পর সিডিইউতে এটি দ্বিতীয় শীর্ষ পর্যায়ের পদত্যাগ। এর আগে গত সপ্তাহে প্রো-ভাইস চ্যান্সেলর ও টেইফ প্রধান নির্বাহী মাইকেল হ্যামিল্টনও পদত্যাগ করেন।

এদিকে, আরালুয়েনের স্বতন্ত্র এমএলএ রবিন ল্যাম্বলি অধ্যাপক বোম্যানের বিদায় নিয়ে স্বচ্ছতা দাবি করেছেন। তিনি বলেন, “আমি আশা করি তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। নর্দান টেরিটরির করদাতাদের যেন কোটি কোটি ডলারের ক্ষতিপূরণ দিতে না হয়।” তাঁর মতে, শীর্ষ নির্বাহীদের বিদায়ের ক্ষেত্রে প্রায়ই করদাতাদের ওপর বড় অঙ্কের আর্থিক চাপ পড়ে।

গত বছরের নভেম্বরে ঘোষণা করা হয়েছিল, অধ্যাপক বোম্যানের মেয়াদ ২০২৬ সালের এপ্রিল শেষ হলেও তাঁকে ২০৩১ সাল পর্যন্ত আরও পাঁচ বছরের জন্য পুনর্নিয়োগ দেওয়া হবে। তবে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ফিওনা কুলসন জানান, বোম্যান আর নতুন চুক্তিতে যাচ্ছেন না এবং অবশিষ্ট মেয়াদে তিনি ছুটিতে থাকবেন।

ফিওনা কুলসন আপাতত ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এপ্রিল থেকে তিনি অন্তর্বর্তী উপাচার্য হিসেবে দায়িত্ব নেবেন। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন উপাচার্য নিয়োগের জন্য আনুষ্ঠানিক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।

এই শাখার আরও খবর

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au