বাংলাদেশ

টার্মিনালে এলএনজি শেষ, আবারও কমল গ্যাস সরবরাহ

  • 2:23 am - August 20, 2026
  • পঠিত হয়েছে:১৩৫ বার
গ্যাস সংকটে উৎপাদন নেমে অর্ধেকে, কয়েক শ কারখানা বন্ধ । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ আগষ্ট- মহেশখালীতে এক্সিলারেট পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) মজুত শেষ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। কার্যক্রম শুরুর কয়েক দিনের মধ্যেই টার্মিনালটি আবার বন্ধ হয়ে যাওয়ায় দেশে গ্যাস সরবরাহে নতুন করে সংকট তৈরি হয়েছে।

পেট্রোবাংলার একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বুধবার (১৯ আগস্ট) বিকেল ৩টার দিকে মহেশখালীর এক্সিলারেট পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। টার্মিনালটিতে থাকা এলএনজি মজুত শেষ হয়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বর্তমানে মহেশখালীতে সামিটের এফএসআরইউ থেকে প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এক্সিলারেটের টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেশে মোট গ্যাস সরবরাহ ২ হাজার ২০০ মিলিয়ন ঘনফুটের নিচে নেমে এসেছে।

অথচ দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। ফলে চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে প্রায় ১ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট।

গত সপ্তাহের তীব্র গ্যাস সংকটের তুলনায় সাম্প্রতিক সময়ে সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। তবে এক্সিলারেটের টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ হওয়ায় আবারও সংকট তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে শিল্পকারখানাগুলো কম চাপের গ্যাস পাওয়ায় উৎপাদন ব্যাহত হওয়ার অভিযোগ করছে। সরবরাহ করা গ্যাসের একটি বড় অংশ বিদ্যুৎকেন্দ্রগুলোতে দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এক্সিলারেট পরিচালিত এফএসআরইউটির গ্যাস সরবরাহের সক্ষমতা প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুট। গত ২১ জুলাই টার্মিনালটিতে অগ্নিকাণ্ডের পর কারিগরি সমস্যার কারণে এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে ৬ আগস্ট আংশিকভাবে টার্মিনালটির কার্যক্রম শুরু করা হয়।

তবে ১৪ আগস্ট আবারও টার্মিনালটির কার্যক্রম ব্যাহত হয়। একদিন পর, ১৫ আগস্ট এটি পুনরায় চালু করা হয়। কয়েক দিন সরবরাহের পর এবার টার্মিনালটির এলএনজি মজুত শেষ হয়ে যাওয়ায় আবার গ্যাস সরবরাহ বন্ধ হয়েছে।

পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছেন, এক্সিলারেটের টার্মিনালে নতুন এলএনজি সরবরাহ না পৌঁছানো পর্যন্ত সেখান থেকে গ্যাস সরবরাহ পুনরায় শুরু করা সম্ভব হবে না।

বাংলাদেশে এলএনজি আমদানির পর তা গ্যাসে রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য মহেশখালীতে সামিট ও এক্সিলারেটের দুটি এফএসআরইউ রয়েছে। দুটি টার্মিনাল সম্মিলিতভাবে প্রতিদিন প্রায় ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট এলএনজি গ্যাসে রূপান্তরের সক্ষমতা রাখে।

এর মধ্যে এক্সিলারেটের টার্মিনালের সক্ষমতা প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুট। ফলে টার্মিনালটি বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। এর প্রভাব সরাসরি শিল্প, বিদ্যুৎ ও অন্যান্য গ্যাসনির্ভর খাতে পড়তে পারে।

এক্সিলারেটের টার্মিনালে নতুন এলএনজি চালান না আসা পর্যন্ত আমদানি করা এলএনজি থেকে গ্যাস সরবরাহের ক্ষেত্রে বাংলাদেশকে সামিটের এফএসআরইউর ওপর অনেক বেশি নির্ভর করতে হবে। এতে সামিটের টার্মিনালেও কোনো কারিগরি সমস্যা বা সরবরাহজনিত বিঘ্ন দেখা দিলে জাতীয় গ্যাস সরবরাহব্যবস্থায় আরও বড় সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, সরকারের এলএনজি ক্রয় পরিকল্পনা অনুযায়ী আগামী ২৩ আগস্টের আগে এক্সিলারেটের টার্মিনালে নতুন এলএনজি পৌঁছানোর সম্ভাবনা কম। ফলে ওই সময়ের আগে টার্মিনালটির কার্যক্রম স্বাভাবিক হওয়ার সম্ভাবনাও কম।

সংশ্লিষ্টরা বলছেন, একদিকে দেশীয় গ্যাসের উৎপাদন ঘাটতি, অন্যদিকে এলএনজি টার্মিনালে বারবার কারিগরি সমস্যা ও সরবরাহ বিঘ্নের কারণে জাতীয় গ্যাস সরবরাহব্যবস্থা চাপে রয়েছে। বিশেষ করে শিল্পকারখানায় পর্যাপ্ত চাপের গ্যাস না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে। সামনে বিদ্যুৎ উৎপাদনের চাহিদা বাড়লে গ্যাসের সংকট আরও তীব্র হতে পারে।

এই শাখার আরও খবর

ইনানীতে গ্যাসের সঙ্গে বেরিয়ে আসছে তেলও, আগুন আরও কতদিন জ্বলবে

কক্সবাজারের উখিয়ার ইনানী ইউনিয়নের ছোটখাল এলাকায় গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের সঙ্গে এবার তরল হাইড্রোকার্বন বা তেলের উপস্থিতিও পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম…

মার্কিন নির্বাচনে এবার আগাম ভোটের রেকর্ড?

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন রাজনৈতিক দলের হাতে থাকবে,…

খুলনায় একের পর এক হত্যাকাণ্ড, সন্ধ্যার পর বের হচ্ছে না মানুষ

ওটিএন বাংলা রিপোর্ট: খুলনায় খুন, ছিনতাই, অপহরণ ও মাদক কারবারের ঘটনায় উদ্বেগ বাড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযান, বিপুলসংখ্যক মামলা ও গ্রেপ্তারের পরও থামছে না…

গুলির মুখে সহকর্মী ও আহত ব্যক্তিকে সহায়তা: জাতীয় সাহসিকতার পুরস্কার পেলেন নেপালি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা

ওটিএন বাংলা, অস্ট্রেলিয়া: সিডনির ক্রয়ডন পার্কে গোলাগুলির সময় নিজের নিরাপত্তার ঝুঁকি নিয়ে সহকর্মী ও আহত এক ব্যক্তিকে সহায়তা করায় অস্ট্রেলিয়ার ২০২৬ সালের জাতীয় সাহসিকতার পুরস্কার…

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম দুর্গাপূজা: শিক্ষার্থীদের হাত ধরে নতুন ইতিহাস

ওটিএন বাংলা, নিউক্যাসেল: পূজার আর মাত্র পাঁচ দিন বাকি। অথচ তখনও নিউক্যাসেলে পৌঁছায়নি দুর্গাপ্রতিমা। পুরোহিত, ঢাক ও পূজার প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থাও চূড়ান্ত হয়নি। এর মধ্যেই…

তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করল পিবিআই

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তাঁর সঙ্গে নিখোঁজ হওয়ার আগে প্রায় ছয় ঘণ্টা সময় কাটানো ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au