বিশ্ব

গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়াতে ডেনমার্কের সঙ্গে চুক্তি ট্রাম্পের

  • 1:51 pm - September 19, 2026
  • পঠিত হয়েছে:২৭ বার
গ্রিনল্যান্ডের সঙ্গে নিরাপত্তা চুক্তির ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি

মাসের পর মাস গ্রিনল্যান্ড দখলে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের হুমকির পর এবার ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তিতে পৌঁছানোর কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির আওতায় গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

ট্রাম্প দাবি করেছেন, এই চুক্তির মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও অন্যান্য প্রয়োজনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পাবে। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এ চুক্তির ফলে গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের সমাধান হবে।

ট্রাম্প আরও বলেন, গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিদ্বন্দ্বী দেশ সামরিক ঘাঁটি স্থাপন, সামরিক উপস্থিতি বাড়ানো কিংবা সংবেদনশীল বিনিয়োগ করতে পারবে না, যদি না যুক্তরাষ্ট্রের লিখিত অনুমোদন থাকে।

তিনি জানান, গ্রিনল্যান্ডের উপযুক্ত এলাকায় বড় ধরনের মার্কিন সামরিক উপস্থিতি গড়ে তোলার কাজ দ্রুত শুরু হবে। এ কাজে গ্রিনল্যান্ডের জনগণের সঙ্গেও সহযোগিতা করা হবে বলে উল্লেখ করেন তিনি।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস-ফ্রেডেরিক নিলসেন চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তবে তাদের বক্তব্যে ট্রাম্পের দাবি করা ‘স্থায়ী নিয়ন্ত্রণের’ বিস্তারিত বিষয়গুলো নিশ্চিত করা হয়নি।

ফ্রেডেরিকসেন বলেছেন, চুক্তিটি ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতাকে স্বীকৃতি দেয়। একই সঙ্গে গ্রিনল্যান্ডের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারও এতে বহাল থাকবে।

নিলসেন বলেন, চুক্তিটি গ্রিনল্যান্ড, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা জোটের নিরাপত্তা জোরদার করবে এবং এতে গ্রিনল্যান্ডের স্বার্থের স্বীকৃতি রয়েছে।

গ্রিনল্যান্ডে জনবসতি কম হলেও কৌশলগতভাবে অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছবি: আইস্টক

চুক্তিটি আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের আনুষ্ঠানিক স্বাক্ষরের কথা রয়েছে। তবে কার্যকর হওয়ার আগে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন।

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের সঙ্গে ডেনমার্কের টানাপোড়েন দীর্ঘদিনের। ট্রাম্প এর আগে দ্বীপটি যুক্তরাষ্ট্রের কাছে বিক্রির আহ্বান জানিয়েছিলেন। এমনকি প্রয়োজন হলে সামরিক শক্তি ব্যবহার করে গ্রিনল্যান্ড দখলের সম্ভাবনাও নাকচ করেননি তিনি।

ডেনমার্ক ও গ্রিনল্যান্ড অবশ্য বারবার বলে এসেছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। গ্রিনল্যান্ড বর্তমানে ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।

নতুন চুক্তির ফলে গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনেই থাকছে। তবে যুক্তরাষ্ট্র সেখানে নিজেদের সামরিক উপস্থিতি আরও বিস্তৃত করার সুযোগ পাবে।

ভৌগোলিক অবস্থানের কারণে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর আটলান্টিক ও আর্কটিক অঞ্চলের মাঝামাঝি অবস্থান এবং রাশিয়ার কাছাকাছি হওয়ায় দ্বীপটির সামরিক ও কৌশলগত গুরুত্ব রয়েছে।

শীতল যুদ্ধের সময় গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনা ছিল। বর্তমানে সেখানে যুক্তরাষ্ট্রের পিটুফিক স্পেস বেস রয়েছে। এই ঘাঁটি ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং মহাকাশ নজরদারির কাজে ব্যবহৃত হয়।

প্রায় ২১ লাখ বর্গকিলোমিটার আয়তনের গ্রিনল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ। বিশাল আয়তনের বিপরীতে এর জনসংখ্যা মাত্র প্রায় ৫৬ হাজার।

নতুন চুক্তি নিয়ে ট্রাম্প এটিকে দীর্ঘমেয়াদি নিরাপত্তা সমঝোতা হিসেবে তুলে ধরলেও ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, তাদের সার্বভৌমত্ব ও আত্মনিয়ন্ত্রণের অধিকার এতে বহাল থাকবে।

সূত্র: নাইন.কম.এইউ

এই শাখার আরও খবর

পটুয়াখালীতে হিন্দু ব্যবসায়ীকে ‘জ্যান্ত পুড়িয়ে’ মারার হুমকি বিএনপি নেতার

পটুয়াখালীর বাউফলে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর গোবিন্দ চন্দ্র মণ্ডল নামে এক ব্যবসায়ীকে ‘জ্যান্ত পুড়িয়ে’ হত্যার হুমকি দেওয়ার…

ভারত-চীনসহ রাশিয়ার তেল ক্রেতা দেশগুলোতে ১০০% শুল্কের সুযোগ ট্রাম্পের

রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার স্বাক্ষরের পর ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট…

জুলাইয়ের বাংলাদেশে হঠাৎ জিন্নাহ কেন?

ঘটনাটি কেমন যেন প‍্যাঁচ খেয়ে যাচ্ছে। জিন্নাহ নাকি আমাদের জাতির পিতা; অনেকটা যেন বাংলা সিনেমায় যেমন দেখা যায। মানে নায়ক বা নায়িকা বড় হয়ে জানতে…

বাবার নামে অযোধ্যায় ধর্মশালা বানাচ্ছেন অমিতাভ বচ্চন

অযোধ্যায় ধর্মশালা নির্মাণের উদ্যোগ নিয়েছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। প্রস্তাবিত ধর্মশালাটির নাম তাঁর বাবা ও বিশিষ্ট কবি হরিবংশ রাই বচ্চনের নামে রাখার পরিকল্পনা করা হয়েছে।…

শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামির বাড়িতে জনতার হামলা

পাবনা সদরে ১০ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামির বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার জুমার নামাজের পর…

ইয়েমেনে হুথিদের সামরিক যান লক্ষ্য করে সরকারি বাহিনীর হামলা, নিহত বহু যোদ্ধা

ইয়েমেনের মারিব প্রদেশসহ বিভিন্ন এলাকায় ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সামরিক যান লক্ষ্য করে হামলা চালিয়েছে দেশটির সরকারি বাহিনী। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হামলার ভিডিও প্রকাশ করে সরকারি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au