আজমেরী হক বাঁধন। ছবি : সংগৃহীত
ওটিএন বাংলা রিপোর্ট : ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার ঘটনার এক মাস পেরিয়ে গেলেও সেই অভিজ্ঞতার মানসিক ধকল কাটিয়ে উঠতে পারেননি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দেশে ফিরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন তিনি। তবে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ঢাকায় অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। ভেনিসের ঘটনার পর থেকে তাঁর স্বাভাবিক জীবনযাত্রায়ও এসেছে পরিবর্তন।
গত ৩ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জীবনের কঠিন সময় নিয়ে নিজের উপলব্ধির কথা তুলে ধরেন বাঁধন। তিনি লেখেন, জীবনের একটি দরজা বন্ধ হয়ে যাওয়া মানেই সবকিছুর শেষ নয়। বরং সেখান থেকেই নতুন ও সুন্দর সম্ভাবনার সূচনা হতে পারে।
তাঁর ভাষায়, ‘যখন একটি দরজা বন্ধ হয়ে যায়, তখন অসংখ্য নতুন দরজা খুলে দেন সৃষ্টিকর্তা।’
এর আগে গত ৭ সেপ্টেম্বর ইতালির ভেনিসের মেস্ত্রে এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে গিয়ে হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন বাঁধন।

আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত
তাঁর অভিযোগ, একদল প্রবাসী বাংলাদেশি তাঁকে লক্ষ্য করে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারে। একপর্যায়ে তাঁকে শারীরিকভাবেও লাঞ্ছিত করা হয়। ওই সময় তাঁর ভাইয়ের পরিবারও সঙ্গে ছিল।
ঘটনার পর ফেসবুক লাইভে এসে বাঁধন বলেছিলেন, তাঁকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা সহজ হবে না। আইনি প্রক্রিয়া শেষ না করে দেশে ফিরবেন না বলেও জানিয়েছিলেন তিনি। পরে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেন। এ ঘটনায় বাংলাদেশ দূতাবাসের সহায়তাও নেন।
গত ১৪ সেপ্টেম্বর দেশে ফেরেন বাঁধন। ঢাকায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভেনিসের হামলার ঘটনা এবং বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
দেশে ফেরার পর থেকে তাঁকে প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি। নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং ভেনিসের ঘটনার মানসিক ধকলের কারণে তিনি অনেকটা ঘরকেন্দ্রিক জীবন কাটাচ্ছেন বলে জানা গেছে। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করলেও ওই অভিজ্ঞতার প্রভাব এখনো তাঁর মধ্যে রয়ে গেছে।