সংঘাত চলাকালীন আয়াতুল্লাহ খামেনীকে হত্যার হুমকি দিয়েছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ (ডানে ইনসেটে)।
মেলবোর্ন, ২৬ জুন— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। যদিও মঙ্গলবার দেশটির প্রেসিডেন্টসহ শীর্ষ কর্মকর্তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি মানার বিষয়টি নিশ্চিত করেছেন।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ইরানের সংবিধান অনুযায়ী কোনো বিষয়ে সর্বোচ্চ নেতার বক্তব্যই চূড়ান্ত বিবেচিত হয়। এ কারণে দেশটির ভেতরে ও বাইরে এখন সবাই এখন খামেনির মন্তব্যের অপেক্ষায়।
বিবিসি জানিয়েছে, খামেনি বর্তমানে তেহরানে নিজের নিয়মিত বাসভবনে থাকছেন না। তিনি একটি নিরাপদ বাংকারে অবস্থান করছেন। যদিও এ বিষয়ে ইরান সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
১৮ জুন আগে থেকে ধারণ করা খামেনির একটি ভিডিওবার্তা টেলিভিশনে প্রচারিত হয়। সেখানে তিনি ট্রাম্পের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’-এর আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেন। এরপর থেকে খামেনির কোনো বক্তব্য প্রকাশ্য আসেনি।