বাংলাদেশ

সবশেষ মামলায় জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

  • 11:28 pm - August 10, 2026
  • পঠিত হয়েছে:২৫ বার
সবশেষ মামলায় জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ আগষ্ট- ঢাকার বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। এ মামলায় জামিন পাওয়ার পর তাঁর বিরুদ্ধে থাকা সব মামলায় জামিন হয়েছে এবং তাঁর মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে দাবি করেছেন তাঁর আইনজীবীরা।

সোমবার (১০ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও আইনজীবী মোতাহার হোসেন সাজু।

এর আগে গত ২ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় খায়রুল হকের জামিন বহাল রাখেন আপিল বিভাগের চেম্বার আদালত। পরে তাঁকে বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সেই মামলায় আজ হাইকোর্ট তাঁকে জামিন দিয়েছেন।

আইনজীবীদের দাবি, বনানী থানার মামলায় জামিন পাওয়ার মধ্য দিয়ে খায়রুল হকের বিরুদ্ধে থাকা সব মামলায় জামিন সম্পন্ন হয়েছে। ফলে তাঁর কারামুক্তিতে এখন আর কোনো বাধা নেই।

এর আগে বিভিন্ন সময়ে মোট আটটি মামলায় জামিন পেয়েছিলেন সাবেক এই প্রধান বিচারপতি।

গত ৩০ জুন যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় খায়রুল হককে জামিন দেন হাইকোর্টের একই বেঞ্চ। পরে ওই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এরপর ২ জুলাই চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন।

খোয়াইব হত্যা মামলায় খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর জন্য গত ১৬ মে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. ইব্রাহিম খলিল আবেদন করেন। পরে গত ২৩ মে পৃথক সাত মামলায় জামিন পাওয়ার পর তাঁকে নতুন করে ওই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে যাত্রাবাড়ী পদচারী-সেতুর নিচে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন খোয়াইব। বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে যাত্রাবাড়ী মোড়ের দিকে অগ্রসর হলে তাঁদের ওপর গুলি চালানো হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, শেখ হাসিনাসহ অন্য আসামিদের নির্দেশ ও মদদে পুলিশ, র‍্যাব এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অস্ত্রধারীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর অতর্কিত গুলি চালায়। এতে খোয়াইব গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২০২৪ সালের ১৬ নভেম্বর নিহত খোয়াইবের ভাই জোবায়ের আহম্মেদ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮০ জনকে আসামি করা হয়।

২০২৫ সালের ২৪ জুলাই সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর তাঁকে একে একে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ২০১০ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন। ২০১১ সালের মে মাসে তিনি অবসরে যান। তাঁর আমলেই সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের রায়সহ গুরুত্বপূর্ণ কয়েকটি মামলার বিচারিক কার্যক্রম পরিচালিত হয়।

এই শাখার আরও খবর

বজ্রপাতে রানওয়ের বাতি ক্ষতিগ্রস্ত, পার্থের জ্যান্ডাকট বিমানবন্দর বন্ধ

মেলবোর্ন, ১০ আগষ্ট- ওয়েস্ট অস্ট্রেলিয়ার শহর পার্থের ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি জ্যান্ডাকট বিমানবন্দর বজ্রপাতে ব্যাপক ক্ষয়ক্ষতির পর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বজ্রপাতের কারণে বিমানবন্দরের রানওয়ে…

ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে ‘অনুকূল পরিবেশ’ চান তারেক রহমান

মেলবোর্ন, ১০ আগষ্ট- প্রতিবেশী ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে ‘অনুকূল পরিবেশ’ তৈরির ওপর জোর দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত…

লোহিত সাগর ও বাব আল-মান্দাবের নিরাপত্তায় সৌদি জোটে বাংলাদেশ

মেলবোর্ন, ১০ আগষ্ট- পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যোগ দিয়েছে বাংলাদেশ। লোহিত সাগর, বাব আল-মান্দাব প্রণালি ও এডেন…

সৌদিতে সোফা কারখানায় আগুনে নিহত ১৬ বাংলাদেশির বিষয়ে সর্বশেষ কি জানা যাচ্ছে

মেলবোর্ন, ১০ আগষ্ট- সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির প্রাথমিক পরিচয় পাওয়া…

প্রশ্নফাঁসের অভিযোগে উত্তাল ভারত, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

মেলবোর্ন, ১০ আগষ্ট- নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারতের ঝাড়খণ্ড রাজ্য। বিভিন্ন পরীক্ষায় অনিয়মের প্রতিবাদ এবং নিয়োগ প্রক্রিয়ায় সংস্কারের দাবিতে…

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

মেলবোর্ন, ১০ আগষ্ট- প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেছেন, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au