বিশ্ব

যুক্তরাজ্যে শিশু যৌন নির্যাতন ও মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার পাকিস্তানের সাবেক মন্ত্রী

  • 12:25 pm - August 06, 2026
  • পঠিত হয়েছে:৩২ বার
রুখসার আহমেদ

মেলবোর্ন, ৬ আগষ্ট: যুক্তরাজ্যে অপ্রাপ্তবয়স্ক শিশুদের যৌন নির্যাতন ও মানব পাচারের গুরুতর অভিযোগে গ্রেপ্তার হওয়া পাকিস্তানের রাজনীতিক রুখসার আহমেদকে ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, বর্তমানে জামিনে থাকা এই রাজনীতিক সম্প্রতি পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীর আইনসভার সদস্য হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, ৬২ বছর বয়সী রুখসার আহমেদ পাকিস্তানের ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-সমর্থিত এই দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। তবে তার বিরুদ্ধে যুক্তরাজ্যে চলমান ফৌজদারি তদন্ত নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, ২০২৪ সালের জুলাই মাসে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিমানবন্দর থেকে রুখসার আহমেদকে গ্রেপ্তার করে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি)। তার বিরুদ্ধে অভিযোগ, ১৯৯০-এর দশকে তিনি একটি কথিত গ্রুমিং গ্যাং বা শিশু যৌন শোষণ চক্রের সদস্য হিসেবে একাধিক অপ্রাপ্তবয়স্ক ও অসহায় শিশুকে যৌন নির্যাতন এবং মানব পাচারের সঙ্গে জড়িত ছিলেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত দুইজন নারী পুলিশের কাছে অভিযোগ করেছেন যে, তারা শিশু অবস্থায় রুখসার আহমেদের যৌন নির্যাতনের শিকার হন। একই সঙ্গে অভিযোগ রয়েছে, ওই সময় তাদের একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে শোষণ ও পাচারের ঘটনাতেও তিনি জড়িত ছিলেন। এসব অভিযোগের ভিত্তিতেই ব্রিটিশ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে।

বর্তমানে রুখসার আহমেদ জামিনে রয়েছেন। তবে গত মাসে জামিনের শর্ত অনুযায়ী ম্যানচেস্টারের একটি পুলিশ স্টেশনে হাজির হওয়ার কথা থাকলেও তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে উপস্থিত হননি। তার দাবি ছিল, তিনি বিমান ভ্রমণের মতো শারীরিকভাবে সক্ষম নন।

কিন্তু একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওতে তাকে পাকিস্তানের মীরপুর এলাকায় নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়। বিষয়টি সামনে আসার পর তদন্তকারীদের মধ্যে নতুন প্রশ্ন তৈরি হয়েছে।

এদিকে তদন্ত চলাকালে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ আদালতের কাছে রুখসার আহমেদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের আবেদন করেছিল। তবে ২০২৪ সালের জুলাই মাসে একজন ব্রিটিশ বিচারক সেই আবেদন নাকচ করে দেন। ফলে তিনি যুক্তরাজ্য ত্যাগ করে পাকিস্তানে যেতে সক্ষম হন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ম্যানচেস্টারের রাশহোলম এলাকায় দীর্ঘদিন ধরে বসবাসকারী রুখসার আহমেদ সেখানে একটি রেস্তোরাঁরও মালিক। পুলিশি জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীরা প্রথম জানতে পারেন যে, তিনি পাকিস্তানের সক্রিয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ছয় সপ্তাহের মধ্যে তাকে আবারও জামিনের শর্ত অনুযায়ী ব্রিটিশ পুলিশের কাছে হাজির হতে হবে। তিনি নির্ধারিত সময়ে উপস্থিত না হলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে। প্রয়োজন হলে যুক্তরাজ্য তার প্রত্যর্পণের উদ্যোগও নিতে পারে, যা ভবিষ্যতে যুক্তরাজ্য ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক জটিলতা সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে।

এ বিষয়ে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ-এর এক জ্যেষ্ঠ নেতা জানান, তিনি প্রায় দুই দশক ধরে রুখসার আহমেদকে চেনেন। তবে তার বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগ রয়েছে, তা আগে জানতেন না বলে দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে রুখসার আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি।

প্রসঙ্গত, সম্প্রতি রচডেল গ্রুমিং গ্যাং-এর অন্যতম অভিযুক্ত শাবির আহমেদকে যুক্তরাজ্যে ফেরত পাঠানোর অনুরোধ পাকিস্তান প্রত্যাখ্যান করেছিল। এর মধ্যেই রুখসার আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং তার রাজনৈতিক পুনরুত্থান পাকিস্তান ও যুক্তরাজ্য উভয় দেশেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এই শাখার আরও খবর

ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন জাকারবার্গ

মেলবোর্ন, ৬ আগষ্ট: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ফেসবুক থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়াকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্কের পর ভারত সরকারের কাছে ক্ষমা চেয়েছেন…

জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ

মেলবোর্ন, ৬ আগষ্ট: সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।…

বাংলাদেশ পাকিস্তানে পরিণত হয়েছে, এটি ভারতের উদ্বেগের বিষয় হওয়া উচিত: সজীব ওয়াজেদ জয়

মেলবোর্ন, ৬ আগষ্ট: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন। ভারতের নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব…

মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়েই কেন দেশে ফিরতে চাচ্ছেন শেখ হাসিনা

মেলবোর্ন, ৬ আগষ্ট- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় থাকা সত্ত্বেও আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন,…

অস্ট্রেলিয়ায় মৃত রোগীর নামে অস্ত্রোপচারের বুকিং, আইটি ব্যবস্থায় গুরুতর ত্রুটি

মেলবোর্ন, ৬ আগস্ট: অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির (এনটি) সরকারি হাসপাতাল গুলোতে মৃত ব্যক্তিদের নামে অস্ত্রোপচারের বুকিং হওয়ার মতো গুরুতর ত্রুটির অভিযোগ উঠেছে। চিকিৎসকদের সংগঠন অস্ট্রেলিয়ান মেডিকেল…

জাতীয় আদিবাসী ফ্যাশন অ্যাওয়ার্ডসে উজ্জ্বল অস্ট্রেলিয়ার ফার্স্ট নেশনস শিল্পীরা

মেলবোর্ন, ৬ আগষ্ট: অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তের ফার্স্ট নেশনস শিল্পী ও ডিজাইনারদের সৃজনশীলতা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আন্তর্জাতিক সহযোগিতাকে স্বীকৃতি দিয়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের ন্যাশনাল ইন্ডিজেনাস…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au