বিজ্ঞান ও প্রযুক্তি

এআই উন্নয়নের গতি কমানোর আহ্বানে বিশ্বজুড়ে প্রযুক্তি শেয়ারে ধস

  • 6:10 pm - September 15, 2026
  • পঠিত হয়েছে:১৫৩ বার
নিউইয়র্ক সিটিতে সোমবার সকালের লেনদেন চলাকালে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের চিত্র। ছবি: এএফপি

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির উন্নয়নের গতি কমানোর আহ্বান এবং এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে শীর্ষ কর্মকর্তাদের সতর্কবার্তার পর বিশ্বজুড়ে প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারে বড় ধরনের দরপতন হয়েছে। বিশেষ করে এআই অবকাঠামোর অন্যতম প্রধান অংশ চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারে সোমবার উল্লেখযোগ্য পতন দেখা গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে এআই অবকাঠামোয় বিপুল বিনিয়োগ বিশ্ব শেয়ারবাজারের ঊর্ধ্বগতিতে প্রযুক্তি খাতকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করেছে। তবে এআই খাতে কোম্পানিগুলোর উচ্চাভিলাষী বিনিয়োগ পরিকল্পনা, ঋণনির্ভরতা এবং পারস্পরিক অর্থায়নের ওপর বাড়তি নির্ভরতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। একই সময়ে বিশ্বজুড়ে ঋণের খরচও বাড়ছে, যা বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বাড়িয়েছে।

এর আগে শনিবার এক দীর্ঘ প্রবন্ধে এআই কোম্পানিগুলোকে তাদের মডেলের সক্ষমতা বাড়ানোর গতি কমানোর আহ্বান জানান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোডেই। এআই প্রযুক্তির অপব্যবহারের আশঙ্কা ক্রমেই বাড়ছে উল্লেখ করে তিনি প্রযুক্তিটির উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য রাখার ওপর গুরুত্ব দেন।

আমোডেইয়ের এই প্রস্তাবকে সমর্থন করেন এক্সএআইয়ের প্রধান ইলন মাস্ক এবং ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। অল্টম্যান আরও জানান, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে চলতি বছর ওপেনএআইকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে না।

এআই খাতের দ্রুত সম্প্রসারণের অন্যতম প্রধান সুবিধাভোগী চিপ নির্মাতা কোম্পানিগুলোর শেয়ারে সোমবার সবচেয়ে বেশি চাপ দেখা যায়। ওয়াল স্ট্রিটে প্রযুক্তিনির্ভর নাসডাক-১০০ সূচক দিনের শুরুতে ১ দশমিক ২ শতাংশ কমে ছয় সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। পরে কিছুটা ঘুরে দাঁড়ালেও দিন শেষে সূচকটি প্রায় শূন্য দশমিক ৪ শতাংশ নিচে ছিল।

ইন্টারঅ্যাকটিভ ব্রোকার্সের প্রধান বাজার বিশ্লেষক স্টিভ সসনিক বলেন, এআই খাতে ব্যয়ের গতি কমে গেলে বা কোম্পানিগুলো তাদের বিনিয়োগ পরিকল্পনা নতুন করে পর্যালোচনা করলে এর প্রভাব অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ কয়েকটি খাতেও পড়তে পারে। তার মতে, সাম্প্রতিক সময়ে বাজার ও অর্থনীতির একটি বড় অংশ এআই খাতে ব্যয় বৃদ্ধির ওপর নির্ভর করে দ্রুত এগিয়েছে।

সোমবার ফিলাডেলফিয়া সেমিকন্ডাক্টর সূচক ৫ দশমিক ২ শতাংশ কমেছে। এআই চিপ নির্মাতা এনভিডিয়ার শেয়ার ৩ শতাংশ, অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেসের শেয়ার ৪ দশমিক ৫ শতাংশ এবং মাইক্রনের শেয়ার ৫ দশমিক ৪ শতাংশ কমেছে।

এ ছাড়া সেমিকন্ডাক্টর সরঞ্জাম নির্মাতা ল্যাম রিসার্চ ও অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস এবং প্রযুক্তি প্রতিষ্ঠান ব্লুম এনার্জির শেয়ারও ৬ শতাংশের বেশি কমেছে।

ইউরোপ-এশিয়ার বাজারেও প্রভাব

যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারেও প্রযুক্তি খাতে বড় ধরনের দরপতন দেখা গেছে। দিনের শুরুতে ইউরোপের প্রযুক্তি খাতের সূচক ২ দশমিক ২ শতাংশ কমে যায়। এর মধ্যে চিপ সরঞ্জাম নির্মাতা এএসএমএলের শেয়ার প্রায় ৬ শতাংশ পড়ে যায়। ইনফিনিয়ন ও সিমেন্স এনার্জির শেয়ারেও উল্লেখযোগ্য দরপতন হয়েছে।

এশিয়ার বাজারে জাপানের প্রযুক্তি ও বিনিয়োগ প্রতিষ্ঠান সফটব্যাংকের শেয়ার ১০ শতাংশের বেশি কমেছে। একই সময়ে বিশ্বের অন্যতম বড় চিপ নির্মাতা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা টিএসএমসি এবং দক্ষিণ কোরিয়ার এসকে হাইনিক্সের শেয়ারও দর হারিয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি নিয়ে শীর্ষ কর্মকর্তাদের সাম্প্রতিক সতর্কবার্তার প্রভাব শুধু প্রযুক্তিটির ভবিষ্যৎ নিয়ে নয়, এ খাতে চলমান বিপুল বিনিয়োগ কতটা টেকসই হবে, তা নিয়েও বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ফলে এআই খাতকে ঘিরে অতিরিক্ত বিনিয়োগের ঝুঁকি এবং ভবিষ্যৎ মুনাফা নিয়ে বাজারে অনিশ্চয়তা বাড়ছে।

এই শাখার আরও খবর

ইউরোপে এক দিনে ১২ ফ্লাইটে বোমা হামলার হুমকি

ইউরোপের বিভিন্ন দেশের যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি ঘিরে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক দিনেই অন্তত ১২টি ফ্লাইটে এ ধরনের হুমকি…

‘মেয়েকে মেরে ফেলেছি’ বলে শাশুড়িকে ফোন, পরে থানায় আত্মসমর্পণ

ভারতের কর্ণাটক রাজ্যের চিক্কাবল্লাপুর জেলায় পারিবারিক বিরোধের জেরে ৩০ বছর বয়সী এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। হত্যার পর অভিযুক্ত নিজেই…

ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও ধর্মঘট, চাপে প্রেসিডেন্ট ম্যাখোঁ

প্রেসিডেন্ট নির্বাচনের পাঁচ মাস আগে নতুন করে বিক্ষোভ ও ধর্মঘটের মুখে পড়েছে ফ্রান্স। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সরকারি পরিষেবার অবনতি এবং শিক্ষাব্যবস্থার নানা সমস্যা নিয়ে অসন্তোষ…

পবিত্র মদিনা নগরী লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় পবিত্র মদিনা অঞ্চল লক্ষ্য করে ইয়েমেন থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ উঠেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে। তবে ক্ষেপণাস্ত্রটি সৌদি নেতৃত্বাধীন সামরিক…

খুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

খুলনার ডুমুরিয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালামের ছেলে শেখ তরিকুল ইসলামকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার…

এনসিপি ছাড়লেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নিজেই পদত্যাগের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au