বিশ্ব

ইউরোপে এক দিনে ১২ ফ্লাইটে বোমা হামলার হুমকি

  • 5:51 am - November 06, 2026
  • পঠিত হয়েছে:২৫ বার
ইউরোপের যাত্রীবাহী প্লেন। প্রতীকী ছবি

ইউরোপের বিভিন্ন দেশের যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি ঘিরে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক দিনেই অন্তত ১২টি ফ্লাইটে এ ধরনের হুমকি পাওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিমান সংস্থাগুলো। এর মধ্যে অন্তত পাঁচটি ফ্লাইটকে নিরাপত্তার কারণে বিকল্প বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে। কয়েকটি উড়োজাহাজকে পাহারা দিয়ে নিরাপদে অবতরণ করানো হয়েছে সামরিক যুদ্ধবিমানের মাধ্যমে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে এ নিয়ে তৃতীয় দিনের মতো ইউরোপের বিভিন্ন ফ্লাইটে একযোগে বোমা হামলার হুমকি পাওয়া গেল। বিশেষ করে ইউরোপের বিভিন্ন রুটে চলাচলকারী স্বল্প খরচের বিমান সংস্থাগুলোর উড়োজাহাজগুলোকে লক্ষ্য করে এসব হুমকি দেওয়া হচ্ছে। এর কয়েক দিন আগে একই ধরনের ভুয়া হুমকির কারণে আটটি উড়োজাহাজের ফ্লাইট চলাচল বন্ধ রাখতে হয়েছিল।

বৃহস্পতিবার সকালে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে বুলগেরিয়ার রাজধানী সোফিয়াগামী রায়ানএয়ারের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি আসে। পরে নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটি বুলগেরিয়ার প্লভদিভ বিমানবন্দরে অবতরণ করে।

এ ছাড়া পোলিশ বিমান সংস্থা লটের ওয়ারশ থেকে প্যারিসগামী একটি ফ্লাইটেও বোমা হামলার হুমকি পাওয়া যায়। এরপর উড়োজাহাজটিতে নিরাপত্তা তল্লাশি চালানো হয়। তবে তল্লাশিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে বিমান সংস্থাটি। তাদের ভাষ্য, স্বাভাবিক নিয়মেই ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে।

অন্যদিকে, মাঝ আকাশে বোমা হামলার হুমকি পাওয়ার পর ফিনল্যান্ডের হেলসিঙ্কি থেকে ইতালির রোমগামী ফিনএয়ারের একটি ফ্লাইটকে পাহারা দিয়ে নিয়ে যায় ইতালির একটি যুদ্ধবিমান।

কর্তৃপক্ষ ও বিমান সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এসব হুমকির কারণে ইউরোপের বিভিন্ন বিমানবন্দরে নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়েছে। উড়োজাহাজগুলোতে তল্লাশি এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হচ্ছে বাড়তি ব্যবস্থা।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ নভেম্বর থেকে ইউরোপজুড়ে অন্তত ২১টি উড়োজাহাজে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। তবে এসব হুমকির অধিকাংশই ভুয়া বলে ধারণা করা হচ্ছে। ধারাবাহিক এসব ঘটনায় ইউরোপের আকাশপথে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এই শাখার আরও খবর

‘মেয়েকে মেরে ফেলেছি’ বলে শাশুড়িকে ফোন, পরে থানায় আত্মসমর্পণ

ভারতের কর্ণাটক রাজ্যের চিক্কাবল্লাপুর জেলায় পারিবারিক বিরোধের জেরে ৩০ বছর বয়সী এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। হত্যার পর অভিযুক্ত নিজেই…

ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও ধর্মঘট, চাপে প্রেসিডেন্ট ম্যাখোঁ

প্রেসিডেন্ট নির্বাচনের পাঁচ মাস আগে নতুন করে বিক্ষোভ ও ধর্মঘটের মুখে পড়েছে ফ্রান্স। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সরকারি পরিষেবার অবনতি এবং শিক্ষাব্যবস্থার নানা সমস্যা নিয়ে অসন্তোষ…

পবিত্র মদিনা নগরী লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় পবিত্র মদিনা অঞ্চল লক্ষ্য করে ইয়েমেন থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ উঠেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে। তবে ক্ষেপণাস্ত্রটি সৌদি নেতৃত্বাধীন সামরিক…

খুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

খুলনার ডুমুরিয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালামের ছেলে শেখ তরিকুল ইসলামকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার…

এনসিপি ছাড়লেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নিজেই পদত্যাগের…

নিখোঁজের দুই দিন পর বাগান থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর মোসাম্মৎ ইসরাত জাহান যুথি (১৫) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার ঘটকের আন্দুয়া…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au