বিশ্ব

১০৬ বছর পর যুক্তরাষ্ট্রের ঋণমান কমাল মুডিস

  • 10:03 am - May 18, 2025
  • পঠিত হয়েছে:১২৫ বার

মেলবোর্ন, ১৮ মে- এক শতাব্দীর বেশি সময় পর যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান ৩৬ ট্রিলিয়ন ডলারের ঋণ নিয়ে উদ্বেগ জানিয়ে দেশটির সার্বভৌম ঋণমান কমিয়েছে রেটিং সংস্থা মুডিস।

শুক্রবারের এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর কমানোর পরিকল্পনায় জটিলতা তৈরি করতে পারে। একই সঙ্গে এটি বিশ্ববাজারেও প্রভাব ফেলতে পারে।

শনিবার বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

মুডিস ১৯১৯ সালে প্রথম যুক্তরাষ্ট্রকে সর্বোচ্চ ‘এএএ’ রেটিং দেয়। তিনটি প্রধান রেটিং সংস্থার মধ্যে মুডিসই সর্বশেষ যুক্তরাষ্ট্রের রেটিং কমালো।

২০২৩ সালে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি ও সুদের ব্যয় বাড়ায় মুডিস তখনই সতর্কতা দিয়েছিল। এবার সেই সতর্কতার ভিত্তিতে এক ধাপ রেটিং কমিয়ে ‘এএ১’ করেছে। তবে দৃষ্টিভঙ্গি ‘নেতিবাচক’ থেকে পরিবর্তন করে ‘স্থিতিশীল’ করা হয়েছে।

মুডিস এক বিবৃতিতে বলে, “যুক্তরাষ্ট্রের ধারাবাহিক প্রশাসন ও কংগ্রেস বড় বাজেট ঘাটতি ও সুদের খরচ কমাতে কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।”

এই ঘোষণার সমালোচনা করেন ট্রাম্প ঘনিষ্ঠরা।

ট্রাম্পের সাবেক জ্যেষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা ও হারিটেজ ফাউন্ডেশনের অর্থনীতিবিদ স্টিফেন মুর এই পদক্ষেপকে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেন।

তিনি রয়টার্সকে বলেন, “যদি যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারি বন্ড ট্রিপল-এ না হয়, তাহলে আর কী হতে পারে?”

হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউং সামাজিক মাধ্যমে মুডিসের অর্থনীতিবিদ মার্ক জ্যান্ডিকে উদ্দেশ করে বলেন, “জ্যান্ডি ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষ।”

মার্ক জ্যান্ডি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি মুডিস অ্যানালিটিকসের প্রধান অর্থনীতিবিদ, যা মুডিস রেটিং সংস্থা থেকে আলাদা একটি প্রতিষ্ঠান।

চলতি বছরের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে ট্রাম্প বলেন, তিনি বাজেট ভারসাম্য করবেন। তার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বারবার বলেছেন, বর্তমান প্রশাসন সরকারের অর্থায়ন ব্যয় কমাতে চায়। তবে রাজস্ব বাড়ানো ও ব্যয় কমানোর যে প্রচেষ্টা নেওয়া হয়েছে, তা এখনও বিনিয়োগকারীদের সন্তুষ্ট করতে পারেনি।

ট্রাম্প ব্যয় কমাতে ইলন মাস্কের নেতৃত্বে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ গঠন করেন। সেটিও প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেনি। অন্যদিকে রাজস্ব বাড়াতে শুল্ক বসানোর উদ্যোগ বিশ্ববাজারে মন্দা ও বাণিজ্য যুদ্ধের শঙ্কা তৈরি করেছে।

এই পরিস্থিতি অব্যাহত থাকলে ঋণবাজারে বড় ধস নামতে পারে এবং প্রশাসনের লক্ষ্য বাস্তবায়নে বাধা তৈরি হতে পারে।

বাজার বন্ধের পর এই রেটিং কমানো ঘোষণার ফলে ট্রেজারি বন্ডের সুদহার বেড়ে যায়। বিশ্লেষকেরা বলছেন, সোমবার বাজার খোলার পর বিনিয়োগকারীরা আরও প্রতিক্রিয়া দেখাতে পারেন।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অধ্যাপক এবং মুডিজের সাবেক বোর্ড সদস্য ড্যারেল ডাফি বলেন, “এটি প্রমাণ করে যে যুক্তরাষ্ট্রে অতিরিক্ত ঋণ আছে। কংগ্রেসকে নিয়ন্ত্রণ আনতে হবে— হয় রাজস্ব বাড়াতে হবে, নয় ব্যয় কমাতে হবে।”

ট্রাম্প রিপাবলিকান-নিয়ন্ত্রিত কংগ্রেসে ২০১৭ সালের কর ছাড় আইন নবায়নের চেষ্টা করছেন, যা তার প্রথম মেয়াদের প্রধান আইন ছিল। তবে নিরপেক্ষ বিশ্লেষকেরা বলছেন, এই পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের ঋণ আরও বাড়াবে।

শুক্রবার কংগ্রেসে কর বিলটি একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগত ধাপ পেরোতে ব্যর্থ হয়। ব্যয় আরও কমানোর দাবি জানিয়ে কঠোর রিপাবলিকানরা বিলটি আটকে দেয়। এই ঘটনা কংগ্রেসে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বিরল এক রাজনৈতিক বিপর্যয়।

মুডিস বলেছে, বর্তমানে আলোচনায় থাকা অর্থনৈতিক প্রস্তাবগুলো দীর্ঘমেয়াদে বাজেট ঘাটতি কমাতে পারবে না। সংস্থাটি পূর্বাভাস দিয়েছে, ২০২৪ সালে কেন্দ্রীয় ঋণ মোট জিডিপির ৯৮ শতাংশ থাকলেও ২০৩৫ সালে তা বেড়ে ১৩৪ শতাংশে পৌঁছাবে।

সিনেটের ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার বলেন, “মুডিসের এই রেটিং হ্রাস ট্রাম্প ও কংগ্রেসের রিপাবলিকানদের জন্য সতর্ক সংকেত হওয়া উচিত, যাতে তারা বাজেট ধ্বংসকারী কর ছাড়ের পেছনে না ছোটে। কিন্তু দুঃখজনকভাবে আমি আশা করছি না, তারা শোনার চেষ্টা করবেন।”

এর আগে ২০২৩ সালের আগস্টে রেটিং সংস্থা ফিচ যুক্তরাষ্ট্রের ঋণমান এক ধাপ কমিয়ে দিয়েছিল। তখন তারা বাজেট পরিস্থিতির অবনতি ও বারবার ঋণসীমা নিয়ে টানাপোড়েনের কথা বলেছিল, যা সরকারের বিল পরিশোধের ক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি করেছিল।

২০১১ সালে ঋণসীমা সংকটের সময় স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস প্রথম যুক্তরাষ্ট্রকে ট্রিপল-এ রেটিং থেকে নামিয়ে দিয়েছিল।

বস্টন কলেজের অর্থনীতি অধ্যাপক ব্রায়ান বেথুন বলেন, “রিপাবলিকান আইনপ্রণেতাদের এমন একটি বাস্তবসম্মত বাজেট চুক্তিতে আসতে হবে, যা ঘাটতিকে কমানোর পথে নিয়ে যাবে।”

বাজারের দুর্বলতা

ঋণ বাজারে অর্থায়নের সময় বিনিয়োগকারীরা ঝুঁকি মূল্যায়নে ক্রেডিট রেটিং ব্যবহার করেন। ঋণগ্রহীতার রেটিং যত কম, তার অর্থায়ন ব্যয় তত বেশি।

টোলু ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী স্পেন্সার হাকিমিয়ান বলেন, “যুক্তরাষ্ট্রের ঋণমান কমা দীর্ঘদিনের বাজেট অব্যবস্থাপনারই ফল। এতে যুক্তরাষ্ট্রের সরকার ও বেসরকারি খাতে ঋণ ব্যয় আরও বাড়বে।”

তিনি বলেন, দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার আরও বাড়তে পারে, যদি না কোনো অর্থনৈতিক খবর বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়ের খোঁজে ট্রেজারি বন্ড কেনায় বাধ্য করে।

সম্প্রতি ট্রাম্প যুক্তরাষ্ট্রের মূল বাণিজ্যিক অংশীদারদের ওপর শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছেন। এতে বাজারে মূল্যস্ফীতির চাপ ও অর্থনৈতিক মন্দার আশঙ্কা বেড়েছে।

ইনফ্রাস্ট্রাকচার ক্যাপিটাল অ্যাডভাইজরসের সিইও জে হ্যাটফিল্ড বলেন, “এই খবর এমন সময়ে এসেছে, যখন বাজার খুবই নাজুক। ফলে আমরা বাজারে প্রতিক্রিয়া দেখতে যাচ্ছি।”

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au