বিশ্ব

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি চিকিৎসকের ৯ শিশু সন্তান নিহত

  • 7:27 pm - May 25, 2025
  • পঠিত হয়েছে:১৭৩ বার
নিজের আহত স্বামীকে দেখতে নাসের হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডক্টর আলা। ছবি: আল-জাজিরা

মেলবোর্ন, ২৫ মে- গাজা উপত্যকার খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে শিশু বিশেষজ্ঞ ডা. আলা আল-নাজ্জারের ৯ শিশু সন্তান। স্থানীয় নাসের হাসপাতাল জানায়, হামলায় তার স্বামী এবং আরেক সন্তান আহত অবস্থায় বেঁচে গেছেন।

হাসপাতালটির ব্রিটিশ সার্জন গ্রেইম গ্রুম বলেন, “এটা অকল্পনীয় নিষ্ঠুরতা। যিনি জীবনভর শিশুদের চিকিৎসা করেছেন, সেই মা এক হামলায় নিজের প্রায় সব সন্তান হারালেন।”

গ্রুম জানান, বেঁচে যাওয়া ১১ বছর বয়সী ছেলেটিকে অপারেশন করেন তিনি। যার একটি হাত ঝুলছিল এবং শরীরজুড়ে ছিল স্প্লিন্টারের আঘাত।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে, খান ইউনিস এলাকায় ‘একটি ভবন থেকে সক্রিয়’ সন্দেহভাজনদের লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। তবে ‘নিরীহ বেসামরিক লোকজন হতাহত হয়েছে কিনা, তা পর্যালোচনা করা হচ্ছে।’

হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আলবুর্শ বলেন, “হামলার সময় ডা. আলা আল নাজ্জর কর্মস্থলে ছিলেন, এবং তার স্বামী কিছুক্ষণ আগেই তাকে হাসপাতালে পৌঁছে দিয়ে বাসায় ফিরেছিলেন।”

নাসের হাসপাতালের পক্ষ থেকে শুরুতে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ৮ শিশু নিহত হয়েছে। পরে তা সংশোধন করে ৯ জন বলা হয়। নিহতদের মধ্যে বড়জনের বয়স ছিল ১২ বছর।

 

এক সাক্ষাৎকারে পরিবারের আত্মীয় ইউসুফ আল-নাজ্জার বলেন, “আর কতো? আমাদের ওপর দয়া করুন! আমরা ক্লান্ত, আমরা ক্ষুধার্ত। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমরা করুণ আবেদন জানাচ্ছি – দয়া করে আমাদের প্রতি সদয় হোন।”

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার বলেন, “গাজার মানুষ সম্ভবত এই যুদ্ধের সবচেয়ে নিষ্ঠুর পর্যায় পার করছে।” তিনি মার্চ মাস থেকে আরোপিত ইসরায়েলি অবরোধের নিন্দা জানান।

সম্প্রতি ইসরায়েল কিছুটা অবরোধ শিথিল করলেও জাতিসংঘ বলছে, প্রতিদিন গাজায় ৫০০ থেকে ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশ করা দরকার। অথচ শুক্রবার মাত্র ৮৩টি ট্রাক প্রবেশ করেছে, যার মধ্যে ছিল আটা, খাবার, ওষুধ ও চিকিৎসা সামগ্রী।

সংকট এতটাই গভীর যে খাদ্য নিতে গিয়ে হামলার শিকার হয়েছে অনেকেই। এরপরেও ত্রাণবাহী কনভয়গুলোর সামনে ভিড় করছে হাজার হাজার মানুষ।

জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে গাজা উপত্যকায় দুর্ভিক্ষের আশঙ্কা জানানো হয়েছে।

ইসরায়েল বলছে, অবরোধের উদ্দেশ্য হলো গাজায় বন্দি থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি আদায়ে হামাসের ওপর চাপ সৃষ্টি করা। তাদের অভিযোগ, হামাস ত্রাণ সামগ্রী চুরি করছে – যদিও হামাস তা অস্বীকার করেছে।

গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক অভিযানে গাজায় এখন পর্যন্ত ৫৩ হাজার ৯০১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। যাদের মধ্যে রয়েছে অন্তত ১৬ হাজার ৫০০ শিশু।

তবে গাজার গণমাধ্যম অফিস বলছে, প্রকৃত নিহতের সংখ্যা ৬৩ হাজার ছাড়িয়েছে। কারণ ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিখোঁজ ১০ হাজারের বেশি ফিলিস্তিনির বেঁচে থাকার সম্ভাবনা একদমই নেই।

এই শাখার আরও খবর

পবিত্র মদিনা নগরী লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় পবিত্র মদিনা অঞ্চল লক্ষ্য করে ইয়েমেন থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ উঠেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে। তবে ক্ষেপণাস্ত্রটি সৌদি নেতৃত্বাধীন সামরিক…

নিখোঁজের দুই দিন পর বাগান থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর মোসাম্মৎ ইসরাত জাহান যুথি (১৫) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার ঘটকের আন্দুয়া…

ইরানকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র লঞ্চার দিতে রাজি রাশিয়া

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে সামরিক চাপের মধ্যে থাকলেও ইরানকে ৯০টি হেলিকপ্টারে ব্যবহারযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক সরবরাহ করতে সম্মত হয়েছে রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের হাতে আসা রুশ…

নির্বাচনে ভরাডুবির পর ইরান যুদ্ধ থেকে সরে আসছেন ট্রাম্পের মিত্ররা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর ইরান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রদের অবস্থানে পরিবর্তন দেখা যাচ্ছে। যুদ্ধের কারণে নির্বাচনে দলটির…

বিশ্ববাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্নে তেলের দাম

ইরান যুদ্ধের অবসান ঘটতে পারে, এমন প্রত্যাশা এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর সৃষ্ট নতুন রাজনৈতিক পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের…

শেখ হাসিনার প্রত্যাবর্তনের আগেই রাজনৈতিক প্রতিহিংসার চক্র ভাঙতে ব্রিটেনের প্রতি আহ্বান

ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণাকে সামনে রেখে দেশটিতে সম্ভাব্য রাজনৈতিক সংঘাত ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য বব ব্ল্যাকম্যান। তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au