বাংলাদেশ

কাল থেকে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত বন্ধ, ৯ মাসের অনিশ্চয়তায় দ্বীপবাসী

  • 4:17 am - February 01, 2026
  • পঠিত হয়েছে:১৮০ বার

মেলবোর্ন, ১ ফেব্রুয়ারি- কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে রোববার (১ ফেব্রুয়ারি) থেকে পর্যটক যাতায়াত পুরোপুরি বন্ধ হচ্ছে। একই সঙ্গে বন্ধ থাকবে পর্যটকবাহী জাহাজ চলাচলও। সরকারের পরিবেশ সংরক্ষণ সিদ্ধান্তের অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় টানা নয় মাস জীবন ও জীবিকার অনিশ্চয়তায় পড়েছেন দ্বীপের কয়েক হাজার বাসিন্দা।

শনিবার (৩১ জানুয়ারি) ছিল চলতি মৌসুমে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতের শেষ দিন। এদিন শেষবারের মতো পর্যটকবাহী জাহাজ দ্বীপে যাতায়াত করে। এরপর নতুন নির্দেশনা না আসা পর্যন্ত পর্যটকদের বহনকারী কোনো জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না।

স্থানীয় প্রশাসন জানায়, সাধারণত প্রতি বছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণের অনুমতি থাকে। তবে এবার সময়সীমা কমিয়ে নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়। নভেম্বর মাসে পর্যটকদের রাতযাপনও নিষিদ্ধ ছিল। ফলে পর্যটনের ভরা মৌসুমেও প্রত্যাশিত আয় করতে পারেননি দ্বীপের ব্যবসায়ী ও শ্রমজীবীরা।

স্থানীয়দের হিসাবে, চলতি মৌসুমে প্রতিদিন গড়ে দুই হাজার পর্যটক করে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ সেন্টমার্টিন ভ্রমণ করেছেন। কিন্তু বিধিনিষেধ, সময় কমে যাওয়া এবং নানা বাস্তবতায় পর্যটননির্ভর ব্যবসায়ীরা লাভের মুখ দেখেননি। অনেকেই লোকসানে পড়েছেন বলে জানিয়েছেন।

সেন্টমার্টিন হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ আবদুর রহমান বলেন, সময়মতো টাকা পরিশোধ করতে না পারায় অধিকাংশ ব্যবসায়ী আর্থিক সংকটে পড়েছেন। পর্যটক যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় দ্বীপের মানুষের দুর্ভোগ শুরু হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

কটেজ ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম বলেন, সরকারের বিধিনিষেধের সবচেয়ে বেশি চাপ পড়েছে স্থানীয়দের ওপর। নয় মাস পর্যটক বন্ধ থাকলে দ্বীপবাসীর দুর্দিন আরও বাড়বে।

শ্রমজীবীরাও পড়েছেন চরম দুশ্চিন্তায়। রিকশাচালক নুর আজিম বলেন, রিকশা কেনার জন্য ঋণ নিয়েছিলেন, কিন্তু দুই মাসেও সেই টাকা তুলতে পারেননি। এখন পর্যটক না থাকলে ঋণ শোধ করা কীভাবে সম্ভব হবে, তা নিয়ে তিনি চিন্তিত।

এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন জানান, শনিবার শেষদিন হিসেবে জাহাজ চলাচল করেছে। রোববার থেকে আর কোনো পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না। সরকার পরবর্তীতে সময় বাড়ানোর সিদ্ধান্ত নিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, দ্বীপের প্রায় সবাই কোনো না কোনোভাবে পর্যটন খাতের সঙ্গে জড়িত। হঠাৎ করে দীর্ঘ সময়ের জন্য ভ্রমণ বন্ধ হয়ে যাওয়ায় সবার মধ্যে হতাশা কাজ করছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, সেন্টমার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় রাতের বেলায় সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি, বারবিকিউ পার্টি, কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ, সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক-ঝিনুক ও অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি করা নিষিদ্ধ। একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে এবং দ্বীপে মোটরচালিত যান চলাচলও বন্ধ রয়েছে।

বঙ্গোপসাগরের বুকে আট বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপ একসময় দৈনিক পাঁচ-ছয় হাজার পর্যটকের পদচারণায় মুখর থাকলেও নিরাপত্তা পরিস্থিতি ও বিধিনিষেধের কারণে সাম্প্রতিক বছরগুলোতে ভ্রমণের সুযোগ অনেকটাই সীমিত হয়ে এসেছে। এর প্রভাব সরাসরি পড়ছে দ্বীপবাসীর জীবন ও জীবিকায়।

এই শাখার আরও খবর

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au