বাংলাদেশ

বিদ্যালয়ে না গিয়েই ২৩ বছর ধরে বেতন নিচ্ছেন বিএনপি নেতা প্রধান শিক্ষক

  • 1:22 am - June 13, 2026
  • পঠিত হয়েছে:১৩৬ বার

মেলবোর্ন, ১৩ জুন- টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জান সেলুর বিরুদ্ধে দীর্ঘ ২৩ বছর ধরে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না হয়েও বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সরকার পরিবর্তনের পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি নিজ বাসা থেকেই বিদ্যালয়ের অধিকাংশ প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন। এ ঘটনায় শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৫ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত হয় তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন সেলিমুজ্জান সেলু। ২০০৩ সালের জানুয়ারিতে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়। তবে বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই তিনি নিয়মিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে যান না বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও স্থানীয় রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তিনি চাকরিতে বহাল ছিলেন এবং নিয়মিত বেতন-ভাতা গ্রহণ করেছেন। তার বড় ভাই শাহ আলম তালুকদার দীর্ঘদিন ধরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করায় প্রশাসনিক প্রভাব আরও শক্তিশালী ছিল বলেও অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সেলিমুজ্জান সেলু ২০০৩ সালে উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক ছিলেন। পরে ২০০৯ সালে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হন। ২০১৪ সালের পর থেকে তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

স্থানীয়দের অভিযোগ, ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর রাজনৈতিক প্রভাব খাটিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির একটি অ্যাডহক কমিটি গঠন করেন তিনি। ওই কমিটিতে ছয় মাসের জন্য সভাপতি নির্বাচিত হলেও নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা হয়নি। পরবর্তীতে কমিটির মেয়াদ বাড়ানো হয় এবং নির্বাচন ছাড়াই তিনি এক বছর আট মাসেরও বেশি সময় ধরে সভাপতির দায়িত্ব পালন করছেন।

বর্তমানে সেলিমুজ্জান সেলু একসঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত আচরণবিধির খসড়া অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সরাসরি কোনো রাজনৈতিক দলের পদ গ্রহণ বা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। কোনো প্রধান শিক্ষক সরাসরি রাজনৈতিক পদে থেকে দায়িত্ব পালন করলে তা সরকারি কর্মচারীদের শৃঙ্খলাবিধির আলোকে অসদাচরণ হিসেবে বিবেচিত হতে পারে। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে চাকরি থেকে অপসারণ বা বরখাস্তের মতো শাস্তির বিধান রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, বিশেষ অনুষ্ঠান ছাড়া সেলিমুজ্জান সেলুকে বিদ্যালয়ে খুব কমই দেখা যায়। বিদ্যালয়ের অধিকাংশ দাপ্তরিক কাজ তিনি নিজ বাসা থেকেই পরিচালনা করেন।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বলেন, সেলিমুজ্জান সেলু অতীত সরকার এবং বর্তমান সরকার উভয় সময়েই প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রতি ছুটি শেষে খুলেছে। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে একাডেমিক সুপারভাইজারকে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান যদি রাজনৈতিক দলের নেতাও হন, তবুও তাকে প্রতিষ্ঠানের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার দায় দল নেবে না।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অ্যাডহক কমিটি প্রসঙ্গে জেলা শাখার একাংশের সভাপতি আব্দুল কাদের বলেন, ভূঞাপুরের ওই কমিটি গঠনের বিষয়ে তাদের কাছ থেকে কোনো অনুমোদন নেওয়া হয়নি।

অন্যদিকে শিক্ষক সমিতির আরেক অংশের জেলা সভাপতি শামিম আল মামুন জুয়েল বলেন, প্রথমে ছয় মাসের জন্য অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল। পরে মেয়াদ বাড়ানো হলেও কেন এখনো নির্বাচন হয়নি, সেটি প্রশ্নসাপেক্ষ।

অভিযোগের বিষয়ে সেলিমুজ্জান সেলু বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। শিক্ষক সমিতির কমিটি সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে তিনি সরাসরি সাক্ষাৎ করে কথা বলার পরামর্শ দেন।

এদিকে টাঙ্গাইলের জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, অভিযোগের বিষয়টি তার নজরে এসেছে। তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au